: লেখালেখি ছেড়ে দিলেন? : না, ছাড়িনি। সিরিয়াস বই লিখলে কলাম লেখার সময় কুলিয়ে উঠবে না। যেমন সিরিয়াস গানের প্রবক্তাদের জন্য বাতিল টিভিতে ও অনুষ্ঠানে যাওয়া। পায়ে পায়ে দিন এগিয়ে চলে। কোলাহল টানে না। নিভৃত-নির্জনে চুপটি করে বসে থাকা। ফেলে আসা দিন সামনে এসে পায়চারি করে। বন্ধুবান্ধব পাতা গুটিয়ে চলে যায়। বিবর্ণ গাছের পাতা। কখন খসে পড়ি তারই প্রতীক্ষা।নজরুল নিয়ে নানা জনের নানা লেখা। শ পাঁচেক বই সামনে, ইংরেজিতে কয়েকটি। বছর ধরে লিখলাম ‘কাজী নজরুল ইসলাম: ম্যান অ্যান্ড পোয়েট’ তাদের জন্য যাঁরা লেখাপড়া করছেন পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির মাধ্যমে। বিদেশেও অনুরাগী, ইংরেজির মাধ্যমে লেখার জন্য অপেক্ষমাণ। সুযোগ এল প্রাণপ্রিয় কবিকে আরও কাছে পাওয়ার। ব্যথিত জীবনের ব্যথার সঙ্গী হয়ে লিখেছি তাঁর জীবন-আশ্রয়ী প্রথম উপন্যাস পুড়িব একাকী। লিখতে গিয়ে প্রতি পাতায় কেঁদেছি। এর কোনো পাতা ভুল নয়।এবারও সকালে লিখতে বসে কবির সঙ্গে আমার দেখা। দেখামাত্র জড়িয়ে ধরেন। বলেন, তুমি এত ভালোবাসো আমাকে? আজ কী লিখবে? আমাকে মহত্ত্ব দান করবে তো? আমি তা নই। আমি যুগের মানুষ, যুগের কবি। আমার যুগ শেষ, আমার আগের মানুষেরাও কেউ নেই। যা চেয়েছি পাইনি, পাব না। না ভালোবাসায়, না প্রেমে, না দেশমাতৃকার পরিপূর্ণ রূপ দর্শনে। কেন মনে করবে আমাকে, তার চেয়ে ভুলে যেয়ো আমাকে।অভিমানী মুখভঙ্গি, যেন কত কালের চেনা। এত কথা হয়েছে জমা যে তার বাচনিক কথা নিয়ে আরেকটি বই লিখতে পারি। গানগুলো বারবার শুনেছি তাঁর কণ্ঠে, যেন এইমাত্র গেয়ে গেলেন কানে কানে। লেখা বারবার পড়ে দেখেছি। মনে হয়েছে তিনিই সেই কবি, সেই মানুষ, যিনি সবার মনের কথা বুঝতে সক্ষম হয়েছিলেন, লিখে গেছেন যা পঞ্চাশটি গ্রন্থে। লেখা শেষ করে আরেকবার কাঁদলাম। কারণ, এই বইতে তাঁর মহত্ত্বের কণামাত্র প্রকাশ করতে পারিনি।পাণ্ডুলিপি পড়তে দিই কয়েকজনকে। সময় কোথায় সময় নষ্ট করার। মুখে বললেন, অপূর্ব। এর চেয়ে ভালো হয় না। দুজন নোবেলজয়ী দুই লাইন উপহার দিলেন, ব্যাক কভারে ছাপা হলে অনেকে কিনবে। একজন বড় লেখক এবং ছোট বোন লিখলেন এমন কথা, যেটি নোবেল পুরস্কারের চেয়েও বড়। এবার বলি বইতে কী আছে।জীবন কথা বলতে গিয়ে শুধু যতটুকু না বলার নয়, ততটুকু। কারণ, তাঁর জীবনের দুঃখের কথা ছাত্রছাত্রীদের চোখে আনত বিষাদের অশ্রু। তার চেয়ে শোনো গান ও কবিতা। উইলিয়াম ল্যাংলি, নজরুলকে যিনি আন্তর্জাতিকভাবে সামনে নিয়ে এসেছেন, প্রথমে আকৃষ্ট হন তাঁর গানে, পরে কবিতায়। আমার গবেষণায় সংযুক্ত তথ্যাবলি এর আগে একত্র সন্নিবেশিত হয়নি। কবির জন্য এনেছি একগুচ্ছ গোলাপ, জালালউদ্দিন রুমির বাগান থেকে। সে বাগানে আহ্বান জানিয়েছি বিশ্বের আরেক পরাক্রান্ত কবি খলিল জিবরানকে। বাড়ির পাশের রবি কবিকে ডাক দিয়ে আনি ক্ষণে ক্ষণে। সভায় উপস্থিত চারজনকে নিয়ে একসঙ্গে এগিয়ে গেছে নজরুল: মানব ও কাব্যদর্শন।দুই বাংলার নয়নের মণি নজরুল। বাংলার মুসলমানদের কাছে প্রিয় তিনি যে কারণে সে দিকটি রয়ে গেছে অনালোচিত। রাসুল (সা.)-কে নজরুল অনুভব করেছিলেন হূদয় দিয়ে। মুসলমানদের প্রিয়তম ব্যক্তির জন্য তাঁর সওগাত শুধু বাংলা ভাষাতেই নয়, অন্যান্য ভাষায় নবীর উদ্দেশে পঙিক্তমালার তুলনামূলক বিচারে তাঁর সওগাত সর্বশ্রেষ্ঠ বলে আমার ধারণা। তাঁর লিখিত অসমাপ্ত নবীর জীবন কথা মরুভাস্কর, শ্রেষ্ঠ কীর্তির সমগোত্রীয়। খলিল জিবরানের প্রফেট: জেসাস, নজরুলের মরুভাস্কর: মুহাম্মদ (সা.)। ইংরেজি, ফরাসি, আরবি, ফারসি কোনো ভাষাতেই অনূদিত নয়। ধারণা করি, শেখ সাদি রচিত আকাশউচ্চ বচন ‘বালাগাল উলা’-এর পর নজরুল যে স্তবক তিনটি উপহার দিয়েছেন, সাদির রচনার সাহিত্য ও আধ্যাত্মিক মূল্যের চেয়েও তা কোনো অংশে কম নয়।কলামের কথায় আসি। দুই বছর থেকে কলাম লিখছি দু-তিনটি কাগজে। সন্তর্পণে লিখি, কোথায় কী লিখে কোন ভেজালে পড়ি। কোথায় কাঠগড়ায় সারা দিন দাঁড়িয়ে থাকতে হয়। বলা তো যায় না। দাড়ি মোবারক সংক্ষেপ, মাথায় ক্যাপ ‘ইউনিভার্সিটি অব মায়ামি’-র। লাভ দুটো, অপস্রিয়মাণ কেশ ও টাকরাজি ঢেকে রাখা এবং যথাসম্ভব একটা নিরপেক্ষ ভাব জাগ্রত রাখা। একজনের ক্রীতদাস বৈ তো নই। কীভাবে ঢাকব। আমার রচিত কলাম অচিরেই জনপ্রিয় হয়ে উঠল। ইন্টারনেটে ফিডব্যাক। যাতে মনে এমন একটা ভাব উঠে আসে যে সত্যি একজন সাংঘাতিক ব্যক্তি, যাঁর কলমে নেই শুধু নীল কালি, আছে মানুষকে ভালোবাসার রং, রংটি নীল আকাশের মতো। প্রথম নির্বাচিত কলাম গ্রন্থাকারে গোধূলির ছায়াপথে। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নিঃশেষিত। কারণ অতি পরিষ্কার। খরিদ্দার নিজেই। নীল কালির সদ্ব্যবহার করে সই দিয়ে অকাতরে বইটি পৌঁছে দিই পাঠকদের কাছে। উৎসর্গ করি এমন একজন ব্যক্তিকে, যিনি টেনে এনেছেন কলামের ছায়াপথে। আমার প্রতি আছে তাঁর প্রগাঢ় ভালোবাসা এবং আমিও তাঁকে দেখি শ্রদ্ধার চোখে। এতদ্সত্ত্বেও বইটির রিভিউ হয়নি। এবার বেরোবে আমার দ্বিতীয় নির্বাচিত কলাম গ্রন্থ যা হবার তা হবে। সুন্দর প্রচ্ছদ। দাম এক কেজি আঙুরের চেয়েও কম।পনেরো বছরে সিরিয়াস গ্রন্থই লিখেছি। নজরুলের এবারের গ্রন্থটি ঊনপঞ্চাশ। যা হবার তা হবে পঞ্চাশতম। হুর রে!মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য-সংগীত ব্যক্তিত্ব। [email protected]