নিরাপত্তাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুরে অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা নির্বিঘ্নে চলে গেল। পুলিশ কিছু বলতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশে সবাই নিরাপত্তাহীন পরিস্থিতিকে দায়ী করেছেন। গত এক দশকে দুর্বৃত্তরা সেখানকার আরও দুজন শিক্ষককে নির্মমভাবে হত্যা করেছে। সেসব হত্যার বিচার–প্রক্রিয়া এখনো শেষ হয়নি। চূড়ান্ত শাস্তিভোগের দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা আশকারা পাচ্ছে।
অধ্যাপক শফিউল ইসলাম উদারনৈতিক চিন্তার মানুষ ছিলেন। তিনি লালনের গান ও মানবধর্মের চর্চা করতেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে থানার ওসি ধারণা করছেন। তাঁর ছেেল দাবি করেছেন, ধর্মীয় উগ্রবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন হলো, যদি পরিকল্পনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা করা যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

বাসার কাছে শিক্ষককে কুপিয়ে হত্যা

পুলিশ কর্তৃপক্ষ তাদের লোকবল–সংকটের কথা জানিয়েছে। প্রয়োজনের তুলনায় পুলিশের সদস্য নাকি কম। এটাই যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তারা ওপরওয়ালাদের আগে জানায়নি কেন? যদি জানিয়ে থাকে, তাহলে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে এর দায় বহন করতে হবে। বিশেষভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় উদারনৈতিক ধ্যানধারণার বিরুদ্ধে জঙ্গিবাদীদের তৎপরতা সুবিদিত। সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো অজুহাত চলে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথা বারবারই শোনা যায়। কিন্তু তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন এবং পুলিশ এই পরিস্থিতি মোকাবিলার এখেনা কোনো কার্যকর কৌশল ঠিক করে উঠতে পেরেছে বলে মনে হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক।
কোথাও খুন হলে অপরাধীরা তাদের অজান্তেই চিহ্ন রেখে যায়। তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে আসামি শনাক্ত করা কঠিন নয়। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করা হোক। তাহলে হয়তো মানুষ কিছুটা নিরাপদ বোধ করবে।