মিরসরাইয়ের মিনি ট্রাক দুর্ঘটনায় ৪০টি কিশোরের তাজা প্রাণ ঝরে গেল। এদের বেশির ভাগই ছিল আবুতোরাব সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্র। সবারই বয়স ছিল ১০ থেকে ১৮ বছরের মধ্যে। এই কিশোরেরা তাদের স্কুল থেকে আট কিলোমিটার দূরে মিরসরাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় ফাইনাল খেলা শেষে বিজয়োল্লাস করতে করতে ঘরে ফিরছিল।সংশ্লিষ্ট ঘটনাগুলো খতিয়ে দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়—কী সীমাহীন দায়িত্বহীনতা, ঔদাসীন্য ও অবহেলা সমাজের পরতে পরতে ভর করে আছে! খেলা শেষে দুটি স্কুলের প্রায় ৭০ জন ছাত্রকে রাইস মিলের একটি চাল বহনকারী মিনি ট্রাকে তুলে দেওয়া হলো। গাড়ির চালকের সিটে উঠে বসলেন মফিজ নামের চালকের একজন সহকারী। তাঁর ড্রাইভিং লাইসেন্স নেই, চালক হিসেবে কোনো দক্ষতাও নেই। তাঁর পরিচয় এবং অদক্ষতার বিষয়টি আগে থেকে জানা সত্ত্বেও কোন বিবেকে স্কুল পরিচালনা কমিটি কিংবা প্রধান শিক্ষক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কিংবা শিক্ষকমণ্ডলী এমন একজন আনাড়ি হেলপারের দায়িত্বে মুরগির খাঁচার মধ্যে যেভাবে মুরগি ঢোকানো হয়, সেভাবে ঠাসাঠাসি করে এতগুলো শিশু-কিশোরকে তুলে দিলেন? এতগুলো অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরকে নিরাপত্তার বিষয়টি তাঁদের মাথায় একবারও এল না?এটা অনস্বীকার্য, মা-বাবা সন্তানদের স্কুলে পাঠিয়ে অনেকটা নিশ্চিন্ত হতে চান। এটা সবাই এত দিন জেনে এসেছেন যে শিক্ষকদের তত্ত্বাবধানে তাঁদের সন্তানেরা নিরাপদ থাকবে। কিন্তু এখন কী ঘটছে? যে মিনি ট্রাক মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়, সে ধরনের যন্ত্রদানবকে মাত্র ২০০ টাকা দিয়ে কেন এই শিশুদের বহন করার জন্য নেওয়া হলো? অনুদান নিয়ে একজন দক্ষ চালকসহ একটা বাস কেন ভাড়া করা হলো না? দ্বিতীয়ত, চালকের দক্ষতাটা খতিয়ে দেখা হলো না কেন? তৃতীয়ত, এই ট্রাকে এই ছাত্রদের সঙ্গে একজন শিক্ষক কেন থাকলেন না? এই শহরের নামীদামি স্কুলের সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে। এই অবুঝ শিশুদের বিপদসংকুল পথে ছেড়ে দিয়ে অভিভাবকস্থানীয় শিক্ষকেরা কতটা নির্লিপ্ত থাকেন! এ কথা বলতেই হবে, শিক্ষকেরা তাঁদের দায়িত্বটা পালন করেননি। অবক্ষয় যদি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু হয়, তাহলে সে পচন ছড়িয়ে পড়বে সমাজের সর্বস্তরে। প্রতিদিন একটার পর একটা সড়ক দুর্ঘটনায় কেন এত মৃত্যুর ঘটনা ঘটছে। সেটা আজ খতিয়ে দেখার প্রয়োজন আছে। প্রথম কথা, প্রায়ই সড়ক দুর্ঘটনার পর জানা যাচ্ছে হেলপার গাড়ি চালাচ্ছিল, তার কোনো বৈধ লাইসেন্স নেই, আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে, গাড়ির কোনো ফিটনেস নেই। আর যাদের লাইসেন্স আছে, সেই লাইসেন্সও মেকি। বিআরটিএর কোনো কর্তাব্যক্তিকে টাকা ধরিয়ে একটা লাইসেন্স বের করে এনেছে। রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো, মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, সামনের গাড়িকে ওভারটেক করার প্রবণতা—এগুলো হরহামেশাই চলছে। রাস্তায় পেট্রোল পুলিশ নেই। মহাসড়কে কোনো চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কি না, তা দেখার কেউ নেই। আমেরিকা ও কানাডার রাস্তায় চলার সময় দেখেছি, একজন চালক ট্রাফিক আইন ভঙ্গ করার সঙ্গে সঙ্গে ‘হাইওয়ে’ পুলিশ নিমিষেই দোষী চালকের গাড়ির কাছে এসে পড়ছে এবং তাকে টিকিট অর্থাৎ জরিমানা জমা দেওয়ার কুপন দিয়ে দিচ্ছে। অথচ দোষী চালক কিংবা আরোহীরা বুঝতেও পারেনি কোথায় এই হাইওয়ে পুলিশ অবস্থান করছিল।সমগ্র দেশের কথা বাদ দিলাম, এই ঢাকা শহরে আইন প্রয়োগকারী সংস্থা দু-একটা মামলা ধরলেও টাকা-পয়সার বিনিময়ে রাস্তা থেকে তা নিষ্পত্তি হয়ে যায়। মামলা আর আদালত পর্যন্ত গড়ায় না। এটা আমরা অনেকেই দেখেছি। বর্তমান আইনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হলে যে শাস্তি, ৫০ জনের মৃত্যু হলেও সেই একই শাস্তি। সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড। এ আইনের অবশ্যই সংশোধন হওয়া উচিত। কাউকে খুন করা এবং পথচারীকে চাপা দিয়ে মেরে ফেলা কিংবা অন্য গাড়িকে ধাক্কা দিয়ে আরোহীদের মেরে ফেলার মধ্যে কোনো পার্থক্য তো নেই।সড়ক দুর্ঘটনায় এই খুন করার শাস্তি এত লঘু কেন হবে? আদালতসংশ্লিষ্ট আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে জানা যায়, ব্রিটিশ আমলের প্রণীত আইনে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার মেয়াদ ছিল সাত বছর। এরশাদ আমলে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও জামিনের অযোগ্য ধারা আরোপ করা হলেও চালকদের আন্দোলনের মুখে এ আইন টিকিয়ে রাখা যায়নি। কয়েক মাসের মধ্যে এই আইন বাতিল করে পুরোনো ধারা বহাল করা হয়। গ্রিক মহাবীর আলেকজান্ডারের কথায় বলতে হয়, ‘কী বিচিত্র এই দেশ, সেলুকাস!’এই আইনও টিকিয়ে রাখা গেল না। তৎকালীন এরশাদ সরকারের আমলে প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ড্রাইভিং শিখতে গিয়ে ছড়াকার বাপ্পী শাহরিয়ারকে গুরুতরভাবে আহত করার পর ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ছেলেকে বাঁচানো জন্য নিজে উদ্যোগ নিয়ে এই আইন আবার সংশোধন করিয়ে ছাড়েন। ১৯৮৫ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় শাস্তির মেয়াদ আবার পাঁচ বছর করা হয়। শাস্তির এই লঘু মেয়াদ, তার ওপর চালক কখনোই ধরা পড়ে না। এ কথা অস্বীকার করার কারণ নেই যে গাড়ির মালিকেরা খুবই বিত্তশালী। গাড়ির চালক যত বড় অপরাধ করুক না কেন, এই চালক তার কাছে একটি সম্পদ। চালক ধরা পড়লেও এ পর্যন্ত কোনো কোনো চালকের এক বছরের ওপর সাজা হয়েছে বলে জানা যায়নি। তাই তো মৃত্যুর মিছিল চলছেই। প্রধানমন্ত্রী মিরসরাই গিয়ে নিহত ছাত্রদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন, অর্থ অনুদানও দিয়েছেন। মিরসরাই আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় প্রধানমন্ত্রী বলেছেন, গাড়ির ড্রাইভারদের লাইসেন্সের বিষয় এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।এর আগেও এ ধরনের বহু নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তা কতটুকু পালিত হচ্ছে, এটা দেখবে কে? মিরসরাই দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তাঁর বিচার হবে তো? আসাদ উল্লাহ খান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক।