নিপীড়নবিরোধীআইনের বাস্তবায়ন কত দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘...আইন প্রয়োগ আর বাস্তবায়নের জায়গাটিতে আমরা যোজন যোজন পথ পিছিয়ে আছি। যে বিশেষ আবেদনের [২০০৮ সালে জাবির একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগে] পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এ রায়, [যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্ম-পরিবেশ তৈরিতে হাইকোর্ট প্রদত্ত নীতিমালা] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত এক বছরেও তার সুরাহা হয়নি। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যাতে মানুষ যৌন নিপীড়নের বিচার চাইতে ভরসা পেতে পারেন। তার পরও সাহসী কোনো ভুক্তভোগী যখন সামনে এগিয়ে আসেন, মৌখিকভাবে নিরন্তর চরিত্র হনন আর ভয়ভীতি পেছনে ফেলে যখন অভিযোগ করেন, তখন লোক-দেখানো প্রতিবিধানের উদ্যোগের আড়ালে চলে তাঁকে বিচার প্রার্থনা হতে নিরস্ত করার, বুঝিয়ে-সুজিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা। আর তাই অলিখিত অভিযোগ জানানোর পরেও একটা বছর পার হয়ে যায়, নিপীড়ন থামে না, উত্তরোত্তর বাড়ে, শেষতক লিখিতভাবে, লোকজনকে জানিয়ে বিচার চাইতে হয়। এমন একটা পরিস্থিতি থেকেই মুক্তির পথ খুঁজছি আমরা, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে।’ ওপরের কথাগুলো লিখিতভাবে হাজির করেছেন জাবির বেশ কিছু শিক্ষক। তাঁরা ১৫ মে ‘শিক্ষাঙ্গনে-কর্মস্থলে হয়রানি-নিপীড়ন: আমাদের করণীয়’ শীর্ষক একটি সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করেছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিককর্মীরা ওই মতবিনিময় সভায় সংহতি প্রকাশ করতে শামিল হয়েছিলেন।মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই জানি, জাবির একজন নারী-শিক্ষক সম্প্রতি তাঁর বিভাগের একজন সহকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর পেশ করেছেন। অভিযুক্ত শিক্ষক বর্তমান জাবি প্রশাসনের প্রভাবশালী লোক এবং বর্তমান সরকারপক্ষের রাজনৈতিক সমর্থক। ফলে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো মোটেই সহজ কাজ নয়। তার পরও আমরা দেখছি, জাবির অনেক শিক্ষক দলমত-নির্বিশেষে যৌন নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। যৌন নিপীড়নের বিরুদ্ধে আগের অভিযোগ-আন্দোলনসমূহের অভিজ্ঞতা থেকে আন্দোলনরত এ শিক্ষকেরা এইটুকু জানেন যে, বিশ্ববিদ্যালয়ের মতো স্বাধীন প্রতিষ্ঠানেও যৌন নিপীড়নের মতো ভয়াবহ ঘটনার সুষ্ঠু বিচার-প্রক্রিয়া নিষ্পন্ন হয় না, ন্যায়বিচার নিশ্চিত হয় না। যখন যাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করার রাজনৈতিক ক্ষমতা পান, তখন তাঁরা স্রেফ দলীয় ক্ষমতা-রাজনীতির বিবেচনা থেকে বিশ্ববিদ্যালয় পরিসরে সংঘটিত সমস্যাগুলোর ফয়সালা সারেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ ক্ষমতাকাঠামোর যে ধরনের প্রাতিষ্ঠানিক-আমলাতান্ত্রিক বিন্যাস, তাতে করে এখানে যেকোনো নিপীড়নেরই সুষ্ঠু বিচার আশা করা মুশকিল। বিশেষত অভিযুক্ত ‘নিপীড়ক’ ব্যক্তিটি যদি ক্ষমতাবান হন।এমন পরিস্থিতিতে জাবির শিক্ষকেরা যেভাবে অভিযোগকারী শিক্ষকের পাশে দাঁড়িয়ে নানা প্রতিকূলতাকে শক্তভাবে প্রতিহত করছেন, সেটি আমাদের গোটা শিক্ষক সম্প্রদায়ের জন্য আশার সঞ্চার করার মতো। আন্দোলনরত শিক্ষকেরা যৌন নিপীড়নের সাম্প্রতিক অভিযোগটির পরিপ্রেক্ষিতে এর সুষ্ঠু বিচার আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কিত বোধ করছেন: এ শঙ্কাকে মুখ্য বিবেচনায় রেখে যথাযথ আইনি-প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই ঘটনার তদন্তকাজ সম্পন্ন করার জন্য আমরা জাবি কর্তৃপক্ষসহ দেশের নীতিনির্ধারণী পর্যায়ের সবার কাছে দাবি জানাচ্ছি।নারী নির্যাতন রোধে বর্তমান সরকার অনেকখানি সরব। পত্রিকাগুলোয় এখনকার সময়ের বহুল উচ্চারিত ‘ইভ টিজিং’ দূর করার জন্য সরকারের নীতিনির্ধারকদের কেউ কেউ ইতিবাচক কথাবার্তা বলছেন, যেটা দেশের জন্য মঙ্গলজনক। (সত্যিকার অর্থে ‘ইভ টিজিং’ ভয়াবহ নারী নির্যাতন; অধুনা প্রচলিত হালকা চালের এ মিডিয়া বাগ্ধারাটি দিয়ে নারীর ওপর ঘটে যাওয়া নির্যাতন-নিপীড়নের তীব্রতাকে আসলে উপযুক্তভাবে তুলে ধরা যায় না।)আমরা দলীয় ক্ষমতা আর রাজনীতির অন্ধত্বের বাইরে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাজীবিতার ওপর গুরুত্ব আরোপ করে জাবির ঘটনাটিকে বিশ্লেষণ করছি, সংহতি প্রকাশ করছি আর যৌন হয়রানির মতো গুরুত্বপূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়সহ সব কর্ম-প্রতিষ্ঠানে হাইকোর্ট প্রণীত যৌন নিপীড়নবিরোধী নীতিমালাটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মহলের সবাইকে অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয়ের আইনি ব্যবস্থাপনায় আলাদাভাবে যৌন নিপীড়নের বিরুদ্ধে কোনো আইন না থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনি কাঠামোতে ‘নৈতিক স্খলন’-এর বিরুদ্ধে আইন আছে এবং এ আইনের আওতায় ইতিপূর্বে দোষী শিক্ষকদের শাস্তিবিধানের দৃষ্টান্তও রয়েছে। ফলে সদিচ্ছা থাকলে জাবির যৌন নিপীড়নমূলক অভিযোগেরও সুষ্ঠু তদন্ত সম্ভব। ওদিকে গতকালের সংবাদপত্রের খবর হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারো পেছানো হয়েছে। আর এখন তো আমাদের সামনে হাইকোর্ট প্রণীত ‘যৌন নিপীড়ন’বিরোধী নীতিমালাই রয়েছে। ফলে যৌন নিপীড়নমূলক ঘটনার অভিযোগকে এখন ‘যৌন নিপীড়ন’ হিসেবেই তদন্ত ও বিচার করা সম্ভব। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনি-প্রক্রিয়া অবলম্বন করাটা এখন আগের চেয়ে অনেকখানি সহজ।লেখকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।