নাসিরনগরে পাইকারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে যখন দুর্বৃত্তরা হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ছিল। কেবল তা–ই নয়, যেই সমাবেশ থেকে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছিল, সেই সমাবেশে বক্তৃতা করেছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউএনও। এটি অমার্জনীয় হলেও সরকার তাঁদের প্রত্যাহার করেই দায়িত্ব শেষ করেছে। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
নাসিরনগরের ঘটনায় গতকাল প্রথম আলোয় ‘শিকলে বেঁধে রাখা ব্যক্তিও আসামি’ শিরোনামে যে খবর প্রকাশিত হয়, সেটি খুবই উদ্বেগজনক। পুলিশ সেখানে সহিংসতা থামাতে তো পারেইনি, এখন আসামি ধরার নামে তামাশা করছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাঁরা যে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে, তাঁদের মধ্যে মানসিকভাবে অসুস্থ যুবক, ৬০ বছরের দিনমজুর, মুদি দোকানি, বিয়ের অনুষ্ঠানে কিংবা মায়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আসা ব্যক্তিও রয়েছেন। অভিযোগপত্রে পুলিশ তাঁদের দাঙ্গাবাজ, উচ্ছৃঙ্খল ও লাঠিয়াল প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত করলেও, তাঁরা এ ঘটনায় জড়িত সেটি প্রমাণ করতে পারেনি।
জেলার পুলিশ সুপারের দাবি, ভিডিও ফুটেজ ও আটক ব্যক্তিদের জবানবন্দি থেকে তাঁরা আসামি শনাক্ত করেছেন। ভিডিও ফুটেজে ১৩ থেকে ২০ বছর বয়সী ব্যক্তিদের দেখা গেছে। অথচ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬০ বছরের বৃদ্ধও রয়েছেন। আর আটক ব্যক্তিদের কাছ থেকে কীভাবে জবানবন্দি নেওয়া হয়, তা কারও অজানা নয়।
আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা মনে করেন, সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। বিভিন্ন মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি। সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগ যে দুই স্থানীয় আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে, পুলিশ তাঁদেরও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। গণমাধ্যমের খবর ছিল, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই নাসিরনগরে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সেদিকে না গিয়ে হাওয়ায় ছড়ি ঘোরাচ্ছে। তদন্তকারী ব্যক্তিদের কাজকর্ম দেখে মনে হয় তাঁরা অপরাধীদের ধরতে নয়, তাঁদের আড়াল করতেই তৎপরতা দেখাচ্ছেন। এটি চলতে পারে না।