নিজামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর রায়ের মধ্য দিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে। জাতি এখন এর চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় আছে। এ পর্যন্ত যে কজন যুদ্ধাপরাধীকে ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করেছেন, তার মধ্যে নিজামীর মৃত্যুদণ্ডের রায়টি সব দিক দিয়ে তাৎপর্যমণ্ডিত। একাত্তরে পদ্ধতিগতভাবে তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থেকেও স্বাধীন বাংলাদেশে মন্ত্রিত্ব করেছেন, তাঁর গাড়িতে শহীদের রক্তে ভেজা জাতীয় পতাকা উড়েছে। এটি ছিল সমগ্র জাতির জন্যই আপমানকর। এতে লাখো শহীদ পরিবারের আবেগ-অনুভূতি দারুণভাবে আহত হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, নিজামীসহ জামায়াতে ইসলামীর নেতারা কখনোই কৃতকর্মের জন্য ক্ষমা চাননি বা অনুশোচনা করেননি।
আলবদর বাহিনীর প্রধানের ফাঁসিআদালত তাঁর পর্যবেক্ষণে যথার্থই বলেছেন, জামায়াতে ইসলামী নামের দলটির বর্তমান প্রধান হিসেবে মতিউর রহমান নিজামীর বিচার হয়নি, বিচার হয়েছে আলবদর বাহিনীর প্রধান হিসেবে, যে বাহিনী একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে সরাসরি গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যায় লিপ্ত ছিল। এটা খুবই দুঃখজনক যে এসব ঘৃণ্য অপরাধে যুক্ত থাকার পরও বিএনপি রায়ের বিষয়ে নীরব। তাদের এই নীরবতা অগ্রহণযোগ্য। মনে রাখা প্রয়োজন, বর্তমান রাজনৈতিক মেরুকরণে জামায়াত
তাদের যতই মিত্র হোক না কেন, বিএনপির বহু নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা একাত্তরে রাজাকার-আলবদরদের জিঘাংসার শিকার হয়েছেন। তাই, বিএনপির উচিত নীরবতা ভেঙে বিচারের রায়কে স্বাগত জানানো এবং হরতাল প্রত্যাহারে জামায়াতকে চাপ দেওয়া।
ট্রাইব্যুনালের রায়ে নিজামীর দ্বারা পবিত্র ইসলাম ধর্মের অপব্যবহার সম্পর্কে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আশা করব, আদালতের এই মূল্যায়ন কেবল যুদ্ধাপরাধী ও তাদের সংগঠনই নয়, এটা সব ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছেও যথাযথ বার্তা পৌঁছাবে।
নিজামীর ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমোচনে আরেক ধাপ এগোল।