দেশকে শিশুর জন্য কতটা বাসযোগ্য রাখা গেছে, তার উত্তর দিচ্ছে এই পরিসংখ্যান: ২০১৬ সালে তিন শতাধিক ধর্ষিত শিশুর অর্ধেকেরই বয়স ১২ বছরের নিচে। আইনের শাসনের উন্নতিটাও পরিমাপযোগ্য: প্রতি তিনটি ঘটনার দুটির বেলায় মামলাই হয়নি। কতটা অমানবিক হয়েছে এই সমাজ; যৌন নির্যাতিত শিশুদের চোখ দিয়ে তা দেখার জন্য কি আমরা প্রস্তুত?
দুগ্ধপোষ্য, অটিস্টিক ও নাজুক শিশুদের বিপরীতে কতসংখ্যক ধর্ষক এই সমাজে বিচরণ করছে, প্রথম আলোয় প্রকাশিত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এই পরিসংখ্যান থেকে তা জানার কোনো উপায় নেই। কেননা, এক-তৃতীয়াংশ ক্ষেত্রে মামলা হয়নি, অনেক ঘটনাই গণমাধ্যম অথবা থানায় নথিবদ্ধ হয়নি।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস বলছে, গত এক বছরে করা কোনো ধর্ষণ মামলারই নিষ্পত্তি হয়নি। একটি সরকারি অনুসন্ধানে দেখা গেছে, ধর্ষণসহ ২২ হাজার ৩৮৬টি নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৫ হাজার ৩টি। রায় ঘোষণার হার ৩ দশমিক ৬৬ এবং সাজা পাওয়ার হার দশমিক ৪৫ শতাংশ। এই হলো আইনের শাসনের সত্যিকার চেহারা!
সামাজিক বাস্তবতার চেহারা আরও ভয়াবহ। প্রতিরোধে অক্ষম এবং অপরাধী শনাক্তে দুর্বল বলেই শিশুরা বিকারগ্রস্ত পুরুষের লালসার প্রধান শিকার। বাবা-মাকে কতটা সতর্ক থাকতে হবে তা আমরা জানলাম। নির্যাতকের তালিকায় প্রভাবশালী ও তাদের সহায়তাধন্যরাই বেশি। এসবের প্রতিরোধে সমাজের অভিভাবক, পুলিশ, জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্ব যতটাই অপরিসীম, ব্যর্থতাও ততখানি।
পর্নোগ্রাফির অবাধ বিস্তার, মাদক ও মাস্তানের আগ্রাসন সবখানে। দেশি-বিদেশি টেলিভিশনে শিশুদের বড়দের মতো করে দেখানোও থেমে নেই। রয়েছে পেডোফিলিয়া নামক মানসিক বিকার। এসব মোকাবিলায় সমাজ, পরিবার ও রাষ্ট্র যদি দায়িত্ববান না হয়, তাহলে ভবিষ্যতের ভরসা কোথায়? বিদ্যালয় থেকে বিচার বিভাগ, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত করণীয় অনেক। সবার আগে চাই আইনের নিরাপস প্রয়োগ, তার পরে চাই সামাজিক জাগরণ। আর তাহলেই বিকারগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা এবং ধর্ষণমানসিকতাসম্পন্ন মানুষের সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব।