নিখোঁজ চার তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকা থেকে একসঙ্গে চার তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক। এই চারজন তরুণের মধ্যে সাফায়াত হোসেন ও জাইন হোসেন খান (পাভেল) বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, মেহেদি বরিশালের বিএম কলেজের ছাত্র ও সুজন ড্যাফোডিল থেকে তথ্যপ্রযুক্তিতে কোর্স করে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
পত্রিকায় প্রকাশিত খবরের তথ্যের ভিত্তিতে কেউ কেউ হয়তো এই তরুণদের নিখোঁজ হওয়ার সঙ্গে অতীতে জঙ্গিবাদে যুক্ত তরুণদের নিখোঁজ হওয়ার ঘটনার মিল খুঁজে পেতে পারেন। পুলিশের তরফেও এমন ধারণা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বনানী কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে রেস্তোরাঁয় চার তরুণকে একত্রে দেখা গিয়েছিল। নিখোঁজ হওয়ার পর ওই চার তরুণের অভিভাবকদের পক্ষ থেকে থানায় দুটি ডায়েরি করা হয়েছে। তবে নিখোঁজ তিনজনের অভিভাবকেরা বলছেন, তাঁদের সন্তানেরা খুব সাধারণ পর্যায়ে ধর্মকর্ম করতেন। সন্দেহ করার মতো কিছু চোখে পড়েনি। আমরা মনে করি, কোনো স্বতঃসিদ্ধ ধারণার ওপর ভিত্তি করে এই ঘটনাকে দেখা বা তদন্তের সুযোগ নেই।
যে প্রশ্নগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা হলো, এই তরুণেরা কি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন? অথবা তাঁরা কি কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন? যদি স্বেচ্ছায় নিখোঁজ হয়ে থাকেন তবে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। হলি আর্টিজানে ট্র্যাজেডি ঘটানোর আগেও বেশ কয়েকজন যুবক নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীকালে উদ্ঘাটিত হয় যে, তাঁরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। ওই জঙ্গিদের সূত্র ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশ কিছু সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে। অনেকেই বন্দুকযুদ্ধের শিকার হয়েছেন।
পুলিশের ধারণা অনুযায়ী যদি জঙ্গিবাদের সঙ্গে এই চার তরুণের যোগসাজশ থেকে থাকে তবে তা জনমনে নতুন উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াবে। এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, হলি আর্টিজানের ঘটনার সঙ্গে জড়িত সবাই ধরা পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে কোনো গোষ্ঠী যদি তাদের তুলে নিয়ে বা অপহরণ করে থাকে, তবে সেটাকেও ভয়াবহ ঘটনা বলেই মানতে হবে।
চার তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাটির রহস্যভেদ এখন সবচেয়ে জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারেরই দায়িত্ব তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে রহস্য উদ্ঘাটন করা এবং কী ঘটেছে, তা জনগণকে জানানো। তাঁরা কোনো অপরাধ বা ষড়যন্ত্রে জড়িত থাকলে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পথ তো আছেই।