
রংপুরের নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের পরিবার ও রংপুরবাসীর উদ্বেগ-আশঙ্কা প্রলম্বিত হচ্ছে। কেননা, তিনি নিখোঁজ হওয়ার চার দিন পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো ক্লু বা সন্ধানসূত্র খুঁজে পায়নি, যা অবলম্বন করে তাঁর সন্ধানকাজে এগিয়ে যাওয়া যায়। তাঁকে উদ্ধার করার দাবিতে আন্দোলনরত রংপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্থানীয় সরকারি প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে, রংপুরের জেলা প্রশাসক তাদের এই বলে আশ্বস্ত করতে চেয়েছেন যে প্রশাসন রথীশ চন্দ্র ভৌমিককে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অতীতের অনেক দুঃখজনক অভিজ্ঞতা থেকে এ ধরনের আশ্বাসবাণীতে স্বস্তি বোধ করা কিংবা আশ্বস্ত হওয়া কঠিন।
রথীশ চন্দ্র ভৌমিক ক্ষমতাসীন আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক; তিনি রংপুরের এক বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি, রংপুর আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক, রংপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও রংপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি। রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রের এ রকম একজন প্রভাবশালী ও সুপরিচিত ব্যক্তি যখন নিখোঁজ হয়ে যান, তখন সাধারণ নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার বোধ প্রকট না হয়ে পারে না। তাঁকে খুঁজে বের করার দাবিতে রংপুরবাসীর আন্দোলনকে সেই আলোকেই দেখা উচিত; এটা শুধু একজন ব্যক্তির জীবনের নিরাপত্তার বিষয় নয়, সবার নিরাপত্তাহীনতার উদ্বেগ এই আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে।
রথীশ চন্দ্রের নিখোঁজ হওয়ার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। তাঁর আগেও অনেক মানুষ নিখোঁজ হয়েছেন, তাঁদের কারও মৃতদেহ পরে উদ্ধার হয়েছে, কেউ উদ্ভ্রান্ত অবস্থায় ফিরে এসে নীরব হয়ে গেছেন, অন্যদের কোনো খোঁজই পাওয়া যায়নি। যাঁরা দীর্ঘ সময় ধরে নিখোঁজ রয়েছেন, তাঁদের ব্যাপারে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দায়িত্ব এড়ানোর প্রবণতা দুঃখজনক মাত্রায় বেড়েছে। নিখোঁজ ব্যক্তিকে কোনো আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে যায়নি—এ রকম বক্তব্য দিয়েই দায় সারার প্রবণতা লক্ষ করা যায়। কিন্তু নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা বা অন্তত তাঁদের কী পরিণতি হয়েছে, সে সম্পর্কে তাঁদের পরিবারসহ দেশবাসীকে অবগত করা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দায়িত্ব—এই বোধটাই যেন হারিয়ে গেছে।
তাই নিখোঁজ বা গুম হওয়ার প্রতিটি ঘটনা জনমনে বাড়তি উদ্বেগ সৃষ্টি করে; মানুষের নিরাপত্তাহীনতার বোধ কমতে থাকে, সেই সঙ্গে কমতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাব্যবস্থার ওপর আস্থা। আমাদের অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার সর্বাত্মক প্রয়াসের মধ্য দিয়ে জনগণের স্বাভাবিক নিরাপত্তার বোধ ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর জন-আস্থা ফিরিয়ে আনতে হবে।
যত দ্রুত সম্ভব রথীশ চন্দ্র ভৌমিকের সন্ধান পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তের চ্যালেঞ্জ।