নাসিরনগরে লাঠি-বাঁশি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে নাসিরনগরের ১২টি মহল্লায় উঠান বৈঠক করে শতাধিক বাসিন্দার মধ্যে লাঠি-বাঁশি ও টর্চ বিতরণ করেন বলে জানিয়েছে সোমবারের প্রথমআলো। উঠান বৈঠক জনসংযোগের ভালো উপায় হতে পারে, কিন্তু লাঠি-বাঁশি বিতরণ কোন ধরনের নিরাপত্তা কার্যক্রম? গত ৩০ অক্টোবর নাসিরনগরে হামলা হতে পেরেছে পুলিশের ব্যর্থতার জন্য। পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে বহিরাগত দুর্বৃত্তরা দল বেঁধে এলাকায় তাণ্ডব চালায়। পুলিশ কেন হামলাকারীদের প্রতিহত করতে পারল না; তার জবাবদিহি কি চাওয়া হয়েছে? প্রকাশ্যে ঘোষণা দিয়ে যেভাবে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল; আগাম ব্যবস্থা নিলে প্রশাসন তা ঠেকাতে পারত। সেই গা​িফলতি লোক–দেখানো কর্মসূচি দিয়ে আড়াল করা যাবে না। বরং এর মাধ্যমে আতঙ্কগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে একপ্রকার পরিহাসই করা হলো।

জনগণের নিরাপত্তা দেওয়া এবং সমাজে শান্তি রক্ষা করার জন্যই পুলিশ বাহিনীকে প্রতিপালন করা হয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অপরাধী ও শান্তিভঙ্গকারীদের দমন করার দায়িত্ব পুলিশের। সাধারণ মানুষের কাজ নয় দুর্বৃত্তদের সঙ্গে লাঠি নিয়ে মারামারি করা। তা ছাড়া সংঘবদ্ধ ও সশস্ত্র দুর্বৃত্তের সামনে লাঠি-বাঁশি নিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। পরিস্থিতি আরও গুরুতর হলে তখন কি পুলিশ সাধারণ মানুষের হাতে বন্দুক তুলে দেবে?

শেষ খবর, পুলিশ মন্দিরগুলোতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। আবারও বলতে হয়, ক্যামেরা হয়তো পরে অপরাধী শনাক্তে কাজে দেবে; কিন্তু ঘটনা ঘটার সময় পুলিশ যাতে তৎপর হয়, রাজনৈতিক দলে যাতে অপরাধীরা আশ্রয় না পায়, তা নিশ্চিতে কিছু করা হলো কি?