সাম্প্রতিককালে হরতাল কর্মসূচি পালনের নামে যেসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে, তাতে এই কর্মসূচিটি পুরোপুরি রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে। হরতালে যানবাহন আটক বা রাস্তা অবরোধের মতো জবরদস্তি সব সময়ই ছিল। কিন্তু এখন হরতাল আহ্বানকারীরা হরতালের নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাস্তায় যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে থাকে, যা পুরোপুরি ফৌজদারি অপরাধ। এমনকি তারা রাতের আঁধারে চলন্ত যানবাহনে বোমা ছুড়ে মানুষ মারতেও দ্বিধা করে না। বিরোধী দল বরাবরই হরতালকে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে বৈধতা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হরতালের নামে বোমাবাজি করা বা যাত্রীবাহী যানবাহনে আগুন দেওয়ার ঘটনাকে তারা কীভাবে জায়েজ করবে? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হরতালের সময় সরকারই গাড়ি ভাঙচুর করে ও গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে। তাঁর এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল খুব একটা নেই। কেননা, হরতালের সময় কারা এসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে, মানুষ তা সরাসরি টিভি চ্যানেলের কল্যাণে দেখতে পাচ্ছে, পত্রপত্রিকার সূত্রে জানতে পারছে। অস্বীকার করার উপায় নেই যে অনেক ক্ষেত্রেই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়াবাড়ি করে থাকে। বিরোধী দল আইনানুগ পন্থায় তার প্রতিবাদ করতে পারে এবং প্রতিকার চাইতে পারে। তাই বলে নিজের দায় অন্যের ওপর চাপানোর সুযোগ নেই।হরতাল আহ্বানকারীদের মনে রাখতে হবে, তারা সরকারের কর্মকাণ্ড বা তাদের ভাষায় ‘অগণতান্ত্রিক’ কর্মকাণ্ডের বিরুদ্ধে হরতাল করছে, রাষ্ট্রের ও জনগণের বিরুদ্ধে নয়। তাহলে রাষ্ট্র ও জনগণের সম্পদ কেন ধ্বংস করা হচ্ছে? কেন বোমা মেরে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে? রেলস্টেশন পুড়িয়ে দিয়ে কিংবা রেললাইনের স্লিপার তুলে নিয়ে যাত্রীদের সমূহ বিপদে ফেলে হরতালকারীরা কী ফায়দা পেতে চায়? অতীতে হরতাল বা রাজনৈতিক কর্মসূচির সময়ে এভাবে জাতীয় সম্পদ ধ্বংসের তাণ্ডব দেখা যায়নি।আমাদের গভীর উদ্বেগের আরও কারণ হলো, হরতালের সময়ে গণমাধ্যমকর্মীদের বহনকারী যানবাহনের ওপর হামলা এবং সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর। কখনো কখনো সংবাদপত্রবাহী গাড়ি আটকে হরতালকারীদের পছন্দের পত্রিকার বাইরে সব পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা কী ফায়দা লাভ করতে চায়? উপর্যুপরি হরতাল শুধু দেশের অর্থনীতির মেরুদণ্ডই ভেঙে দিচ্ছে না, জনজীবনকেও স্থবির করে তুলেছে। শিল্প, যোগাযোগ, শিক্ষা, জনস্বাস্থ্যসহ সব খাতেই নেমে এসেছে বিপর্যয়। ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই যেহেতু মানুষের কল্যাণে রাজনীতি করার দাবি করে, সেহেতু তাদের উচিত, সংঘাত ও সংঘর্ষের পথ পরিহার করে সমঝোতায় আসা।দেশবাসী নিরাপত্তার নামে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়াবাড়ি প্রত্যাশা করে না, তেমনি হরতাল পালনের নামে বিরোধী দলের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দেখতে চায় না।