নিজের আইন নিজেই ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাপ তথা ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার বাইরে যথেচ্ছ পা ফেলছে সরকার, যা কেবল অনাকাঙ্ক্ষিত নয়, আত্মঘাতীও। ড্যাপ করা হয়েছিল বিজ্ঞান ও পরিবেশসম্মত পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে। ঢাকাকে টেকসই ও বাসযোগ্য করার এটাই ন্যূনতম শর্ত। অথচ বন্যাপ্রবাহ এলাকা, জলাশয় ও কৃষিজমিতে ৮৫টি প্রকল্পের অনুমোদন দিয়ে সরকার খোলাখুলিভাবে ড্যাপকে পঙ্গু করে দিল। এই কাজ করেছে ড্যাপ বাস্তবায়নের দায়িত্বে থাকা মন্ত্রিসভার কমিটি। রক্ষকের ভক্ষকে পরিণত হওয়ার এ এক চরম উদাহরণ।
বসবাসের জন্য ঢাকা পৃথিবীর অন্যতম নিকৃষ্ট শহর। নগর পরিকল্পনার আওতায় আনার বদলে বৃহত্তর ঢাকা চলে গেছে স্বার্থান্বেষী আবাসন কোম্পানি, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রকল্প ও দখলদারদের হাতে। এর পরিণাম হলো, বৃহত্তর ঢাকার প্রায় দুই কোটি মানুষকে বন্যা ও জলাবদ্ধতা, যানজট এবং প্রাকৃতিক বিরূপতার অভিশাপে রাখার চিরস্থায়ী বন্দোবস্ত করা। এর প্রভাব সমগ্র ঢাকা বিভাগেও পড়বে।
ড্যাপ প্রণীত হওয়ার পর ভাবা হয়েছিল, উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজধানী শহরের ভবিষ্যৎ আছে। কিন্তু ড্যাপের দায়িত্বে থাকা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নিজেই ড্যাপের বিরুদ্ধে বলছেন। ড্যাপ বাস্তবায়নের দায়িত্বে থাকা রাজউক এক দিনেই ৪৫টি ড্যাপ-বিরোধী প্রকল্পের অনুমোদন দিয়েছে। সরকার ভূমি ও আবাসন ব্যবসায়ীদের কথা শুনেছে, নগরবাসীর আকাঙ্ক্ষা দেখেনি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীদের আবেদনে কান পাতেনি।
ড্যাপ আদর্শ না হলেও বিদ্যমান বাস্তবতায় ঢাকার জন্য জরুরি ছিল। দেশের সেরা পরিকল্পনাবিদ ও নগর বিশেষজ্ঞরা এতে জড়িত ছিলেন। খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু সকলই গরল ভেল। ড্যাপ বাস্তবায়ন তো দূরের কথা, সরকার আগামী বছর কায়েমি মহলের চাহিদা অনুযায়ী নতুন ড্যাপ প্রণয়নের কাজ শুরু করতে যাচ্ছে।
ড্যাপের এই পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যাবতীয় শুভ উদ্যোগ কীভাবে সংকীর্ণ স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী যদি ঢাকাকে ভালোবাসেন, তাহলে অবিলম্বে ড্যাপ লঙ্ঘনকারী প্রকল্পগুলো বাতিলে ব্যবস্থা নেবেন এবং ড্যাপ বাস্তবায়নে আন্তরিক হবেন।