হকারদের বাধার মুখে পড়া ছাড়াই বুধবার রাজধানীর নিউমার্কেটের চারপাশের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর আগে মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকাতেও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত হওয়ায় লোকজন সেখানে নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এটা খুবই ভালো একটি খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবারও এসব ফুটপাত দখল হয়ে যাবে না তো?
ঢাকার অন্যতম বড় সমস্যা হকারদের অবৈধভাবে ফুটপাত দখল। মানুষের চলার পথ দখল করে তাঁদের বেচাকেনায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। রাজধানীর বহু এলাকার ফুটপাত অনেক আগেই স্থায়ী বাজারে পরিণত হয়েছে। ফুটপাতজুড়ে পলিথিনের ছাউনি টানিয়ে বসেছে পোশাকসহ নানা পণ্যের দোকান।
যানজট ও জনদুর্ভোগ কমাতে ডিএসসিসি কর্তৃপক্ষ এর আগেও ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে নানা পদক্ষেপ নিয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে হলিডে মার্কেট চালু করা হয়েছিল বেশ কয়েক বছর আগেই। এ ছাড়া সরাসরি দোকান ভেঙে দিয়ে হকারদের উচ্ছেদ করা হয়েছিল বেশ কয়েক দফা। কিন্তু কিছুদিন না যেতেই আবার যে কে সেই। হকাররা আবার আগের মতো ফুটপাত ও সড়ক দখল করে পণ্যের পসরা নিয়ে বসে যান। এতে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে তাঁদের সড়ক দিয়ে হাঁটতে হয়। ফলে সৃষ্টি হয় যানজটের।
অভিযোগ আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৎ কিছু কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী ব্যক্তিদের সহযোগিতায় ঢাকার ফুটপাতগুলো দখল হয়ে আছে। এর পেছনে রয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের যোগসাজশও। কিন্তু এ রকম তো বেশি দিন চলতে পারে না। ঢাকার দুই সিটি করপোরেশনকে এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে হবে। তবে এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনসহ সবার সহযোগিতা খুব প্রয়োজন। পুলিশ প্রশাসনের সহায়তায় হকারদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। প্রভাবশালী ব্যক্তিরা বা চাঁদাবাজেরা যাতে এ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করার আগে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে কোনো উদ্যোগই সফল হবে না।