বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের এক গবেষণা-সমীক্ষার হিসাবে ঢাকা মহানগরে বসবাসরত নারীদের ৫৬ শতাংশ পারতপক্ষে বাসার বাইরে যেতে চান না। কারণ, এ মহানগরের গণপরিবহনব্যবস্থা ভালো নয়। যেসব নারীকে বাস-মিনিবাসে চলাচল করতে হয়, তাঁদের ২৩ শতাংশ বলেন, তাঁদের অপমানজনক আচরণের শিকার হতে হয়।
বাস-মিনিবাস ছাড়া আছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, হিউম্যান হলার-জাতীয় ছোট যানবাহন। নারীদের পক্ষে সেগুলোতে চলাচল করাও সহজ বা ঝামেলামুক্ত নয়। এ মহানগরে ট্যাক্সি সার্ভিস অত্যন্ত অপ্রতুল; সংখ্যাগরিষ্ঠ মানুষের আর্থিক সামর্থ্যের বাইরে। সিএনজি অটোরিকশার চালকেরা কোনো নিয়মকানুন মানেন না। গন্তব্যনির্বিশেষে যাত্রী বহনের বাধ্যবাধকতার ভ্রুক্ষেপ করেন না তাঁরা, উপরন্তু মিটারের হিসাব বাদ দিয়ে ইচ্ছামতো ভাড়া হাঁকেন। এই সব ক্ষেত্রেই পুরুষের তুলনায় নারীর অসহায়ত্ব অনেক বেশি।
ঢাকা মহানগরের রাস্তাঘাটে নারীর দৃশ্যমানতা অপেক্ষাকৃত কম হওয়ার কারণ শুধু নিম্নমানের গণপরিবহনব্যবস্থা নয়। অনেক নারী হেঁটেও চলাচল করতে চান; কিন্তু হাঁটার উপযোগী ফুটপাত এ নগরে নেই বললেই চলে। ফুটপাতগুলো ভাসমান দোকানিদের দখলে, উপরন্তু মোটরসাইকেলচালকদের উপদ্রবে বিপজ্জনক। ভিড় ঠেলে ও নানা রকমের ঝক্কিঝামেলা সহ্য করে পুরুষদের পক্ষে ফুটপাতে চলাচল করা যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন ও অনিরাপদ নারীদের পক্ষে।
ঢাকা মহানগরের গণশৌচাগারগুলোর এমনই দুর্দশা যে ৯৪ শতাংশ নারী এগুলো ব্যবহার করেন না। গণশৌচাগারগুলো নোংরা বলেই শুধু নয়, নারীরা সেগুলো ব্যবহার করেন না নিরাপত্তার অভাবেও। তাঁরা বলেন, পুরুষ সঙ্গ ছাড়া গণশৌচাগারগুলোতে যাওয়া নিরাপদ নয় বলে তাঁরা মনে করেন। এই সমস্যাটি খুব গুরুত্বপূর্ণ, কেননা এর সঙ্গে নারীস্বাস্থ্যের সম্পর্ক আছে। শৌচাগার-সুবিধার অভাবের কথা ভেবে নারীরা বাসার বাইরে যাওয়ার আগে পানি পান করেন না। বিশেষজ্ঞরা বলেন, এর সঙ্গে নারীদের ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের সম্পর্ক আছে। ঢাকায় বসবাসরত নারীদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের হার বেশি হওয়ার এটিও একটি কারণ কি না, তা একটা গবেষণার বিষয় হতে পারে।
পার্ক, উদ্যান, কিশোরীদের জন্য খেলার মাঠ, বিনোদনের নিরাপদ ও নির্ঝঞ্ঝাট জায়গা ইত্যাদি অন্য নাগরিক সুযোগ-সুবিধার বিষয়গুলো বিবেচনায় নিলে দেখা যায়, আমাদের এই মহানগর নারীবান্ধব নয়। নারীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলোর স্বাক্ষর নগর পরিকল্পনায় দৃশ্যমান নয়। অথচ এই মহানগরের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছেন: নগরটি পুরুষতান্ত্রিক হয়ে পড়ছে।
এই অবস্থা গ্রহণযোগ্য নয়। এই মহানগরকে নারীবান্ধব করতে হবে, সে জন্য নগর পরিকল্পনায় নারীদের সুবিধা-অসুবিধাগুলো বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।