যে দেশ নারী চালাচ্ছেন, সংসদ পরিচালনা করছেন, পুরুষের সমানে সমানে কাজ করে যোগ্যতার প্রমাণ রাখছেন, আয়–রোজগার করছেন, সেই দেশের নির্বাচন কমিশনের এ কোন মনমানসিকতা! তারা কি এখনো মনে করে নারীর কাজ শুধু ঘরকন্নার? নির্বাচন কমিশনের নীতিনির্ধারকেরা মনে হয় সেই পুরোনো ধ্যানধারণাই আঁকড়ে ধরে আছেন আর নারীর প্রতি অবমাননাকর মনোভাবই তাঁদের মনের গভীরে গেঁথে আছে। তা না হলে পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য এ ধরনের প্রতীক বরাদ্দ হয় কীভাবে?
নারী কাউন্সিলরদের জন্য যেসব প্রতীক রাখা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে চুড়ি, চকলেট, পুতুল, ফ্রক, কাঁচি, ভ্যানিটি ব্যাগ ধরনের প্রতীক। এটা পরিষ্কার যে প্রার্থীরা নারী, এই বিবেচনাকে মাথায় রেখেই এই প্রতীকগুলো ঠিক করা হয়েছে। এটা স্পষ্টতই বৈষম্যমূলক ও নারীর জন্য অপমানকর বিষয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যথার্থই প্রশ্ন করেছেন, পুরুষ প্রার্থীদের জন্য এ ধরনের প্রতীক বরাদ্দ করা হলে তাঁরা কি তা গ্রহণ করতেন?
নারীদের জন্য এ কেমন প্রতীক!নির্বাচনের প্রতীকের ক্ষেত্রে নারী বা পুরুষের প্রতীক বলে কিছু থাকার সুযোগ নেই। সংরক্ষিত নারী আসনের প্রতীকগুলো যেভাবে নির্ধারণ করা হয়েছে, তাকে নিছক কোনো ভুল-ত্রুটি হিসেবে বিবেচনার সুযোগ নেই। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নীতিনির্ধারকদের নারীবিদ্বেষী মনমানসিকতার যেমন প্রমাণ পাওয়া যাচ্ছে, তেমনি এর মধ্যে সামগ্রিকভাবে নারী-পুরুষের অসমতার ধারণাকে টিকিয়ে রাখার চেষ্টাও পরিষ্কার।
বিস্ময়কর ও অগ্রহণযোগ্য ব্যাপার হচ্ছে, নারী প্রার্থীদের প্রতীক নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে এবং সেই একই কাজ নির্বাচন কমিশন আবারও করল। গত এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের সময় বিষয়টি নিয়ে সমালোচনা হলে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বোঝা গেল, কতটা এলোমেলো ও দায়সারাভাবে চলছে এই নির্বাচন কমিশন।
নারী প্রার্থীদের জন্য অবমাননাকর নির্বাচনী প্রতীকগুলো বাতিল করার কোনো বিকল্প নেই। আমরা আশা করব, নির্বাচন কমিশনের টনক নড়বে।