বিনা বিচারে ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দী দরিদ্র নারীদের পাশে দাঁড়াতে প্রধান বিচারপতি এস কে সিনহা আইনজীবীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, তার প্রতি দেশের বারগুলোর বিশেষভাবে সাড়া দেওয়া উচিত। আমরা এ বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে স্বাগত জানাই। বছরে জ্যেষ্ঠ আইনজীবীরা সত্যিই একটি বা দুটি মামলা পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।
কাগজে-কলমে প্রচলিত আইনে আইনি সহায়তার যে সুব্যবস্থা রয়েছে, দরিদ্র নারীরা তার সুফল পায় না। এ জন্য জেলা জজ ও স্থানীয় বারের সমন্বয়ে বিদ্যমান লিগ্যাল এইড কমিটিগুলোর কার্যক্রম গতিশীল করা দরকার। কোথাও কোথাও এর সুফল পাওয়া গেলেও অনেক জেলায় এ খাতের টাকা অব্যবহৃত থেকে যায়। এ ব্যবস্থার সঙ্গে জেলা জজের সম্পৃক্ততা থাকায় সুপ্রিম কোর্ট এ বিষয়ে জেলা জজদের প্রয়োজনীয় নির্দেশনা এবং এ-সংক্রান্ত কাজেরও মূল্যায়ন করতে পারেন। আইন মন্ত্রণালয়কেও যথেষ্ট সক্রিয় হতে হবে। কারণ, সরকারি কৌঁসুলিরা আন্তরিক হলে নারীর বিরুদ্ধে হয়রানিমূলক বা প্রকৃত মামলার দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া সহজ হতে পারে।
বিনা বিচারে নারী কারাবন্দীর ভোগান্তি বহুমাত্রিক। পাশ্চাত্যে সে কারণে নারী কারাবন্দীর বিষয়টি অধিকতর মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়ে থাকে। অথচ গত ৪২ বছরেও বাংলাদেশে নারীর জন্য একটি পূর্ণাঙ্গ কারাগার নির্মাণ করা যায়নি। নারী বন্দীর সঙ্গে থাকা বাচ্চাদের স্বাভাবিক শিক্ষার ভার রাষ্ট্রকে নিতে হবে। বর্তমানে যে ব্যবস্থা বিরাজমান আছে, তা নামকাওয়াস্তে। কারাগারের বাইরের স্কুলে তাদের পড়ার সুযোগ দেওয়ার আবেদনসংবলিত একটি রিট বিচারাধীন, এর দ্রুত শুনানি আশা করি। থানায় আসামি ও নিরাপত্তা হেফাজতে আনা মেয়েদের পৃথক রাখার ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠেনি।
প্রধান বিচারপতি সিলেট কারাগারে গিয়ে ‘অন্যায়ভাবে মামলায় জড়ানো’ নারীদের প্রত্যক্ষ করেছেন। কিন্তু রূঢ় বাস্তবতা হলো কারাগারে মানবাধিকারকর্মীদের প্রবেশাধিকার সহজ নয়। এটা সুগম করতে কারা কর্তৃপক্ষের মনোভাবে পরিবর্তন দরকার।