‘মানুষের সেবা করতে পারছি ভেবে খুব ভালো লাগে।’ উক্তিটি এমন এক পুলিশ সদস্যের, যিনি ইতিহাসের অংশ। দেশে প্রথমবারের মতো পুলিশ দিবসে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত প্যারেডের নেতৃত্ব দিয়েছেন এক নারী এসপি। আবার প্রথমবারের মতো রাজপথ নিয়ন্ত্রণে নিয়োজিত হয়েছেন নারী পুলিশ সার্জেন্ট। সম্প্রতি পুলিশ বাহিনীর কিছু সদস্যের আচরণ নিয়ে বিতর্কের মধ্যে এ দুটি আশাপ্রদ ঘটনা পুলিশ ও দেশ উভয়ের জন্যই গৌরবের। নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে আমরা একে অভিনন্দন জানাই।
নারীর চোখে দেখা দৃশ্যটি এ রকম হতে পারে: নারী সরকারপ্রধানের পাশে দাঁড়িয়ে প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন একজন নারী, আর তাঁদের বহনকারী জিপটিও চালাচ্ছেন এক নারী। হয়তো কোনো নারী যাত্রী বা চালক রাজপথে নারী ট্রাফিক সার্জেন্টকে দেখে বাড়তি ভরসা পেতে পারেন। আর সামগ্রিকভাবে এটা নারী-পুরুষের ক্ষমতার যে বৈষম্য, তা কমানোর নতুন খাত। পুলিশ বাহিনীর ভূমিকা ভালো বা মন্দ হবে, নেতৃত্ব বদল হবে; কিন্তু নারী পুলিশের অগ্রযাত্রার যে ধারা শুরু হলো তা সামগ্রিকভাবে ইতিবাচক ভূমিকাই পালন করবে। একসময় নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকই নারী-পুলিশের কার্যক্রমে অভ্যস্ত হয়ে উঠবেন। এবং একসময় কোনো নারী পুলিশ বাহিনীর প্রধানের পদে আসীন হয়ে ইতিহাস সৃষ্টি করবেন। ইতিমধ্যে নারী পুলিশ কর্মকর্তাদের বেশ কয়েকজন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কার্যক্রমে কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণের বয়স প্রায় সাড়ে তিন দশক হলেও ২০১৪ সাল থেকে ট্রাফিক সার্জেন্ট পদে নিয়োগ শুরু হয়। ইতিমধ্যে তাঁরা রাজপথে দাঁড়িয়ে কর্তব্য পালন করা শুরু করেছেন। আমরা আশা করতেই পারি, সড়কে এবং সর্বক্ষেত্রে নারীদের প্রতি তাঁরা সংবেদনশীল হবেন এবং ঘরে-বাইরে নারীর নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক শক্তি হয়ে উঠবেন। পাশাপাশি নারী হিসেবে পুলিশ সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে তাঁরা যাতে কোনো রকম বিরূপতার শিকার না হন, সে দিকটাও খেয়াল রাখা বাঞ্ছনীয়।