নারী কয়েদিদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার যে উদ্যোগ সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়েছে, সেটি ‘অভিনব’ মনে হলেও গুরুত্বের দাবি রাখে। বাংলাদেশে প্রস্তাবটি নতুন, কিন্তু পশ্চিমের অনেক উন্নত দেশে এই সুবিধা দেওয়ার রেওয়াজ আছে। প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কাতেও নারী কয়েদিরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
পত্রিকান্তরে প্রকাশিত খবর অনুযায়ী, ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা বিধিমালা, ২০১৮’ নামে একটি খসড়া বিধিমালা তৈরি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, যার ১১ ধারায় বলা হয়েছে, বিশেষ সুবিধার আওতায় নারী কয়েদিরা অর্ধেক শাস্তি ভোগ করার পর বাকি সময় শর্ত সাপেক্ষে বাড়ি থাকতে পারবেন। তবে বিশেষ সুবিধার আওতায় আসা নারীকে প্রথম দুই মাসে ন্যূনতম ১৫ দিনে একবার এবং পরে শর্তে উল্লিখিত সময়ে পর্যবেক্ষণ করবেন প্রবেশন অফিসার। তিনি মুক্তি পাওয়া কয়েদিকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেবেন এবং নথিতে তা লিখে রাখবেন। কয়েদি বাসস্থান পরিবর্তন করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাবেন। কেউ শর্ত ভঙ্গ করলে তাঁর বিশেষ সুবিধাও বাতিল হবে।
২০০৬ সালে পাস হওয়া ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬’-এর আওতায় তৈরি এ বিধিমালা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। পরবর্তী ধাপ হবে আন্তমন্ত্রণালয় বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত করা এবং তা আইনে পরিণত হতে হলে মন্ত্রিসভা ও জাতীয় সংসদের অনুমোদন প্রয়োজন হবে। আইনি প্রক্রিয়ার দীর্ঘ যাত্রার কথা মনে রেখেও আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানাই। এই সুবিধা দেওয়ার অন্যতম কারণ কারাগারগুলো এখনো নারী কয়েদিদের জন্য সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব হয়নি। এক পরিসংখ্যানমতে, দেশের মোট কয়েদির ১ দশমিক ৮ শতাংশ নারী। অনেক সময় নারী কয়েদিদের সঙ্গে তাঁদের শিশুসন্তানেরা কারাগারে থাকতে বাধ্য হয়। কিন্তু নারী কয়েদিদের দেখাশোনার জন্য কারাগারে যে সংখ্যক নারী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষী থাকার কথা, বাস্তবে তা নেই। ফলে অনেক নারী কয়েদি পুলিশ, জেল কর্মকর্তা ও রক্ষীদের হাতে নিগৃহীত হন।
দ্বিতীয় কারণ হলো, শাস্তি ভোগ করার পর পুরুষ কয়েদিদের পক্ষে বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যতটা সহজ, নারী কয়েদিদের ক্ষেত্রে সেটি অনেক সময়ই সম্ভব হয় না। এমনকি আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁদের গ্রহণ করতে চায় না। একই সঙ্গে নারী কয়েদিদের জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। অনেক সময় মন্ত্রণালয়গুলো জনস্বার্থে অনেক ভালো প্রস্তাব নিলেও সেগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। আমলাতান্ত্রিক জটিলতা ও স্বার্থান্বেষী মহলের অসহযোগিতায় মাঝপথে আটকে যায়। নারী কয়েদিদের বিশেষ সুবিধার খসড়া প্রস্তাবটির ভাগ্যেও যেন সে রকম কিছু না ঘটে।