নিরাপদ, নির্বিঘ্ন সড়ক-মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট একটি ভালো ও দরকারি নির্দেশ দিয়েছেন। দেশের মহাসড়কগুলোতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করা ও দুর্ঘটনা রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে সব মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলার নির্দেশ অবশ্যই যুক্তিসংগত ও সময়োপযোগী। এর পাশাপাশি হাইকোর্ট আরও যে কয়েকটি নির্দেশনা দিয়েছেন, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নে সচেষ্ট হওয়া দরকার।
সড়ক দুর্ঘটনা একটি গুরুতর জাতীয় সমস্যা, যা সমাধানের কোনো পদক্ষেপই এ পর্যন্ত যথেষ্ট মাত্রায় ফলপ্রসূ হয়নি। অদক্ষ, প্রশিক্ষণহীন চালকদের বেপরোয়াভাবে যানবাহন চালানোর প্রবণতা, কারিগরিভাবে ত্রুটিযুক্ত যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ। তা ছাড়া, মহাসড়ক ও সেগুলোর সংযোগ সড়কগুলোতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাব, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা এবং সেগুলোকে কেন্দ্র করে লোকজনের রাস্তা পারাপার ইত্যাদি নানা কারণে এ দেশে সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহত হওয়ার হার উদ্বেগজনক। এসব সমস্যা বিবেচনায় রেখে হাইকোর্ট কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ, মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ, যানচালকদের মাধ্যমিক পর্যায়ের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মহাসড়কে বিভাজক তৈরি, পথচারী পারাপারের পাতালপথ নির্মাণের নির্দেশনাও দেওয়া হয়েছে। মোটরযান আইনে অপরাধীদের সাজার মেয়াদ ও জরিমানার পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিদ্যালয়ের পাঠ্যতালিকায় ট্রাফিক নিয়মের বিষয়গুলো যুক্ত করার নির্দেশনাও যথাযথ।
বস্তুত, দেশে যানবাহন চলাচল ব্যবস্থাপনার জন্য সরকারের এই পদক্ষেপগুলো স্বাভাবিকভাবেই নেওয়ার কথা। কিন্তু তা না হওয়াতেই আদালতকে এই নির্দেশনা দিতে হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এ ধরনের নির্দেশনা বাস্তবায়নের কিছু উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা যায়নি।
আমরা আশা করব, হাইকোর্টের নির্দেশের পর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষগুলো এ ব্যাপারে মনোযোগী হবে। আদালতের নির্দেশ কাগজেই সীমাবদ্ধ থেকে গেলে তার কোনো সুফল মিলবে না। নির্দেশ বাস্তবায়নের জন্য অবিলম্বে উদ্যোগী হতে হবে। এ ব্যাপারে সময়ক্ষেপণ বা গাফিলতির কোনো সুযোগ নেই।