নারীপ্রধান পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপে যে তথ্য বেরিয়ে এসেছে, তা কেবল নারী নয়, নারী-পুরুষনির্বিশেষে পুরো সমাজের জন্যই ইতিবাচক বলে মনে করি। এতে দেখা যাচ্ছে, একই ধরনের আয় করে এ রকম পুরুষপ্রধান পরিবারের চেয়ে নারীপ্রধান পরিবারে দারিদ্র্যের হার তুলনামূলক কম। কারণ, নারী পরিবারের প্রধান বা নীতিনির্ধারক হলে সংসারের প্রয়োজনটি তিনি ভালো বুঝতে পারেন এবং পরিবারের সদস্যদের চাহিদা যথাযথভাবে পূরণ করতে সচেষ্ট থাকেন।
এমনকি যেসব পরিবারে নারী ও পুরুষ উভয়ে চাকরি করেন, সেসব পরিবারেও নারী সংসারের কাজ যেমন বেশি করেন, তেমনি পরিবারের সদস্যদেরও বেশি সময় দেন। সমাজবিজ্ঞানীরা মনে করেন, প্রকৃতিগতভাবেও নারীরা অধিক সঞ্চয়প্রবণ। আর্থসামাজিক কারণেই তাঁরা ভবিষ্যতের নিরাপত্তার কথা বেশি ভাবেন।
নারীপ্রধান পরিবারে কমছে দারিদ্র্যকিন্তু এই ইতিবাচক তথ্যের বিপরীতে সমাজে নারীর যে অধস্তন অবস্থান, সেটি আমাদের পীড়িত করে। আড়াই দশক ধরে দেশের চালকের আসনে নারী থাকলেও সংসারের চালকের আসনে তাঁদের বসাতে আমরা কুণ্ঠিত। অনেক ক্ষেত্রে পরিবারে নারী ও পুরুষ দুজনে উপার্জন করলেও পুরুষ সদস্যটি পরিবারের চাবিটি নিজের হাতে রাখতে মরিয়া হয়ে ওঠেন। এর পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতাই অধিক দায়ী।
আমরা যদি রাষ্ট্রের কর্তৃত্ব নারীর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারি, তাহলে পরিবারের দায়িত্ব কেন দিতে পারব না? পরিবার তো রাষ্ট্রেরই ক্ষুদ্রতর রূপ। তবে নারীর হাতে কেবল পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দেওয়াই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরেই সম–অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আইনগত সব বাধা দূর করার পাশাপাশি মনস্তাত্ত্বিক বাধাগুলোও ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
আমরা যদি প্রত্যেক নারীর উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে পারি, তাতে যে শুধু পরিবারের সদস্যদের স্বাচ্ছন্দ্যই ফিরে আসবে তাই নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক প্রগতিও ত্বরান্বিত হবে।
সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে চাই ন্যায় ও সমতা।