নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, ২০১৫ সালের অক্টোবর মাসে স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন ভবন উদ্বোধন করা হয়। ৫০ শয্যার জন্য শুধু খাদ্য ও ওষুধের অনুমোদন পাওয়া গেছে। কিন্তু জনবলের অনুমোদন মেলেনি। ফলে নতুন ভবনের দোতলায় ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অত্যাধুনিক অস্ত্রোপচারকক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার কোনো কাজে লাগছে না। রোগীরাও পাচ্ছে না কোনো কাঙ্ক্ষিত সেবা। কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দী হয়ে পড়ে আছে। অস্ত্রোপচারকক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানো রয়েছে। ব্যবহার না করায় এগুলো নষ্ট হওয়ার পথে। জনবল পাওয়া পর্যন্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার উপযোগী থাকবে কি না, বলা কঠিন।

বর্তমানে ৩১ শয্যার জন্য চিকিৎসকের ১৪টি পদ থাকলেও কর্মরত ছয়জন চিকিৎসক। জনবলের বিষয়টি মাথায় না নিয়ে কোন যুক্তিতে শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো, সেই জবাবদিহি জরুরি। প্রকাশিত খবর অনুযায়ী চিকিৎসক নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে তাদের কোনো সাড়া মেলেনি। ভবন বানিয়েই যেন তারা তাদের দায়িত্ব সেরেছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি যদি তাদের বিবেচনায় থাকত, তবে এমন হওয়ার কথা নয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।