দেশের ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাশীল অবকাঠামো প্রকল্পটির পরিণতি এবং নীতিনির্ধারকদের সর্বশেষ ‘একলা চলো’ মনোভাব দেখে ধারণা করা যায়, এ বিষয়ে নতুন কিছু লেখার প্রয়োজন ফুরিয়েছে। যে বিষয়টির ওপর সেতু প্রকল্পটির বর্তমান ও ভবিষ্যৎ ঝুলে গেল—সেটি আজকাল আর বেড় বিষয় নয়। মাত্র কিছুদিন আগে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি এক সমীক্ষায় প্রকাশ করেছে, ২০০১ সাল থেকে পরবর্তী ১০ বছরে বাংলাদেশ থেকে মোট এক হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে। এই অর্থ পাচার সম্ভব হয়েছে মিথ্যা ইনভয়েস, দুর্নীতি, ঘুষ, কর ফাঁকি ইত্যাদির মাধ্যমে। বিশ্বের মোট ১৪৩টি উন্নয়নশীল দেশের মধ্যে এই অর্থ পাচারের হিসাবে বাংলাদেশের অবস্থান ৪৪তম, আর এশিয়ার মধ্যে দ্বিতীয়। এই রিপোর্টে উদ্ঘাটন করা হয়েছে যে প্রতিবছর বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে দুই হাজার কোটি থেকে চার হাজার কোটি টাকার সম্পদ উন্নত দেশগুলোতে পাচার হয়ে যায়। বলা বাহুল্য, বেআইনিভাবে অর্জিত এই সম্পদের অবৈধ দেশান্তরের ফলে উন্নয়নশীল দেশগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি লাভবান হয় উন্নত দেশগুলো। যেসব উন্নত বিশ্ব দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলে, সেসব দেশই আবার স্বল্পোন্নত দেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের অভয়ারণ্য বলে চিহ্নিত এবং স্বীকৃত, এবং সেই নিরাপত্তার কারণেই আমাদের মতো দেশের সম্পদ অবৈধভাবে দেশান্তরি হয়। দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং পাচারকৃত অবৈধ অর্থ সুরক্ষায় উন্নত বিশ্বের সুযোগ-সুবিধা, আবার দেশে দেশে দুর্নীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পরস্পর বিরোধী। আইনের দৃষ্টিতে দুর্নীতি আমাদের দেশে যেমন অপরাধ, উন্নত বিশ্বেও তা-ই। পার্থক্য হচ্ছে, আমাদের মতো দেশে দুর্নীতি করে পার পাওয়া যায় এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। ক্ষমতাশালীদের পৃষ্ঠপোষকতায় আইনের এই অসম প্রয়োগই আমাদের মতো দেশগুলোতে সামাজিক অবিচারের অন্যতম প্রধান উৎস। পৃথিবীর দেশে দেশে দুর্নীতিকে সম্পূর্ণ নির্মূল করা বিশ্বব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়, তাই আইনের সুষম প্রয়োগের বিষয়টিকেই হয়তো বিশ্বব্যাংক পদ্মা সেতুর বিষয়ে নিশ্চিত করতে বলেছিল।আজ পদ্মা সেতু নিয়ে যত পানি ঘোলা হচ্ছে, তার কিছুই হতো না, যদি প্রথমেই সরকার বিশ্বব্যাংকের শর্ত মেনে নিত কিংবা প্রথমেই সাফ জবাব দিয়ে দিত যে বিশ্বব্যাংকের শর্ত মানার কোনো প্রয়োজন নেই, আমরা বিকল্প অর্থায়নের ব্যবস্থা করতে পারব। সে ক্ষেত্রে এখন যে রকম নিজস্ব অর্থায়নের কথা বলে কেঁচে গণ্ডূষ করতে হচ্ছে, তা করতে হতো না। উপরন্তু, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন-চার কোটি মানুষের স্বপ্নের সেতুটির কাজ অন্ততপক্ষে কিছুদূর এগিয়ে যেত, সরকারও সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হতো যে সেতুটি নির্মাণে তাঁদের অঙ্গীকার বিশুদ্ধ। এটি তারা রাজনৈতিকভাবেও লাভবান হতো। তবে বাংলাদেশের পক্ষে প্রথম থেকেই বিশ্বব্যাংকের ঋণ-প্রস্তাব ফিরিয়ে দেওয়া যেমন কঠিন হতো, তেমনি হতো অযৌক্তিকও। স্বাধীনতার পর থেকে এযাবৎ বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার ঋণ-সহায়তা পেয়েছে। এমনকি ২০১১ সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে ৩০০ কোটি ডলারের সহায়তা পায়। বর্তমানেও বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রায় ৪০০ কোটি ডলারের প্রকল্প চলমান রয়েছে। এ রকম সুসম্পর্ক এবং অতীত অভিজ্ঞতা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কী কারণে বাংলাদেশের এই মর্যাদাশীল এবং অর্থনৈতিকভাবে অসীম গুরুত্বপূর্ণ প্রকল্পটি নিয়ে বিমুখ হলো, তার পটভূমি কারও অজানা নেই। এই সেতু প্রকল্পের ঋণচুক্তি সম্পাদনের পর বিশ্বব্যাংক মূলত দুটি দুর্নীতির অভিযোগ উত্থাপন করে, একটি সেতু নির্মাণে কার্যাদেশ পাওয়ার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য যোগাযোগমন্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবহার করার চাপবিষয়ক, আরেকটি, নির্মাণকাজ তদারকিতে পরামর্শক নিয়োগসংক্রান্ত। এটা স্বীকৃত বিষয় যে সেতুটি নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ সহজতর এবং সুলভ হবে শুধু তা-ই নয়, এই সেতু বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগের নৈকট্যও বাড়াবে। আমাদের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলার ব্যবহার বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে। শুধু এই সেতুর কারণে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বেড়ে যাবে। আঞ্চলিক প্রবৃদ্ধিও বাড়বে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। প্রাথমিক সমীক্ষায় হিসাব করা হয়েছিল যে চালু হওয়ার পরই (২০১১-১২ সালে) এ সেতু দিয়ে দৈনিক প্রায় ২১ হাজার গাড়ি চলাচল করবে, ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৪২ হাজারে। যমুনা সেতু নির্মিত হওয়ার পর দেশের উত্তরাঞ্চলের জনজীবন এবং অর্থনীতির যতটুকু উন্নয়ন ঘটেছিল, পদ্মা সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের জনপদ এবং অর্থনীতি প্রত্যক্ষ করবে তার চেয়ে অনেক গুণ বেশি উন্নয়ন, যা প্রকারান্তরে প্রত্যক্ষ ভূমিকা রাখবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। দক্ষিণাঞ্চলে রয়েছে শিল্পাঞ্চল, সমুদ্রবন্দর এবং শ্বেতস্বর্ণ বলে পরিচিত রপ্তানিযোগ্য চিংড়ি চাষ এবং প্রক্রিয়াকরণ শিল্প। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রস্তাবিত সেতুটি রাখতে পারবে অপরিসীম অবদান। এই বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার সেতুটি নিয়ে দুই বছর ধরে সরকার বনাম বিশ্বব্যাংকের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছিল, সেটার সমাপ্তি ঘটল মাত্র। সাধারণত এজাতীয় ক্ষেত্রে স্বস্তি আসে, কিন্তু এই সমাপ্তিটি ঘটল মানুষের মধ্যে একধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা জাগিয়ে রেখে। সরকারের নীতিনির্ধারক মহলেও কি অস্বস্তি এবং উদ্বেগ সৃষ্টি হয়নি? পদ্মা সেতু এবং বিশ্বব্যাংকের কর্মকাণ্ড সম্পর্কে অর্থমন্ত্রী এবং যোগাযোগমন্ত্রীর সমন্বয়হীন বক্তব্যে এই উৎকণ্ঠার বিষয়টি চাপা থাকেনি। কারণ, নিজস্ব অর্থায়নের কথা বারবার বললেও এখন পর্যন্ত তার বিশ্বাসযোগ্য এবং বাস্তবভিত্তিক সূত্র কিংবা ইঙ্গিত কেউই দিতে পারেননি। দেশপ্রেমিক সচেতন মানুষ এবং অর্থনীতিবিদদের একাংশ সব সময়ই বিশ্বব্যাংক তথা যেকোনো আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার বিরোধিতা করে এসেছে, কারণ, এজাতীয় ঋণ-সহায়তা নানা ধরনের যৌক্তিক-অযৌক্তিক শর্তে বাধা থাকে। ফলে অধিকাংশ ক্ষেত্রে এসব ঋণ গ্রহণের প্রতিক্রিয়া হয় বিরূপ এবং ক্ষেত্রবিশেষে দীর্ঘ মেয়াদে দেশের স্বার্থবিরোধী। এতদসত্ত্বেও আমাদের মতো দেশের পক্ষে দাতাগোষ্ঠীর কাছ থেকে ঋণ গ্রহণ না করে উপায় থাকে না। পদ্মা সেতুর মতো বিশালাকার প্রকল্পের কথা বাদ দিলেও অনেক ছোট এবং মাঝারি প্রকল্পও আমরা বিশ্বব্যাংকের ঋণ-সহায়তা ছাড়া চালাতে পারি না। তবে খুব আত্মপ্রত্যয় এবং সংযমী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে যেকোনো প্রকল্পই দেশের নিজস্ব সম্পদ থেকে বাস্তবায়ন করা যায়। এই ধরনের সংকল্প এবং প্রত্যাশার মধ্যে থাকে হয়তো আবেগ এবং দেশপ্রেম, কিন্তু বাস্তবতা ও অর্থনৈতিক যৌক্তিকতা থেকে বিচার করলে সব সময় নিজস্ব অর্থায়নের এই ভাবনা গ্রহণযোগ্য থাকে না। অনেকের মতে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্য পন্থাগুলো হতে পারে দেশের সব কটি আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে দেওয়া ঋণকে দীর্ঘমেয়াদি স্টক বা সিকিউরিটিতে পরিণত করা, সেতু সংস্থা কর্তৃক শেয়ার বা বন্ড ইস্যু, দেশি-বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত যৌথ বিনিয়োগ, সম্পূর্ণভাবে কোনো বৃহৎ বিদেশি কোম্পানিকে নির্মাণ এবং রাজস্ব আদায় দীর্ঘ মেয়াদে ছেড়ে দেওয়া, সরকারের অন্যান্য কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে সেই অর্থ ব্যবহারের মাধ্যমে ইত্যাদি। বাস্তবতা হলো, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা কথা স্মরণে রাখতে হবে যে এত বিশাল প্রকল্পে অর্থায়নের খরচ তথা সুদের হার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বব্যাংকের প্রস্তাবিত ঋণের সুদের হার ছিল সস্তা, মাত্র দশমিক ৭৫ শতাংশ, অথচ বিকল্প ব্যবস্থার কোনোটির সুদের হার এত কম হবে না। বিদেশি বিনিয়োগকারীরা যদি নির্মাণ এবং টোল আদায়ের শর্তে রাজিও হয়, সে ক্ষেত্রে টোলের হার হবে অত্যধিক বেশি, যা সেতু নির্মাণের মূল অর্থনৈতিক উদ্দেশ্যকেই ব্যাহত করবে। আবার সরকার যদি অন্য উন্নয়ন প্রকল্পের অর্থ পদ্মা সেতু নির্মাণে ব্যয় করে, তাহলে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই হোঁচট খাবে না, স্থবির হয়ে থাকবে দেশের উন্নয়ন। দরিদ্র মানুষ অট্টালিকা তৈরি করতে গিয়ে যদি অর্ধাহারে কাটায় ব্যাপারটা যেমন হবে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করলে বাংলাদেশের অবস্থাও হবে তেমনই।সেতুটি নির্মাণ করতে যদি পাঁচ বছর সময় লাগে, সে হিসাবে ২৪ হাজার কোটি টাকা নিশ্চয়ই একসঙ্গে খরচ করতে হবে না, কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ব্যয়ের বৈদেশিক মুদ্রার অংশ, যা প্রায় দুই-তৃতীয়াংশ। এ জন্য আমাদের বিদেশি সহায়তার প্রয়োজন ছিল। কারণ, আমাদের বিদেশি মুদ্রার সঞ্চিতি আপাতস্বস্তিকর প্রতিভাত হলেও সেই অর্থ এজাতীয় অবকাঠামো খাতে ব্যয় করা প্রথাসিদ্ধ ও বাঞ্ছিত নয়। সরকার সার্বভৌম বন্ড ছেড়ে বিদেশি মুদ্রার ব্যবস্থা করতে পারলেও তা বিশ্বব্যাংকের ঋণের মতো সস্তা পড়বে না। জানা গেছে, পদ্মা সেতুর জন্য আলাদাভাবে কর আদায়ের জন্য রাজস্ব বিভাগ ইতিমধ্যে যে ছক তৈরি করেছিল, তার মাধ্যমে অভ্যন্তরীণভাবে বছরে ১০ হাজার কোটি টাকা জোগাড় করা সম্ভব। অর্থাৎ আড়াই বছরে স্থানীয় মুদ্রায় সেতু নির্মাণের ব্যয় তুলে আনা যায় দেশের জনগণের কাছ থেকে, যদিও তার সম্ভাব্য পরিণতি এবং প্রতিক্রিয়া কেমন হবে, তা ধরা হয়নি। তবু বিদেশি মুদ্রানির্ভর এই প্রকল্পটির পরিণতি ঝুলে থাকবে বৈদেশিক মুদ্রা জোগাড়ের প্রশ্নে। পদ্মা সেতু নিয়ে আজ এত কথা উঠত না, যদি বিশ্বব্যাংকের সঙ্গে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চলা মতানৈক্যের বিষয়টি সরকার ও দেশের ভাবমূর্তি এবং সরকারের একজন মন্ত্রীর (সাবেক) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কিত না হতো। অধিকার সচেতন মানুষ ঋণ নিয়ে সেতুটি গড়তে চান না—এ কথা যেমন ঠিক, আবার অর্থায়নের বিকল্প পন্থাও সীমিত। সেই পন্থা যদি আবিষ্কার করাও যায়, দেখতে হবে সেটা যাতে রাজনীতি প্রভাবিত এবং ব্যয়বহুল না হয়। সুতরাং স্বল্পমেয়াদি ফায়দার কথা চিন্তা না করে দেখতে হবে, দেশের এযাবৎকালের মধ্যে বৃহত্তম প্রকল্পটি যাতে রাজনীতি ও দুর্নীতির প্রভাবমুক্ত থাকে এবং ব্যয়সাশ্রয়ী হয়—সেটাই এখন জাতির প্রত্যাশা। ফারুক মঈনউদ্দীন: ব্যাংকবিষয়ক বিশ্লেষক।[email protected]