নারী জনপ্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রতিনিধি ছাড়া গণতান্ত্রিক রাজনীতি হয় না, অংশগ্রহণ ছাড়া থাকে না ভারসাম্য। কিন্তু নারী নেতৃত্বের বেলায় কি তেমনটা ঘটে? এ পরিপ্রেক্ষিতে নেতৃত্ব পর্যায়ে নারীর অংশীদারির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে। এক জরিপ মতে, বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ নেতৃত্ব পর্যায়ে নারীদের দেখতে চান। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশেও বলা হয়েছে, নেতৃত্বে কমপক্ষে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত করতে হবে। জনমত পক্ষে, আইন চাইছে, তবু রাজনৈতিক দল থেকে শুরু করে জাতীয় সংসদে নারীর অবস্থান এখনো সংহত বলা যাবে না।
নারী নেতৃত্ব শুধু দলীয় প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে একজন নারীর ক্ষমতায়ন বোঝায় না। এর অর্থ সকল পর্যায়ে নারীর অংশীদারি অধিকার কায়েম হওয়া। দুর্ভাগ্য যে রাজনৈতিক দলগুলোর আচরণ আর তাদের লিখিত অঙ্গীকার এক তালে চলে না। এই বৈষম্য টিকিয়ে রাখায় শীর্ষ নেতৃত্বের যেমন ভূমিকা আছে, তেমনি পুরুষ রাজনৈতিক সহকর্মীদের আপত্তি-অসহযোগিতা-বাধাও কম নয়। ইউনিয়ন পরিষদ সদস্য থেকে শুরু করে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ সাংসদ হিসেবে নারীরা তাঁদের উদ্যোগ, চিন্তা ও ক্ষমতা প্রয়োগে বাধার মুখে পড়েন। অনেক ক্ষেত্রে সরাসরি ভোটে নারীরা জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতায়িত হলেও পুরুষ প্রতিনিধিরা তাঁদের অকার্যকর করে রাখেন। তৃণমূল নারী প্রতিনিধিদের অনেকের নির্যাতিত বা উপহাসিত হওয়ার নজিরও রয়েছে।
অন্যদিকে দলগুলো যাঁদের দিয়ে জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কোটা পূরণ করে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তাঁরা রাজনৈতিক নেতার স্ত্রী! এভাবে পুরুষের মনোনীত নারীরা কার্যত সত্যিকার নারী প্রতিনিধিদের উঠে আসার পথ আগলে রাখেন। এ প্রবণতা তৃণমূল গণতন্ত্র বিকাশে ক্ষতিকর।
নারীর নিজস্ব নেতৃত্বগুণ, কর্মোদ্যোগ ও বিচার-বিবেচনা রয়েছে। নারীর সহনশীলতা ও দায়িত্বশীলতার মনোভাব আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে আরও উদার ও গণতান্ত্রিক করে তুলতে পারে। পুরুষ জনপ্রতিনিধিরও বুঝতে হবে, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রে নারীর সঙ্গে সহযোগিতাই গণতন্ত্র, সুশাসন ও শান্তির প্রধান শর্ত।