নারীর অর্থনৈতিক বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ শত বছর আগে লিখেছিলেন, ‘নারীকে আপন ভাগ্য জয় করিবার/ কেন নাহি দিবে অধিকার?’ বেগম রোকেয়াও নারীকে তাঁর অধস্তন অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শত বছর পরও বাংলাদেশের নারীরা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের শিকার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নারী নির্যাতনের ওপর খানাভিত্তিক জরিপ ২০১৫ দেখাচ্ছে, বিবাহিত নারীদের প্রায় অর্ধেকই জীবনে কখনো না কখনো স্বামীদের হাতে অর্থনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন। জাতিসংঘের মানদণ্ডে অর্থনৈতিক নির্যাতনের মাপকাঠি হচ্ছে, হাতে টাকা থাকা সত্ত্বেও স্ত্রী তথা সঙ্গিনীর হাতে পর্যাপ্ত সংসারখরচ না দেওয়া। দেশীয় মানদণ্ডে স্ত্রীকে নিয়মিত হাতখরচ না দেওয়া, যৌতুক দাবি করা এবং বাবার বাড়ি থেকে টাকা বা জিনিসপত্র আনতে চাপ দেওয়া অর্থনৈতিক নির্যাতনের আওতায় পড়ে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় ৫০০টি। এগুলোর মধ্যে ২৯৬টি ঘটনায় নারীরা নিহত হয়েছেন বা আত্মহত্যা করেছেন। প্রথম আলোর প্রতিবেদক যে ৫০ জন নারীর সাক্ষাৎকার নিয়েছেন, তাঁদের ৪৪ জন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে অর্থনৈতিকভাবে নির্যাতিত হওয়ার কথা স্বীকার করেছেন। বিবিএসের জরিপমতে, এক-তৃতীয়াংশের কাছাকাছি নারীর বিয়েই হয় যৌতুক দেওয়ার শর্তে। কর্মজীবী নারীদের অনেকে তাঁদের উপার্জিত অর্থ স্বাধীনভাবে খরচ করতে পারেন না।
বিবিএসের জরিপে নারীর অর্থনৈতিক নির্যাতনের যে চিত্র ও তথ্য এসেছে, সেটাই সব নয়। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বিরাট অগ্রগতি দাবি করলেও তার সুফল নারীরা পাচ্ছেন খুব কমই। ধারণা করা গিয়েছিল, বিত্তহীন, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের পরিবারের মেয়েরাই অধিক অর্থনৈতিক বঞ্চনা ও নির্যাতনের শিকার হন। কিন্তু বিভিন্ন জরিপ ও তথ্যমতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারেও তাঁদের অবস্থান অত্যন্ত ভঙ্গুর।
নারীর প্রতি এই অর্থনৈতিক নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে চাই সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমতা, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক জাগরণ। নারীর অধিকার আদায়ের সংগ্রামে পুরুষকে সমভাবে এগিয়ে আসতে হবে। কেবল কথা নয়, কাজেই প্রমাণ করতে হবে যে তাঁরা নারীর পক্ষে আছেন।