কৃষকেরা যাতে ন্যায্য দাম পান, সে জন্য সরকার নির্ধারিত দামে ধান কেনার ব্যবস্থা রেখেছে। খাদ্য কর্মকর্তারা ধানের গুণগত মান নিশ্চিত করার পরই তা কেনেন এবং গুদামে তোলেন। ধান যদি ভেজা, পোকায় খাওয়া বা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি চিটাবহুল থাকে, তাহলে তা কেনা বিধিবদ্ধ হয় না। এ ধরনের ধান কিনে সরকারি গুদামে তোলা হলে তার দায় সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকেই নিতে হয়। মাঠপর্যায়ের বাস্তবতা হলো, বহু কর্মকর্তা প্রভাবশালী রাজনীতিকদের চাপে পড়ে এ ধরনের ধান কিনতে বাধ্য হন। যেসব কর্মকর্তা তাঁদের কথা শুনতে চান না, তাঁদের নানাভাবে নিগৃহীত হতে হয়।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এ ধরনের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমে এসেছে। প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, এই উপজেলায় খাদ্য বিভাগের কর্মকর্তাদের পোকায় খাওয়াসহ নিম্নমানের ধান কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। বলা বাহুল্য, যাঁরা চাপ দিচ্ছেন তাঁরা সরকারদলীয় কিছু নেতা। তাঁদের নিম্নমানের ধান কিনতে রাজি না হওয়ায় তাঁরা খাদ্যগুদামে গিয়ে শুধু হম্বিতম্বিই করেননি, খাদ্য বিভাগের এক কর্মচারীকে সবার সামনে লাঞ্ছিতও করেছেন।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত খাদ্য দপ্তরে আসা কৃষকেরা অভিযোগ করেছেন, তাঁদের ধান যেভাবে খুঁটিয়ে পরীক্ষা করা হয়, আওয়ামী লীগ নেতাদের ধান ততটা পরীক্ষা ছাড়াই গুদামে ঢোকানো হচ্ছে। কৃষকদের জন্য ‘সিরিয়াল প্রথা’, কিন্তু নেতাদের জন্য কিছুই লাগছে না। নেতাদের ধান পোকায় খাওয়া ও ভেজা থাকার পরও তা কর্মকর্তারা গ্রহণ করছেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, যে নেতারা ধান বেচতে এসেছেন, প্রকৃতপক্ষে তাঁদের অনেকেই কৃষক নন। সাধারণ কৃষকদের কাছ থেকে কমিশন নিয়ে তাঁদের নিম্নমানের ধান গছিয়ে দেওয়ার কাজ করছেন তাঁরা। এতে কর্মকর্তারা বাধা দিতে গেলেই তাঁদের নাজেহাল করা হচ্ছে।
খাদ্য কর্মকর্তারা যাতে তাঁদের কথার বাইরে না যেতে পারেন, সে জন্য নানাভাবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। বাতিল ধান কিনতে বাধ্য করার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন করানো হচ্ছে। এটি সরকারি কাজে সরাসরি বাধা দেওয়ার শামিল। এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে প্রশাসন শৈথিল্য দেখালে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কৃষকেরা ধান উৎপাদনে নিরুৎসাহিত হবেন। প্রশাসনের দুর্বলতা প্রকাশ পাবে। শুধু নিরীহ কৃষকদের বেলায় আইনকানুন মানা এবং প্রভাবশালীদের ছাড় দেওয়া হলে মানুষের ক্ষোভ বাড়বে। ফলে এ বিষয়ে প্রশাসনকে কঠোর হতেই হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি একা সামাল দিতে না পারলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি তাঁরই অবগত করা উচিত।