নারী সাংবাদিকদের ওপর আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূূচির সময় দায়িত্বরত সংবাদকর্মীদের ওপর শারীরিক আক্রমণ, সংবাদমাধ্যমের যানবাহন ভাঙচুর, সংবাদপত্রের কপি পোড়ানোসহ বিপণনে বাধা দেওয়ার ঘটনা লক্ষ করা গেছে, যা কোনো গণতান্ত্রিক দেশে প্রত্যাশিত নয়। সর্বশেষ ৬ এপ্রিল ঢাকায় হেফাজতে ইসলামের লংমার্চ-পরবর্তী সমাবেশে বেশ কয়েকজন নারী সংবাদকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা নিন্দনীয়।একুশে টেলিভিশনের এক নারী প্রতিবেদককে প্রহার করা হয়েছে এমন প্রশ্ন তুলে: ‘হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিক কেন?’ অর্থাৎ পুরুষের সমাবেশে নারী সংবাদকর্মীর উপস্থিতি সমাবেশকারীরা মেনে নিতে পারেননি—এটা বোধগম্য। ওই সমাবেশে যে ১৩ দফা দাবি ঘোষণা করা হয়েছে, তাতে নারীর প্রতি গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ নেই; বরং নারী অধিকারের বিরোধী অবস্থানের প্রকাশ ঘটেছে জাতীয় নারীনীতি বাতিল করার দাবির মধ্য দিয়ে। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার উপেক্ষা বা অগ্রাহ্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এখানে হেফাজতে ইসলামের কর্মীরা সেই অযৌক্তিক, পশ্চাৎমুখী ও অগণতান্ত্রিক অবস্থানেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। তাঁরা কর্তব্যরত নারী সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করেছেন। এটা আর দশটা সাধারণ ফৌজদারি অপরাধের চেয়েও গুরুতর। কারণ, এতে নারীকে আঘাত করার সঙ্গে সঙ্গে অপমানও করা হয়।একাধিক নারী সাংবাদিক সেদিন লাঞ্ছনা, হুমকি ও ভর্ৎসনার শিকার হয়েছেন। তা ছাড়া সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুরুষ সংবাদকর্মীদের আক্রমণ করার ঘটনাও ঘটেছে। দৈনিক ইত্তেফাক-এর একজন আলোকচিত্রী ও তিনটি বেসরকারি টেলিভিশনের দুজন প্রতিবেদক ও তিনজন ক্যামেরাম্যানকে পিটিয়ে আহত করা হয়েছে। এমন প্রবণতা প্রায়ই লক্ষ করা যাচ্ছে: রাজনৈতিক পক্ষগুলো বিরোধীপক্ষের সমর্থক বলে সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। এটা অবশ্যই অবিলম্বে বন্ধ করা উচিত। আদর্শ বা দৃষ্টিভঙ্গি নির্বিশেষে সব সংবাদপ্রতিষ্ঠান ও সংবাদকর্মীর নিরাপদে ও নির্বিঘ্নে কাজ করার অধিকার আছে। সংবাদমাধ্যমের এ স্বাধীনতার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।