নারী প্রশ্নে হেফাজতের দাবি গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিল ২০১৩ হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন মতিঝিল চত্বরে দিনব্যাপী তাদের জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে যে ১৩ দফা দাবি তুলে ধরে, তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে এই ১৩ দফা দাবির মধ্যে কিছু দাবি শুধু প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রহণযোগ্যই নয়, বরং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সব নাগরিকের অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার ক্ষেত্রেও হুমকিস্বরূপ। হেফাজতে ইসলাম নিজেদের ইসলাম ধর্মের রক্ষক হিসেবে ঘোষণা করে যেসব দাবিদাওয়া তুলে ধরেছে, তা প্রকারান্তরে বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রয়াস বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে তাদের ১৩ দফায় নারীর প্রতি বিদ্বেষ এতটাই নগ্নভাবে পরস্ফুিট যে একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে তা মেনে নেওয়া অসম্ভবই শুধু নয়, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের অবস্থানও সবার কাছে পরিষ্কার থাকা দরকার বলে আমরা মনে করছি। আমরা জানি, স্বাধীনতা-পরবর্তী ৪২ বছরে বাংলাদেশের উন্নয়ন ও প্রগতির ক্ষেত্রে নারী-পুরুষের সহাবস্থান এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ উল্লিখিত সংগঠনটির বক্তব্যে মনে হয়, নারীর অধিকার প্রতিষ্ঠা কোনো অনৈতিক এবং অগ্রহণযোগ্য কাজ। ১৩ দফা দাবির চতুর্থ দফায় ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয়(?) সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা’র দাবি জানানো হয়েছে। অথচ সংবিধানের তৃতীয় ভাগে ২৮(২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’। এবং তৃতীয় ভাগে, ৩৬তম অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যেকোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে’। অর্থাৎ, নারী ও পুরুষকে রাষ্ট্রে এবং তাদের জীবনের সর্বস্তরে সমান অধিকার দেওয়া হয়েছে। এবং প্রতিটি নাগরিককে কিছু ‘যুক্তিসংগত’ বাধানিষেধ বাদে বাংলাদেশের সর্বত্র স্বাধীনভাবে বিচরণ করার অধিকার দেওয়া হয়েছে। এমতাবস্থায়, নারীদের কিংবা নারী-পুরুষের অবাধ বিচরণ রহিত করার দাবি সংবিধান পরিপন্থী। যৌক্তিক কারণ ব্যাখ্যা করা ছাডাই এমন দাবি তোলা হয়েছে। পঞ্চম দফায় বলা হয়েছে ‘ইসলামবিরোধী নারীনীতি’ বাতিল করার কথা। অথচ আমাদের সংবিধানের তৃতীয় ভাগে ২৮(৪) অনুচ্ছেদে আছে, ‘নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না’। সে অনুযায়ী, নারীদের অগ্রগতির জন্য বিশেষভাবে নারীনীতি আইন প্রণয়ন সংবিধান অনুসারেই হয়েছে। এবং এই নারীনীতিকে যদি ‘ইসলামবিরোধী’ বলা হয়, সে ক্ষেত্রে সংবিধানের ৭(২) অনুচ্ছেদ আবারও দ্রষ্টব্য, যেখানে বলা হয়েছে, সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইনগুলোকেই বরং বাতিল বলে গণ্য করা হবে।বিগত বছরগুলোতে সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং সামাজিক মানদণ্ডের বিচারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এই উদার সমাজব্যবস্থার যে অসামান্য অবদান, তার জন্য আমরা গর্ববোধ করি। আমরা আরও গর্বিত যে আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রায় নারীরা সব সময় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।এম এম আকাশ, রফিক উল্লাহ খান, কাজল বন্দ্যোপাধ্যায়, সোনিয়া নিশাত আমিন, সাদেকা হালিম, গীতি আরা নাসরীন, মেসবাহ কামাল, মাসুদুজ্জামান, শামীম আখতার, শামীম আহমেদ, রোবায়েত ফেরদৌস, শান্তনু মজুমদার, মেহের নিগার, আকসাদ আলম, জোবাইদা নাসরীন, সংগীতা ইমাম, আফরোজা সোমা, নাহিদ সুলতানা, হাসান তারেক চৌধুরী, কাবেরী গায়েন: লেখকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও সংস্কৃতিসেবী।