নাশকতাবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে আগুন, বোমা হামলাসহ সব ধরনের নাশকতা ঠেকাতে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো তৎপরতা সুফল দেবে কি না, সেটি নির্ভর করছে সংশ্লিষ্টদের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে আড়াই হাজারেরও বেশি লোক। নাশকতামূলক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তাদের আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে গণগ্রেপ্তার করে প্রকৃত দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করা যাবে কি?
যারা বাসে পেট্রলবোমা মারছে, আগুনে পুড়িয়ে মানুষ মারছে, সেসব দুর্বৃত্তের শাস্তি নিশ্চিত করতে গেলে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে। ঘটনাস্থল থেকে হাতেনাতে দুর্বৃত্তদের আটক করা গেলে তাদের শাস্তি যেমন নিশ্চিত করা যাবে, তেমনি কারা তাদের দিয়ে এসব ঘটাচ্ছে, তাও জানা যাবে। ফলে হামলাকারী ও পরিকল্পনাকারী দুই পক্ষকেই বিচারের মুখোমুখি করা যাবে। কিন্তু সেটি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে কি না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অতীতে রাজনৈতিক বিবেচনায় এ ধরনের অভিযান পরিচালনায় তেমন সুফল আসেনি।
২৫০০ গ্রেপ্তার ২৪ ঘণ্টায়কোথাও সহিংস ঘটনা ঘটার পর গণহারে লোকজন গ্রেপ্তার শুরু করলে সাধারণ লোকজন অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হয়, এগুলো সাধারণভাবে রাজনৈতিক বিবেচনাপ্রসূত কাজ হিসেবেই বিবেচিত হয় এবং পরবর্তী সময়ে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। এ ধরনের অভিযানের সুযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসৎ সদস্য আটক-বাণিজ্যে জড়িয়ে পড়েন।
আমরা মনে করি, সরকার যদি সত্যিই এই দুর্বৃত্তদের শাস্তির আওতায় আনতে এবং নাশকতামূলক কাজ ঠেকাতে চায়, তবে প্রথমত যথাযথ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপকর্মের প্রস্তুতিপর্বেই সুনির্দিষ্ট প্রমাণসহ তাদের আটক করতে হবে। দ্বিতীয়ত, এমন কৌশল নিতে হবে, যাতে ঘটনাস্থল থেকেই হাতেনাতে তাদের গ্রেপ্তার করা যায়। গতানুগতিক অভিযানের পরিবর্তে এ ধরনের কৌশল নিলেই সাধারণ জনগণের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা কমবে এবং প্রকৃত দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করা যাবে।