যে দেশে একদা নারীর জন্য ঘর থেকে আঙিনা বৈদেশ ছিল, সেই দেশের নারীরা এখন সমুদ্র জয়ে নামছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজে এ বছর ১৩ জন নারী মেরিন ক্যাডেট প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের নাবিকবৃত্তির ইতিহাসে এই ১৩ নারী এবং ২০১৪ সাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশি নারীদের জন্য তো বটেই, দেশের জন্যও এটা প্রেরণাদায়ী সংবাদ। দেশের প্রথম নারী নাবিকদের জানাই আন্তরিক অভিবাদন।
বিশ্বে মোট নাবিকের সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার। এর মধ্যে নারীদের সংখ্যা মাত্র আড়াই হাজার। বাংলাদেশের এই ১৩ জন নারী নাবিক ওই আড়াই হাজার নারী নাবিকের অন্তর্গত হয়ে গেলেন। অনেক দেশের নারীরা যেখানে সমুদ্রগামী জাহাজের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করছেন, সেখানে বাংলাদেশের নারীরা কেন পিছিয়ে থাকবেন? ১৯৯৯ সালে সমুদ্রগামী জাহাজে কাজ শুরু করা ভারতীয় নারী নাবিকের সংখ্যা এখন ৬০। ১৩ দিয়ে শুরু হওয়া বাংলাদেশি নারী নাবিকের সংখ্যাও দ্রুতই বাড়বে; এ আশায় যেন কোনো ছেদ না পড়ে। বাংলাদেশের নারীরা যখন বিমান চালাচ্ছেন, এভারেস্ট জয় করছেন, তখন জাহাজে কাজ করতে পারবেন না কেন?
বাংলাদেশ মেরিন একাডেমিতে গত বছরের ডিসেম্বরে ১৩ জন নারী ক্যাডেটের পাঠদান শেষ করেন। কিন্তু কোনো বেসরকারি বাণিজ্যিক জাহাজ তাঁদের নিয়োগে আগ্রহ দেখায়নি। এই অবস্থায় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন এগিয়ে আসে। প্রশিক্ষণ শেষে অচিরেই এই ক্যাডেটরা মহাসমুদ্রে জাহাজ নিয়ে ভাসবেন। বেসরকারি জাহাজ কোম্পানিগুলোর উচিত বিশ্বের বাস্তবতা এবং বাংলাদেশি নারীদের উৎসাহ ও যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া। বিশ্বের দিকে তাকিয়ে তাঁদের আরও উদার হওয়ার দরকার আছে।
শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে নারীর বাধা যেমন কেটে গেছে, তেমনি চ্যালেঞ্জপূর্ণ এ পেশায় তার যাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ হবে আশা করি।