নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তালিকাভুক্ত আসামি যুবলীগের নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙারু পারভেজকে সসম্মানে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, যদিও ইতিমধ্যে সংগঠন থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আইন প্রয়োগকারীরা এভাবে অপরাধীকে আশকারা দিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কীভাবে?নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতা প্রদীপ ঘোষের চেম্বার ভাঙচুর এবং জোটের কর্মী শুভ দেবকে মারধর করার প্রতিবাদে সংগঠনটি রোববার চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে। ক্যাঙারু পারভেজ দলবল নিয়ে সেখানে পিস্তল উঁচিয়ে আয়োজকদের প্রকাশ্য হুমকি দেন। এ সময় পুলিশের ৩০ জনের মতো সদস্য সেখানে উপস্থিত থাকলেও কেউ তাঁকে নিবৃত্ত করেননি। কিন্তু বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা যখন ক্যাঙারু পারভেজকে ধাওয়া করেন, তখন পুলিশ তাঁদের লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে এবং পারভেজকে থানায় নিয়ে যায়। যেখানে ত্বকী হত্যা মামলার আসামি ক্যাঙারু পারভেজকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার কথা, সেখানে তাঁকে থানায় নিয়ে গিয়ে সসম্মানে ছেড়ে দেওয়ার কী কারণ থাকতে পারে? পুলিশের সামনে তিনি ‘দেখ, ক্যাঙারু পারভেজ আইছে, পারলে কিছু কর’ বলে কীভাবে হুমকি দিতে পারেন? এই ঔদ্ধত্য দেখানোর সাহস তিনি কোথায় পেলেন? তাহলে নারায়ণগঞ্জের পুলিশ কি ‘দুষ্টের পালন’ করতেই সচেষ্ট? পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ার কথা বলা হয়েছে। কিন্তু যে ব্যক্তির কারণে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হলো, তাঁর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থাই নিল না! যেখানে ক্যাঙারু পারভেজ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে সবাইকে শাসিয়েছেন, সেখানে ‘অস্ত্র ছিল কি না তদন্ত করে দেখতে হবে’ বলে পুলিশ সুপারের বক্তব্যও অপরাধীর পক্ষে সাফাই গাওয়া ছাড়া কিছু নয়। ত্বকী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে সর্বস্তরের মানুষের মধ্যে যে ক্ষোভ ও প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছে, সশস্ত্র মহড়া চালিয়ে তাকে স্তব্ধ করা যাবে না। আইনের রক্ষক পুলিশ কেন আসামি বা অপরাধীদের পক্ষ নিয়ে বিচারের দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে?