মানুষকে এমন মানবিক গুণ-বৈশিষ্ট্যে সৃজন করা হয়েছে যে, সে সঙ্গী ছাড়া থাকতে পারে না। এ জন্য নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর রয়েছে বিশেষ আকর্ষণ। সংগত কারণেই নারী-পুরুষের সৃষ্টিতে অবয়ব ও বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে। ইসলাম মনে করে, অবয়বে সৃষ্টিগত দিক থেকে নারী-পুরুষের মধ্যে ব্যবধান থাকলেও মহান সৃষ্টিকর্তা কাউকেই ছোট করে তৈরি করেননি। পৃথিবীর জন্য নারী জাতি এক উৎকৃষ্ট সৃষ্টি। নারীকে পুরুষের অভিন্ন উৎস থেকে সৃষ্টি করা হয়েছে এবং পুরুষদের প্রকৃতির অভিন্ন প্রকৃতি থেকে সৃষ্টি করা হয়েছে। নারী-পুরুষই একযোগে গড়ে তোলে মানবসভ্যতার ভিত্তিমূল পরিবার-পরিজনবেষ্টিত সুখময় সংসার। মানব-মানবীই গঠন করে সমাজ ও রাষ্ট্রের একেকটি স্তম্ভ। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, ‘হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো; যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন।’ (সূরা আন-নিসা, আয়াত: ১)মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে নারী বা পুরুষ বলে আলাদা কোনো বৈষম্যমূলক আচরণ নেই; পুরুষের বেশি মর্যাদা আর নারীর কম মর্যাদা এমনটি নয়। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানুষ! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই (নারী/পুরুষ) অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক মুত্তাকি।’ (সূরা আল-হুজুরাত, আয়াত: ১৩) বহুমাত্রিক রূপের নারী আছে বলেই দুনিয়াটা এত সুন্দর। মাতা, ভগিনী, স্ত্রী, কন্যারূপে পুরুষের জীবনে নারীর যে বিরাট প্রভাব ও বিস্তৃতি, তা অনস্বীকার্য। নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক। নারী-পুরুষ মিলে একত্র হয়ে তৈরি করতে পারে সুন্দর সুখের সংসার। স্বামী-স্ত্রীর সম্পর্ককে আল্লাহ তাআলা পোশাকের সঙ্গে তুলনা করেছেন। পোশাক-পরিচ্ছদের সঙ্গে দেহের সম্পর্ক যত নিবিড়, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক ততটাই নিবিড় হওয়া চাই। পবিত্র কোরআনের ভাষায়, ‘তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৭) ইসলাম নারীকে সর্বক্ষেত্রেই অধিকার দিয়েছে বেশি আর পুরুষকে দায়িত্ব দিয়েছে বেশি। নারীর অভিভাবক হচ্ছেন পুরুষ। পিতা, স্বামী, ভাই, পুত্র—এই চার পরিচয়ে পুরুষেরা নারীর অধিকার দায়িত্বশীলতার সঙ্গে আদায় করবেন—এটাই আল্লাহর বিধান। স্ত্রীর ন্যায্য প্রাপ্য দেনমোহর, খোরপোষ, রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব স্বামীকেই বহন করতে হবে। এমনকি স্ত্রী যদি ধনীও হয়, সে ক্ষেত্রেও ভরণপোষণের জন্য তাকে ব্যয় করতে হবে না। সবকিছু স্বামীর ওপরই বর্তাবে। সন্তানসন্ততির ভরণপোষণ, লালনপালন, শিক্ষাদীক্ষা, রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব স্বামীর ওপর ন্যস্ত। ইরশাদ হয়েছে, ‘নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে, যেমন তাদের ওপর পুরুষদের অধিকার আছে।’ (সূরা আল-বাকারা, আয়াত: ২২৮) নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা অপরিসীম। সিদ্ধান্ত গ্রহণে, উত্তরাধিকার ও সম্পদ অর্জনে, নারীর ক্ষমতায়নে, অর্থনৈতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ, আইনের আশ্রয় লাভের সুযোগ নারীর অধিকারবান্ধব—এসব বিষয় ইসলামে স্বীকৃত। নারীর উপার্জনে স্বামী, পিতা, ভাই, পুুত্র কারও হস্তক্ষেপের অধিকার দেওয়া হয়নি। উপার্জনের ক্ষেত্রে যেমন নারীর পূর্ণ অধিকার, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও তাকে পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে স্বামী, পিতা বা অন্য কোনো পুরুষের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন রাখা হয়নি। পবিত্র কোরআনে নারীর উত্তরাধিকার ঘোষণা করা হয়েছে, ‘পিতামাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে।’ (সূরা আন-নিসা, আয়াত: ৭) স্ত্রীর বুদ্ধিমত্তা ও চেষ্টায় যদি সন্তানসন্ততি শিক্ষিত ও চরিত্রবান হয়, তবে তা একটি আদর্শ পরিবার। ঘরের এ দায়িত্বকে উপেক্ষা না করে কোনো নারী যদি সময়-সুযোগ, মেধা ও যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কোনো চাকরি বা ব্যবসা করে, তবে তা অতি উত্তম। ইসলাম নারীকে শালীনভাবে চলাফেরা করে ঘরের বাইরের কাজ করতে নিষেধ করেনি। বর্তমানে বহু নারী শহরে থেকে চাকরি করে তাদের উপার্জিত অর্থ দিয়ে পরিবারের খরচ চালাচ্ছে। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা তাদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তুলছে এবং নিজেকে মানুষ হিসেবে ভাবতে শেখাচ্ছে। মহানবী (সা.) সমাজে মাতা, পরিবারে গৃহকর্ত্রী ও ব্যবসা-কর্মে নিয়োজিত নারীদের যথার্থ অবস্থান নিশ্চিত করে নারী অধিকার সমুন্নত করে গেছেন। নবী করিম (সা.) পারিবারিক জীবনে স্বামীকেই অধিক ধৈর্যশীল ও সহিষ্ণু হতে নির্দেশনা দিয়েছেন, ‘তোমরা নিজ পত্নীদের প্রতি সদয় ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছ এবং তাঁরই আদেশমতো তাদেরকে তোমাদের জন্য বৈধ করে নিয়েছ। ইমানদার স্বামী তার স্ত্রীর প্রতি বিদ্বেষ ভাব পোষণকারী হবে না। কারণ, স্ত্রীর কোনো ব্যবহারে মনে কষ্ট এলেও পুনরায় তার দ্বারাই এমন ব্যবহার পাবে, যাতে সন্তুষ্টি লাভ হবে।’ (মুসলিম)নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে মানবাধিকার প্রতিষ্ঠা ইসলামের স্বীকৃত বিষয়। অথচ নারীর ওপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ এখনো চলছে। প্রাক-ইসলামি যুগের মতো আধুনিক সভ্য-জগতেও নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। নির্যাতনের ধরন ও কৌশল, অঞ্চল-দেশভেদে ভিন্ন হলেও সারা বিশ্বেই কম-বেশি বৈষম্য চলছে। অসংখ্য নারী সতীত্ব হারাচ্ছে, অ্যাসিডে জর্জরিত হচ্ছে, পাচার হচ্ছে এবং যৌতুকের পণে বলি হচ্ছে। বিবিধ ক্ষেত্রে নারীদের সমস্যা, অত্যাচার, নারী-পুরুষের মধ্যে অসমতা, কর্মক্ষেত্রে নারীদের নানা প্রতিবন্ধকতার কথা গণমাধ্যম তুলে ধরছে। তাই সুন্দর পৃথিবী গড়ার জন্য ইসলামের অনুশাসন মেনে আসুন আমরা শুরু করি নারীদের যোগ্যতর সম্মান, মর্যাদার স্বীকৃতি ও নিরাপত্তা প্রদানের প্রক্রিয়া। এভাবে নারী তার ন্যায্য প্রাপ্য অধিকার লাভ করুক, ভোগ করুক মানবাধিকার! সকল প্রকার বৈষম্যমূলক আচরণ, অন্যায়, নির্যাতন ও ধর্ষণ থেকে নারী জাতি মুক্তি লাভ করুক!ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]