আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রূপপুর এক হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরুর কাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ১৯৬১ সাল থেকে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য যাঁরা অপেক্ষা করে আছেন, এবার তাঁদের প্রতীক্ষার অবসান হবে বলে মনে করা হচ্ছে। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প নানা বাধায় দীর্ঘদিন এগোতে পারেনি। কিন্তু বর্তমান সরকার এ নিয়ে বেশ তৎপর। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে বেশ কটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রূপপুর প্রকল্পের জন্য সহায়তার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। রুশ সরকার এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাসহ বিভিন্ন কারিগরি তথ্য সংগ্রহ, জরিপ, নকশা, জনবল প্রশিক্ষণ, পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা, প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণসহ প্রাক-নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি করেছে। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর জোরেশোরে রূপপুর প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার বিভিন্ন কাজ শুরু হবে। সমীক্ষা শেষে প্রকল্পের জন্য পর্যায়ক্রমে ব্যয়ের বিস্তারিত তথ্যের ভিত্তিতে আন্তসরকার ঋণ ও দুটি এক হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বাধাহীনভাবে এগোলে ২০১৫-২০১৬ নাগাদ মূল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু করে ২০২০-২০২১ সাল নাগাদ পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ তদারকি ও বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে। এ কেন্দ্রের নিরাপত্তা, বিশেষত তেজস্ক্রিয় বিকিরণজনিত দুর্ঘটনার প্রতিরোধব্যবস্থা যথাযথভাবে কাজ করছে কি না, তা পরিবীক্ষণের নিয়ন্ত্রক সংস্থাও গড়তে হবে।পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ভীতি ও আশঙ্কা রয়েছে। বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ ছাড়াও পরমাণু শক্তি কমিশনের ভূতপূর্ব প্রকৌশলী, কর্মকর্তা, বিজ্ঞানী, দেশের বাইরে কর্মরত পারমাণবিক বিদ্যুৎ নিয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন অনেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাব্য ব্যয়, প্রযুক্তি নির্বাচন, প্রাক-নির্মাণ ব্যয়ের যথার্থতা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাঝুঁকি এবং দক্ষ জনবলের ঘাটতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো আপস করা হবে না বলে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন। তবু জাপান ও ভারতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।২০১১ সালের ১১ মার্চ প্রবল শক্তির ভূমিকম্প ও সুনামির আঘাতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থা এ দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রশ্নে মানুষের উদ্বেগ বাড়িয়েছে। ২১ আগস্ট দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক খবর অনুযায়ী, ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত দুর্ঘটনার পর জাপান এবার সবচেয়ে বড় দুর্ঘটনা সতর্কীকরণ ঘোষণা জারি করতে যাচ্ছে। কেননা ওই বিদ্যুৎকেন্দ্রের অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) ইতিমধ্যে স্বীকার করেছে, ৩০০ টন উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত ট্যাংকের ফুটো দিয়ে বেরিয়ে পরিবেশে ছড়িয়ে পড়েছে। জাপানের ‘ন্যাশনাল নিউক্লিয়ার অথরিটি’ এটাকে ‘মারাত্মক ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে। বলা বাহুল্য, দুর্ঘটনাকবলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গলে যাওয়া তেজস্ক্রিয় জ্বালানির ‘রড’গুলো ঠান্ডা করার জন্য ব্যবহূত বিপুল পরিমাণ পানির অংশবিশেষ অব্যাহতভাবে বিদ্যুৎকেন্দ্রের বেষ্টনী দেয়াল দিয়ে চুইয়ে বাইরে সমুদ্রে ছড়িয়ে পড়ছে। এ ঘটনা ইতিমধ্যেই জাপান ও পার্শ্ববর্তী দেশগুলোতে শোরগোল তুলেছে। সর্বশেষ ৩০০ টন উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি নির্ধারিত ট্যাংকের বাইরে বেরিয়ে আসার ঘটনা ইতিপূর্বে চুইয়ে পড়া পানির অতিরিক্ত। বোঝা যাচ্ছে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি জাপান সেই ষাটের দশক থেকে পারমাণবিক বিদ্যুতের উৎপাদনে অভিজ্ঞ হয়েও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি। জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্ঘটনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সীমাবদ্ধতাও স্পষ্ট করেছে। বিশ্বজুড়ে বর্তমানে চালু ৪৪০টি পারমাণবিক ‘রি-অ্যাকটর’ এবং নির্মীয়মাণ আরও কয়েক ডজন বিদ্যুৎকেন্দ্রের ওপর নজরদারি করা সহজ কাজ নয়।ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে ৬৫০ কিলোমিটার দূরবর্তী কুদানকুলাম নামক স্থানে রুশ সহায়তায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটবিশিষ্ট একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। আগস্ট মাসের শেষে এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিডে আসার কথা। প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড’ কুদানকুলামে প্রায় ১৫ হাজার কোটি রুপি ব্যয়ে রাশিয়ায় নির্মিত দুটি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চুল্লি স্থাপন করছে। ‘ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড’ সম্প্রতি কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছাড়পত্র জারি করার পর ৬০ জন ভারতীয় বিজ্ঞানী যৌথভাবে তামিলনাড়ু ও কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে ওই বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁদের আশঙ্কার কারণ, প্রথম রি-অ্যাকটর (চুল্লি)-এর সঙ্গে চারটি ত্রুটিপূর্ণ ‘ভাল্ব’ সরবরাহ করা হয়েছিল। চিহ্নিত হওয়ায় রুশ সরবরাহকারী প্রতিষ্ঠান সেগুলো প্রতিস্থাপন করে এবং সরবরাহকৃত মালামাল সন্দেহজনক উৎস থেকে সংগ্রহ করার অভিযোগে নিজ দেশের চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভারতের পরমাণু শক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং নিজস্ব প্রশিক্ষিত জনবল, জাতীয় প্রতিষ্ঠান থাকায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হয়েছে।কিন্তু বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কতটা নিরাপদ হবে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনার জন্য এক হাজার ৬৬০ লোকবল নিয়োগ করা হবে এবং তাঁদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলছেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকালে মানুষের মাঝে বিদ্যমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে। কিন্তু কীভাবে, কতটা ঝুঁকিমুক্ত হবে আমাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র?ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী এবং জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।