নারী-বিরল ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি নির্বাচনের মনোনয়ন এবং এ পর্যন্ত পাওয়া ফল দেখিয়ে দিল দেশের রাজনীতি ও নির্বাচনে নারীবৈষম্য কতটা। হাজারেরও বেশি ইউপির নির্বাচনে নারী প্রার্থী মাত্র কয়েকজন। নারীদের বাদ রাখার বিষয়ে এই সর্বদলীয় অভিন্ন অবস্থান আমাদের রাজনীতির তীব্র পশ্চাৎপদতারই প্রমাণ। এমন নয় যে নারীরা কম যোগ্য। স্পষ্টতই হানাহানি ও অর্থনির্ভর নির্বাচনী রাজনীতির পরিবেশে নারীরা পেরে উঠছেন না। অন্যদিকে পুরুষকেন্দ্রিক রাজনৈতিক সংগঠনগুলো নারীদের সুযোগ দিতেও চায় না।
রাষ্ট্রের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি ধারায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সব স্তরে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু গতকাল বুধবারের প্রথম আলোর এক সংবাদে দেখা যাচ্ছে, দুই ধাপে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিতে নারীদের প্রার্থী করার হার ১ শতাংশেরও মতো। সব মিলিয়ে ১ হাজার ২৫১টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নারী প্রার্থী ছিলেন ১২ জন ও বিএনপির ৬ জন।
১২৫১ ইউপিতে নারী চেয়ারম্যান মাত্র ১২আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ভাষ্য হলো, স্থানীয় পর্যায়ে নারীদের মনোনয়নের জন্য তালিকায় রাখা হয় কম। আর বিএনপি বলেছে, প্রতিকূল রাজনৈতিক পরিবেশে নারীদের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন। যে দলটি সরকারে রয়েছে এবং যাদের বিরোধী দলের মতো বাধাবিঘ্নের মধ্য দিয়ে কাজ করতে হয় না, তারা তো এ ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করতে পারত। আর বিএনপি এখন যা–ই বলুক, নারী প্রতিনিধিত্ব ও মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাদের অতীতের রেকর্ড ভালো নয়।
১ শতাংশেরও কম নারী প্রতিনিধি নিয়ে কীভাবে জনগণের অর্ধেকসংখ্যক নারীর প্রতিনিধিত্ব হয়? নারীর প্রতিনিধিত্ব যেখানে কার্যকরভাবে নিশ্চিত করা যায় না, সেখানে নারীর স্বার্থ রক্ষা করাও কঠিন। দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের এই দশা গণতন্ত্রের সঙ্গেও খাপ খায় না। নারীর অধিকার নিশ্চিত করার বিষয়টি কেবল বক্তৃতা-বিবৃতির বিষয় নয়—আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে তা অনুধাবন করতে হবে।