গত বছরের অক্টোবর-নভেম্বরে যখন পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছিল, তখন সরকারের নীতিনির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই সংকট সাময়িক। বিদেশ থেকে আকাশযানে পেঁয়াজ এলে কিংবা মৌসুম শুরু হলে ফের দাম ভূতলে নেমে যাবে। এরপর সত্যি সত্যি দূরের ও কাছের দেশ থেকে আকাশযানে টনকে টন পেঁয়াজ আনা হলো, বাজারে নতুন পেঁয়াজও উঠল; কিন্তু দাম ভূতলে নামার কোনো লক্ষণ দেখা গেল না। নানা চড়াই-উতরাইয়ের পর বাজারে এখন দেশি মুড়িকাটা পেঁয়াজের কেজি ১৪০ টাকা ও আমদানি করা ছোট পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা এবং বড় তুরস্ক ও মিসরীয় পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় অনেকে যে হেঁশেলে পেঁয়াজের আমদানি অর্ধেকে নামিয়ে এনেছেন।
কিন্তু সমস্যা হলো, পেঁয়াজ বা খাবারের অন্যান্য মসলার চাহিদা কমানো গেলেও চাল, তেল, ডালের মতো খাদ্যসামগ্রীর চাহিদা কমানোর তেমন সুযোগ আছে বলে মনে হয় না। বৃহস্পতিবার প্রথম আলো খবরের শিরোনাম করেছে, ‘মসলা ছাড়াই রাঁধতে হবে’। শুধু মসলা কেন, বর্তমানে বাজারে সব পণ্যেরই দর চড়া। প্রতি কেজি মিনিকেট চাল ৪৮-৫৪ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৮-৪৪ টাকা, মোটা চাল ৩২-৩৫ টাকা, নাজিরশাইল ৪৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে মিনিকেট চাল ৪৫-৪৮ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৫-৪০ টাকায় বিক্রি হতো।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরকারের একটি ঘোষণাই চালের দাম চড়িয়েছে। দেশের চাহিদা মিটিয়ে কী পরিমাণ চাল রপ্তানি করা যাবে, সেই হিসাব না করেই সরকার ঘোষণা দিয়ে বসল, চাল রপ্তানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। বাংলাদেশে রপ্তানিকারকেরা নানা প্রণোদনা পেলেও উৎপাদকেরা তেমন প্রণোদনা পান না। চালের দাম বাড়লেও কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন, এ কথা জোর দিয়ে বলা যাবে না। সরকারেরও নিশ্চয়ই অজানা নয় যে বাংলাদেশে ধানের উৎপাদন অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার ওপর নির্ভরশীল। আবহাওয়া অনুকূল থাকলে যেমন ধানের উৎপাদন বাড়ে, আবার আবহাওয়া বৈরী হলে উৎপাদন কমে যায়। চাল রপ্তানি হোক বা না হোক, এই ঘোষণার পর যে সাধারণ ক্রেতাদের চাল কিনতে বাড়তি অর্থ গুনতে হবে, সে বিষয়ে সন্দেহ নেই।
চালের পাশাপাশি সয়াবিন তেল ও পাম তেলের দামও বেড়েছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা। পাম তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা। ব্রয়লার মুরগির ডিমের দামও ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। কিছুদিন আগেও ডিমের ডজন ছিল ৯০-৯৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকা। অর্থাৎ মসলাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরই দাম বেড়েছে।
পণ্যের দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা দায় চাপান পাইকারি বিক্রেতাদের ওপর। পাইকারি বিক্রেতারা আমদানিকারকদের দোষারোপ করেন। সাধারণ ক্রেতা বা ভোক্তারা কোথায় যাবেন? তাঁরা কাকে দুষবেন? অনেক সময় দেখা যায়, আমদানি পণ্যের দাম কেজিপ্রতি এক টাকা বাড়লে বাজারে তিন টাকা বাড়ানো হয়। কিন্তু আমদানি পণ্যের দাম কমলে সেটি ব্যবসায়ীরা চেপে যান। আমাদের আমদানি বাজার কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে। তারা নিজেদের খেয়ালখুশিমতো দাম বাড়িয়ে থাকে। এরা এতটাই ক্ষমতাবান যে সরকারকেও অসহায় মনে হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ। তাদের পক্ষে খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে না পারুক, তদারকির কাজটি ঠিকমতো করুক।