গত বছরের ২৯ জুলাই রাজধানীতে এক বেপরোয়া বাসের চাপায় দুই কলেজশিক্ষার্থী মর্মান্তিকভাবে নিহত হলে স্কুল–কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছিল। তারা হাজারে হাজারে নেমে এসেছিল রাজপথে; সড়কের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু পুলিশ বাহিনী ও সরকারি দলের লোকজন সহিংস বলপ্রয়োগের মাধ্যমে তাদের রাস্তা থেকে বিতাড়িত করেছে। যুক্তিসংগত দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী কিশোর–তরুণদের সঙ্গে এই অন্যায় ও অপরাধমূলক আচরণের কোনো বিচার করা হয়নি, ফলে সরকারের উচ্চপর্যায় থেকে সড়ক দুর্ঘটনা সমস্যাটি সমাধানের বিষয়ে যেসব আশ্বাসবাণী উচ্চারণ করা হয় এবং সাড়ম্বরে পুলিশি অভিযান চালানো হয়, সেসবের আন্তরিকতা নিয়ে প্রশ্ন থেকে গেছে।
শিক্ষার্থীদের গত আগস্টের আন্দোলনের পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘটা করে সেপ্টেম্বর মাসকে ‘বিশেষ ট্রাফিক সচেতনতা মাস’ হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু এক মাস ধরে নানা তৎপরতা চালানোর পরও খোদ ডিএমপি কমিশনারের মূল্যায়ন ছিল, ‘মাসব্যাপী অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।’ কিন্তু কী কী কারণে ট্রাফিক পুলিশের অভিযানটি থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, সে বিষয়ে কোনো পর্যালোচনা বা মূল্যায়নের খবর পাওয়া যায়নি। আমাদের প্রায় সব উদ্যোগের একটি গুরুতর সীমাবদ্ধতা হলো কাজের সঠিক পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও কর্তৃপক্ষের জবাবদিহির অনুপস্থিতি। সড়ক দুর্ঘটনার ব্যাপারে বছরের পর বছর ধরে নানা আশ্বাসবাণী উচ্চারণ, নানা তৎপরতা, নানা অভিযানের পুনরাবৃত্তি চলে আসছে, কিন্তু সড়কে মৃত্যুর মিছিল খাটো হচ্ছে না, বরং উল্টো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
সেপ্টেম্বরের মাসব্যাপী পুলিশি অভিযানে ১১৭ দিনের মাথায় ডিএমপি গত মঙ্গলবার থেকে রাজধানীতে আনুষ্ঠানিক উদ্বোধনীর মাধ্যমে ১৫ দিনের ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ ২০১৯’ শুরু করেছে। সেদিনই ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর এক দিন আগেও একই দিনে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। ডিমএমপির ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালিত হচ্ছে শুধু রাজধানীতে, কিন্তু সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তার অভাব একটা গুরুতর জাতীয় সমস্যা। এর সমাধান করতে হলে সারা দেশেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে আন্তরিকভাবে তৎপর হতে হবে।
রাজধানীতে চলমান ট্রাফিক শৃঙ্খলা পক্ষের কর্মসূচির মধ্যে রয়েছে যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো, রাস্তা পারাপারের সময় পদচারী–সেতু ব্যবহারে উদ্বুদ্ধ করা, স্টপেজ ছাড়া যত্রতত্র বাস থামালে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া এবং ট্রাফিক পুলিশের চেকপয়েন্ট বসিয়ে নানা রকমের নজরদারিমূলক কার্যক্রম চালানো। এ ছাড়া রাজধানীর ট্রাফিকসংক্রান্ত ভৌত অবকাঠামোর সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিত করার প্রয়াস হিসেবে বেদখল রাস্তাগুলো পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে—এমন কথাও বলা হয়েছে। এগুলো সবই ভালো ও প্রয়োজনীয় উদ্যোগ। কিন্তু দুই সপ্তাহ বা একটি মাস ধরে ঘটা করে চালানোর বিষয় নয়, সব সময়ের অনুশীলনের বিষয়। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ যে কদিন চলবে, সেই কদিন নির্দিষ্ট স্টপেজের বাইরে বাস থেমে যাত্রী তোলা–নামানোর প্রতিযোগিতা বন্ধ থাকবে, কিন্তু ট্রাফিক পক্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আগের অভ্যাসে ফিরে যাবে—এভাবে সড়কে স্থায়ী শৃঙ্খলা আসা সম্ভব নয়। ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ সব সময়ের জন্য শতভাগ নিশ্চিত করতে হবে। আইনভঙ্গের দায়ে শাস্তি নিশ্চিত করতে হবে। সড়কের উল্টো পথে চলাসহ যাবতীয় রকমের অনিয়মই যেন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হলে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে এবং সেই নীতির শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ট্রাফিক পুলিশের সদস্যদের মধ্যকার দুর্নীতিবাজ অংশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ক্ষমতাহীন–ক্ষমতাধরনির্বিশেষে ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা হোক সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রথম ধাপ।