যার শুরু আছে, তার শেষও আছে—এ কথা মামলা-মোকদ্দমার ক্ষেত্রে খুব একটা ব্যবহৃত হয় না। কারণ, মামলা নিষ্পত্তি নিয়ে জনসাধারণের অভিজ্ঞতা সুখকর নয়। এমন বহু মামলা আছে, যা বছরের পর বছর চলতে থাকে। বাদী আর বিবাদী দুজনে মরে যাওয়ার পরও অনিষ্পন্ন থেকে যায় বহু মামলা। আর বিচারপ্রার্থী যদি দরিদ্র হন, মামলা চালানোর সামর্থ্য যদি তাঁর না থাকে, তাহলে তো কথাই নেই। উকিলের ফি দিতে না পারায় মামলা ঝুলে থাকে। দরিদ্র মানুষের জন্য বিচার পাওয়া দুরূহ হয়ে ওঠে।
আনন্দের কথা হলো, সরকার এসব হতভাগ্য মানুষের জন্য বিনা খরচায় আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা রেখেছে। আর দুঃখের বিষয় হলো, এই সুবিধা থাকার কথা বেশির ভাগ মানুষ জানে না। এই সুবিধা নিশ্চিত করার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলায় জেলায় কমিটি করেছে। কিন্তু বেশির ভাগ জেলার কমিটি তেমন একটা সক্রিয় নয়। এ ক্ষেত্রে ব্যতিক্রম ভূমিকা রেখেছে কুষ্টিয়া জেলা। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কুষ্টিয়া কমিটির কাছ থেকে বিনা খরচে গত চার বছরে জেলার ১ হাজার ৭১২ জন অসহায় মানুষ সহায়তা পেয়েছে। এর মধ্যে নারী ১ হাজার ৮৯, পুরুষ ৬১৯ ও শিশু ৪ জন। আবেদনগুলোর মধ্যে ৭৫৬ জনের বিচার নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন রয়েছে ৯৫৬টি আবেদন। তবে চলতি বছর আবেদন জমা পড়েছে ৩০৫টি। এর মধ্যে নারী ১৯৩ জন ও পুরুষ ১১২ জন।
এ সহায়তা গ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানো ও জেলার প্রত্যন্ত অঞ্চলে সহায়তার কথা তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন জেলা ও দায়রা জজ এবং জেলা কমিটির চেয়ারম্যান অরূপ কুমার গোস্বামী। এর অংশ হিসেবে কুষ্টিয়া আদালতের সম্মেলনকক্ষে একটি কর্মশালা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সরকার দেশের গরিব-দুস্থদের বিনা পয়সায় আইনি সহায়তা দিচ্ছে। বিষয়টি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। সারা দেশের দরিদ্র মানুষের জন্য আইনি সহায়তা আরও সহজ করতে ১ নভেম্বর থেকে বিডি লিগ্যাল এইড নামে অ্যাপস তৈরি করা হয়েছে। অনলাইনেও আবেদন করা যাবে। অ্যাপসের মাধ্যমেই মামলার যাবতীয় তথ্য আবেদনকারীর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে মামলার খোঁজখবর নিতে আদালতে যাওয়া লাগছে না।
কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলায় আইনগত সহায়তা কমিটি রয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে বাকি চার উপজেলায়ও কমিটি করা হবে। আর ২০১৯ সালের মধ্যে জেলার সব ইউনিয়নে কমিটি করা হবে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কুষ্টিয়া কমিটি এই কার্যক্রম নিয়ে যতটা সচেষ্ট হয়েছে, দেশের অন্য জেলাগুলোর কমিটি ততটা তৎপর হলে দেশের বিচারব্যবস্থার চেহারা বদলে যেত।