নারায়ণগঞ্জে চার খুনের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জের চিত্রটি ভিন্ন। বিশেষ ধরনের গুপ্তহত্যার কারণে নারায়ণগঞ্জের মানুষ বিভীষিকার মধ্যে আছে। চার খুনে ছয় অভিন্ন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। প্রথমত, চারজনই নাটকীয়ভাবে অপহূত হয়েছেন। দ্বিতীয়ত, অপহরণের এক থেকে তিন দিনের মধ্যে শীতলক্ষ্যার প্রায় কাছাকাছি স্থানে তাঁদের লাশ মিলেছে। তৃতীয়ত, প্রত্যেকের অণ্ডকোষ থেঁতলানো। মনে করা হচ্ছে, খুনি চক্র একই। চতুর্থত, হত্যাকাণ্ডের নির্দিষ্ট ধারণাসূত্র না থাকা। পঞ্চমত, প্রতিটি খুনের জন্য স্থানীয় জনগণের সন্দেহে একটি ‘বিশেষ পরিবারের’ নাম চলে আসা এবং ষষ্ঠত, আওয়ামী লীগের দায়িত্বশীল মহলেরই আওয়ামী লীগসংশ্লিষ্ট ওই ‘বিশেষ পরিবারের’ দিকে ইঙ্গিত করা। ইঙ্গিতদাতাদের মধ্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাংসদ সারাহ্ বেগম কবরী রয়েছেন। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী আশিক হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ক্যাডার পরিচয়ের দুই আসামির সঙ্গে ওই ‘বিশেষ পরিবারের’ সম্পর্ক ছিল। এই দুই আসামি রহস্যজনকভাবে গুম হওয়ার পরপরই কেবল পুলিশ আশিক হত্যায় তাঁদের অভিযুক্ত করে। অথচ আশিকের সঙ্গে খুনিদের কোনো বিরোধের কথা জানা যায় না। নাট্যকর্মী দিদারুল, ব্যবসায়ী ভুলু সাহা ও মেধাবী কিশোর ত্বকী অজাতশত্রু। কারও খুনের তদন্তে অগ্রগতি নেই। গত রোববার কবরী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একটি পরিবার নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রাখে।’ শাসকদলীয় একজন সাংসদ কী পরিস্থিতিতে এ রকম সাহসী উক্তি করতে পারেন, তা সরকারের উচ্চপর্যায়কে বিবেচনায় নিতে হবে। এই দলেরই সমর্থক মেয়র আইভী স্মরণ করেছেন, নাসিক নির্বাচনে তাঁর পক্ষে প্রচারণায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন ত্বকীর বাবা। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ পর্যায়ে একই রকম অনুদ্ঘাটিত খুনের ঘটনা ঘটে এই নগরে। নাসিম ওসমানের বাড়ির তত্ত্বাবধায়ক এবং ওই পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট থাকা আরেক যুবকের হত্যাকাণ্ডের রহস্যও এখনো উন্মোচিত হয়নি। ‘শহর আওয়ামী লীগ’-এর ব্যানারে শামীম ওসমান এক পথসভায় যা বলেছেন, তা বিবেচনায় নিয়েও আমরা মনে করি, অণ্ডকোষ থেঁতলানো এই চারটি খুনের রহস্য উদ্ঘাটনে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন অপরিহার্য। শামীম ওসমান বলেছেন, ‘ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাদের পরিচয় তাঁদের জানা আছে।’ এর আগে তিনি বলেছেন, ‘ব্লগার রাজীব, আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ ও ত্বকী হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।’ লক্ষণীয়, পুলিশ নারায়ণগঞ্জ জামায়াতের আমিরসহ গ্রেপ্তার করা ব্যক্তিদের ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে রাজি হয়নি।আমরা মনে করি, নারায়ণগঞ্জের রহস্যজনক এসব খুনের ঘটনা, সেই বিষয়ে পুলিশের অসহায়ত্ব এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দৃশ্যত পাল্টাপাল্টি অবস্থান একটি বিশেষ পরিস্থিতির জন্ম দিয়েছে। পুলিশ কি আসলেই ব্যর্থ, নাকি অসহায়? ব্লগার রাজীবের মতো অনেক খুনের কিনারা তো তারাই করছে। তাহলে নারায়ণগঞ্জে কী ঘটছে? পূর্বাপর হত্যারহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কী ব্যাখ্যা থাকতে পারে?