নিরাপত্তাহীন জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি জনজীবনে অনেক দুর্ভোগ ডেকে এনেছে। সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে নিরাপত্তাহীনতার শঙ্কা। কখন, কোথায়, কে চোরাগোপ্তা হামলার শিকার হবে, অগ্নিসংযোগ কিংবা বোমা হামলার মুখোমুখি পড়বে—এই আশঙ্কায় জনমনের স্বাভাবিক শান্তি ও স্বস্তি নষ্ট হয়েছে।
বিএনপিসহ বিরোধী জোট দৃশ্যত গভীর ভাবনা-চিন্তা ছাড়াই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। যদিও এই কর্মসূচি ‘সফল’ করতে তাদের নেতা-কর্মী-সমর্থকদের বিশেষ কোনো তৎপরতা দৃশ্যমান নয়, তবু গত সাত দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এদের অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ, রাজনীতির সঙ্গে যাদের কোনো সংস্রব নেই।
মর্মান্তিক, হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটছে যখন যানবাহনে পেট্রলবোমা ছুড়ে মারা হচ্ছে কিংবা আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এভাবে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বেড়ে চলেছে। অবরোধ-সমর্থকদের চোরাগোপ্তা হামলার শিকার হচ্ছে নিরীহ জনসাধারণ; তারা যাত্রীবাহী মোটরযান কিংবা পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিচ্ছে। এসব সহিংসতা ও নাশকতা যেকোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হওয়া উচিত নয়, এই বোধ যেন তাঁরা হারিয়ে ফেলেছেন। তাঁরা যেন নিরীহ জনসাধারণকেই তাঁদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন।
বিরোধীদলীয় নেতাদের উপলব্ধি করা উচিত যে জনসাধারণের নিরাপত্তা নষ্ট করে, তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে কিংবা যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষ হত্যার মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য হাসিল হয় না। এই অধিকারও কোনো রাজনৈতিক দলের নেই। রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে শান্তিপূর্ণভাবে এবং এটা নিশ্চিত করা তাদের দায়িত্ব। অন্যদিকে সরকারেরও উচিত বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে সভা ও সমাবেশের কর্মসূচি পালন করতে দেওয়া, তাদের নিরাপত্তা বিধান করা। এই দুঃসহ নিরাপত্তাহীন পরিস্থিতির দ্রুত অবসান ঘটানো প্রয়োজন।