নিরাপদ খাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ-সবল জাতি চাই, স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই’ স্লোগান নিয়ে রোববার যে জাতীয় খাদ্যনিরাপত্তা দিবস উদ্‌যাপিত হলো তা সুফল দেবে, না আনুষ্ঠানিকতার ঘেরাটোপে বন্দী থাকবে, সেটি ভবিষ্যৎই বলে দেবে। বলতে গেলে প্রায় প্রতিদিন কোনো না কোনো দিবস পালিত হয়। কিন্তু এসব দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য কতটা অর্জিত হয়, সে বিষয়ে সন্দেহ আছে।

নিরাপদ খাবারের বিষয়টি মানুষের বেঁচে থাকা এবং সুস্থ থাকার জন্য অতি গুরুত্বপূর্ণ হলেও এ সম্পর্কে জনগণের মধ্যে যেমন সচেতনতা কম, তেমনি বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় আছে, তা–ও বলার উপায় নেই। জাতীয়ভাবে দিবসটি পালিতও হচ্ছে মাত্র দুই বছর ধরে।

এ উপলক্ষে রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজাল দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বিষ খেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হোক, সেটি চাই না।’ খাদ্যপণ্য পরীক্ষার জন্য বিশেষ পরীক্ষাগার প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত বিএসটিআই-ই একমাত্র প্রতিষ্ঠান, যেখান থেকে সব পণ্যের মান পরীক্ষা করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। লোকবল কম, অবকাঠামো দুর্বল।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংবাদ সম্মেলন করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু জনসচেতনতাই যে নিরাপদ খাদ্যের জন্য যথেষ্ট নয়, সে কথাটিও নীতিনির্ধারকদের মনে রাখতে হবে। সম্প্রতি সরকার খাদ্যমানের বিবেচনায় হোটেল-রেস্তোরাঁগুলোর যে শ্রেণিবিন্যাস করে দিয়েছে, তা–ও খুব একটা কাজে লাগেনি। যেখানে নামীদামি হোটেল-রেস্তোরাঁ কিংবা ফাস্ট ফুডের দোকানে অস্বাস্থ্যকর খাবার তৈরি হয়, সেখানে রাস্তার পাশের হোটেল-রেস্তোরাঁর অবস্থা কী, তা সহজেই অনুমেয়।

রাজধানীর অভিজাত বিপণিবিতানের ফাস্ট ফুডের দোকানের খাবারে যখন কাপড়ের রং মেশানো হয়, তখন ভোক্তারা কোথায় ভরসা রাখবে? সম্প্রতি ভেজালবিরোধী অভিযানে বেশ কিছু হোটেল-রেস্তোরাঁয় এ ধরনের ভেজাল খাবার পাওয়া গেছে এবং সে জন্য ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের জরিমানাও করেছেন। শুধু জরিমানা করে কি এদের অপকর্ম বন্ধ করা যাবে? আরও কঠিন শাস্তি নিশ্চিত করতে না পারলে দেশের মানুষকে ক্যানসারের মতো চরম স্বাস্থ্যঝুঁকিতে ঠেলে দেওয়া এই দুর্বৃত্তদের থামানো যাবে বলে মনে হয় না।

এসব রেস্তোরাঁ যাঁরা পরিচালনা করেন, যাঁরা এর মালিক, তাঁরা ভালো করেই জানেন যে কোন খাবারটি মানসম্মত আর কোনটি মানসম্মত নয়। কিন্তু অতি মুনাফা লাভের জন্য এই মালিক-কর্মচারীরা মানহীন ও ক্ষতিকর খাবার সরবরাহ করে থাকেন। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মকর্তা ও উৎপাদকদের যোগসাজশ থাকা অস্বাভাবিক নয়। অভিযানে হোটেল-রেস্তোরাঁর ভেজাল ধরা পড়লেও বাজারে যে হরেক রকম খাদ্যপণ্য থাকে, সেগুলো চিহ্নিত করার কোনো ব্যবস্থা নেই। অতএব, ভোগ্যপণ্য আমদানি বা উৎপাদন–প্রক্রিয়ার গোড়া থেকে মান যাচাই অপরিহার্য। আমদানি পণ্য হলে বন্দরেই সেটি আটকে দিতে হবে। নিরাপদ খাদ্য নিয়ে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না।

নিরাপদ খাবার পেতে সব ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং আইন অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ভেজাল বা মানহীন খাদ্য সরবরাহ করে যাতে কেউ পার না পায়, সেই নিশ্চয়তা দিতে হবে। শাস্তিটা লোক দেখানো উদাহরণ হলে হবে না। প্রতিটি ক্ষেত্রে আইন ভঙ্গকারীকে বিচারের আওতায় আনতে পারলেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে। অন্যথায় এসব দিবস পালন বার্ষিক অনুষ্ঠানের মধ্যে সীমিত থাকবে।