নারী কাউন্সিলরদের প্রতি বৈষম্য
মহানগর ঢাকার দুই সিটি করপোরেশনের মোট ৩১ জন নারী কাউন্সিলরের মধ্যে ১০ জন অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে বৈষম্যপূর্ণ আচরণ করা হচ্ছে। তাঁরা এমনই কোণঠাসা অবস্থায় আছেন যে প্রথমআলোর এক প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন নিজেদের নাম প্রকাশ না করার শর্তে। তাঁদের আশঙ্কা, নাম-পরিচয় প্রকাশ পেলে তাঁরা আরও কোণঠাসা হয়ে পড়বেন। এটা অন্যায়, স্থানীয় সরকারব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর পথে এক বড় প্রতিবন্ধকতা, সর্বোপরি নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতাও দায়িত্ব-বিষয়ক বিধানের লঙ্ঘন।
সিটি করপোরেশনগুলোর নারী কাউন্সিলররা নারী জনপ্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসনগুলোর বাসিন্দা ভোটারদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন। তাঁরা মনোনীত নন, নির্বাচিত জনপ্রতিনিধি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এ সাধারণ ও সংরক্ষিত পদের মধ্যে কোনো পার্থক্য নেই। উপরন্তু ২০০৪ সালে হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না।
কিন্তু কার্যত তাঁদের ‘দ্বিতীয় শ্রেণির’ কাউন্সিলর বানানো হয়েছে। এর পেছনে রয়েছে প্রথমত, ২০১২ সালের এক বিধিমালা, যেখানে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দায়িত্ব বণ্টনে কিছু বৈষম্য করা হয়েছে। ওয়ারিশান সনদ, জাতীয়তা সনদ ও চারিত্রিক সনদ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে শুধু সাধারণ কাউন্সিলরদের। আর প্রাথমিক শিক্ষাপ্রসার, জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক বিষয়ে নাগরিকদের সচেতনতা বাড়ানো, উদ্বুদ্ধ করা ইত্যাদি দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত নারী কাউন্সিলরদের। এটা স্পষ্টতই বৈষম্যমূলক, এতে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ঘটেছে।
বৃহস্পতিবার প্রথমআলোয় প্রকাশিত এক প্রতিবেদনে এ ব্যাপারে নারী কাউন্সিলরদের আক্ষেপ-অভিযোগগুলো লক্ষণীয়। এক নারী কাউন্সিলর বলেছেন: ‘মশার ওষুধ যাবে পুরুষ কাউন্সিলরের কাছে। ঝাড়ুদার কোন কোন জায়গায় ঝাড়ু দেবেন, তাও ঠিক করে দেন...।’ আরেকজন বলেছেন, ‘কাজ নেই, কোনো বরাদ্দ পাইনি। তাই ড্রেনের সমস্যা, বাতি জ্বলে না...।’
পুরুষ ও নারী কাউন্সিলরদের মধ্যে বৈষম্য রাখার কোনো সুযোগ নেই। অবিলম্বে ২০১২ সালের বিধিমালা পরিবর্তন করে নারী কাউন্সিলরদের তাঁদের পুরুষ সহকর্মীদের সমান ক্ষমতা ও দায়িত্ব প্রদানের উদ্যোগ নেওয়া হোক। পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।