জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব গ্যাসের ওপর নির্ভরতা দিন দিন কমছে। এর একটি কারণ আমাদের বিদ্যুতের চাহিদা যে হারে বাড়ছে, তাতে বিদ্যুৎ উৎপাদনে শুধু নিজস্ব গ্যাসের ওপর নির্ভর করা যাচ্ছে না। অন্যদিকে দেশের গ্যাস উৎপাদন কমছে, অনেক গ্যাসক্ষেত্রের মজুত ধারণা করা সময়ের আগেই ফুরিয়ে যাচ্ছে। এই হতাশাজনক পরিস্থিতি দেশের জ্বালানিনিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয়।
গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে যে পরিমাণ গ্যাস পাওয়ার আশা করা হয়েছিল, তা মিলবে না। এই ক্ষেত্রগুলোর মজুত আগেই শেষ হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার পথ হচ্ছে গ্যাস অনুসন্ধান এবং নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গ্যাস অনুসন্ধানের বিষয়টি কার্যত উপেক্ষিত। বাংলাদেশ যে মাত্রায় গ্যাসের সংকটে ভুগছে, তাতে অব্যাহত অনুসন্ধান চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এ ধরনের পরিস্থিতিতে যেখানে বছরে অন্তত পাঁচটি বা এর চেয়ে বেশি অনুসন্ধান কূপ খনন করা উচিত, সেখানে গত ১০ বছরের হিসাব বিবেচনায় নিলে দেখা যায়, বছরে গড়ে একটি করেও অনুসন্ধান কূপ খনন হয়নি। সরকারের এমন নীতিগত অবস্থান সত্যিই বিস্ময়কর।
দেশ বর্তমানে গ্যাসের যে সংকটে পড়েছে এবং প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের চাহিদা যেভাবে বাড়ছে, তা মোকাবিলায় সরকার তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে। সাময়িক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগকে যৌক্তিক বিবেচনা করা যেতে পারে, কিন্তু নিজস্ব গ্যাস অনুসন্ধানের বিষয়টিকে যে সরকার কার্যত শিকেয় তুলে রেখেছে, তা কতটুকু যৌক্তিক? নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে না পারলে আমাদের আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা দিন দিন বাড়তেই থাকবে। সবচেয়ে বড় কথা, এই এলএনজি আমদানি করতে হবে উচ্চমূল্যে।
দেশের জ্বালানিনিরাপত্তার স্বার্থে এবং বৈদেশিক মুদ্রা বাঁচাতে গ্যাসসহ নিজস্ব জ্বালানিসম্পদ আহরণ ও ব্যবহারের বিষয়টিই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য ও নীতি। অথচ সরকার সে পথে হাঁটছে না। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার নিষ্পত্তি হয়েছে সেই ২০১২ সালে আর ভারতের সঙ্গে হয়েছে ২০১৪ সালে। মিয়ানমার এরপর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করে একাধিক ক্ষেত্রের সন্ধান পেয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো কিছুই করতে পারেনি। সমুদ্রসীমা জয় নিয়ে এত মাতামাতি হলো, কিন্তু ফল ভোগ করার কোনো উদ্যোগ-আয়োজন নেই। এলএনজি আমদানিকেই যেন আমরা সব সমস্যার সমাধান ধরে নিয়েছি।
আমরা মনে করি, দেশের জ্বালানিনিরাপত্তার স্বার্থে ও আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে জরুরি ভিত্তিতে ব্যাপক গ্যাস অনুসন্ধান তৎপরতা শুরু করা উচিত। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের যেসব স্থানে অনুসন্ধান কার্যক্রম হয়নি, সেই অঞ্চলগুলোকে এর আওতায় এনে অনুসন্ধান চালাতে হবে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে সব ধরনের আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে।