নারীর ওপর আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের একাদশ শ্রেণিতে পড়ুয়া দুই যমজ বোন যখন বখাটেদের প্রহারে গুরুতর আহত হয়ে শয্যাশায়ী, তখন তাদের সহপাঠী শিক্ষার্থীরা মানববন্ধনে আর মিছিলে সরব প্রতিবাদে। সিলেটের ছাত্রী খাদিজাকে কোপানো হয়েছিল কলেজ প্রাঙ্গণে আর মুন্সিগঞ্জের সিরাজদিখানে দশম শ্রেণির এক ছাত্রীকে কোপানো হয়েছে তার বাড়ির ঘরে ঢুকে। জননিরাপত্তা তথা নারীর নিরাপত্তার প্রকৃত অবস্থার জ্বলন্ত উদাহরণ এই ঘটনাগুলো। এর আগে বখাটের হামলায় প্রাণ হারায় চাঁপাইনবাবগঞ্জের স্কুলছাত্রী কণিকা ঘোষ, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা ও মাদারীপুরের নিতু মণ্ডল।
ঢাকার মিরপুরের চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের দুই ছাত্রীর ওপর বর্বর হামলা হয়। কারণ, তারা উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিল। এলাকার বখাটে যুবক জীবন, লুৎফরসহ যারা তাদের ওপর চড়াও হয়েছিল, তারা ক্ষমতার রাজনীতির সঙ্গে যুক্ত। তা না হলে তাদের পক্ষে বিসিআইসি কলেজের জমি দখল করে অবৈধভাবে দোকান, ছাপরা ও মাদকের আখড়া বানানো সম্ভব হতো না। শুক্রবারের প্রথম আলোর সংবাদ থেকে জানা যায়, অভিভাবক ও ছাত্রীরা এসব জায়গায় আস্তানা করা যুবকদের দ্বারা উত্ত্যক্ত হওয়ার ঘটনা টহল পুলিশকে জানিয়েছিলেন। কলেজের অধ্যক্ষও মিরপুরের শাহ আলী থানায় অভিযোগ জানানোর দাবি করেছেন। অর্থাৎ বখাটেদের দাপটের কথা প্রশাসন জানলেও তাদের কেশও স্পর্শ করা হয়নি। প্রত্যক্ষভাবে ছাত্রীদের আহত করার ফৌজদারি অপরাধ তিন যুবক করলেও, পরোক্ষভাবে এই নিরাপত্তাহীনতার জন্য প্রশাসন দায় এড়াতে পারে না। বখাটেদের একজন গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করব, বাকি দুজনকেও দ্রুত আটক করে বিচারের প্রক্রিয়ায় নেওয়া হবে।
এই হতাশাজনক পরিস্থিতির মধ্যে আশার কথা হলো, নির্যাতিতের পক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের পথে নেমে আসা। প্রতিটি ক্ষেত্রে জনগণের প্রতিবাদের চাপে প্রশাসন কিছুটা তৎপর হয়। কিন্তু মানুষকে কেন প্রতিবাদ করতে হবে? কারণ, শিষ্টের পালন ও দুষ্টের দমনের শপথ পুলিশ ও প্রশাসন মনে রাখছে না। সমাজবিরোধী চরিত্ররা পুলিশ ও ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়েই এমন বেপরোয়া হয়ে উঠেছে। সরকার কি পারবে সমস্যার গোড়ায় হাত দিতে?