নিরীহ নির্দোষ কৌতুক অথবা বিলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা খুব একটা গুমোট সময় অতিক্রম করছি। দিনের পর দিন হরতাল হচ্ছে। হরতালের শিকারে পরিণত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও। হরতালে অন্তত চারজন লোক মারা গেছেন। আর আছে গুম-খুন। মানুষ হারিয়ে যায়। মানুষ অদৃশ্য হয়।অথচ আমরা একটা শান্তির দেশ প্রত্যাশা করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল, সরকারি দল আর বিরোধী দল মিলেমিশে দেশটাকে উন্নতির মহাসড়কে এগিয়ে নেবে। আমরা শিক্ষায়-দীক্ষায়, শিল্পে-কৃষিতে—সর্বত্র এগিয়ে যাব। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা নিয়ে আমরা কথা বলব সংসদে। বাইসাইকেলের যেমন দুই চাকা, তেমনি সংসদীয় গণতন্ত্রেরও দুই চাকা, বিরোধী দল আর সরকারি দল, দুটো চাকাই ঘুরবে, দেশ এগিয়ে যাবে।আমাদের সে প্রত্যাশা পূরণ হয়নি। দেশে চলছে সংঘাত। আমরা পিছিয়ে পড়ছি। মানুষের জীবনে নিরাপত্তা নেই। মানুষের কত দুঃখ-কষ্ট-যন্ত্রণা! সবচেয়ে বড় দুঃসংবাদ, কোনো আশা নেই। এই সংকট থেকে উত্তরণের কোনো পথ আমরা দেখি না। আমরা যে টানেলে ঢুকে পড়েছি, তার মাথায় কোনো আলো দেখা যাচ্ছে না।এই অবস্থায় গদ্যকার্টুনে কৌতুক পরিবেশন করলে কি আপনাদের ভালো লাগবে? নাকি জীবনানন্দ দাশের কবিতায় যা বলা হয়েছে, একই সঙ্গে বিড়াল আর বিড়ালের মুখে ধরা ইঁদুরকে হাসানোর কাজ করে যেতে হবে আমাদের? আমরা তো মরবই, পুরো জাতিই আমরা আত্মহননের উৎসবে মেতেছি, মরার আগে একটু হাসিঠাট্টা করে নেব?২.সবাই আজ তাকিয়ে আছে শাহজান খানের দিকে। কারণ তিনি তো কেবল নৌমন্ত্রী নন, তিনি যে আবার সড়ক পরিবহন শ্রমিকদের নেতা। তিনি যে আমাদের গাড়িচালকদের একমাত্র ভরসার স্থল!বাংলাদেশের গাড়িচালকদের জন্য আজ সত্যি দুঃসময়। এত দুঃসময় তাদের জীবনে সত্যি কখনো আসেনি। প্রথমে সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িচালক অদৃশ্য হয়ে গেলেন। সবাই শুধু সুরঞ্জিত বাবু আর টাকা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। গাড়িচালকও যে মানুষ, তাঁরও যে বউছেলেমেয়ে, বাবা-মা আছে, তাঁর জীবনও যে জীবন, কেউ মনেই করল না! সেই গাড়িচালক আজও উদ্ধার হলেন না। কিন্তু কই, শাজাহান খান তো ধর্মঘট ডাকলেন না, সমাবেশ ডাকলেন না?সেই ঘটনার রেশ মিলতে না মিলতেই হারিয়ে গেলেন ইলিয়াস আলীর ড্রাইভার। ইলিয়াস আলীর মুক্তির দাবিতে হরতাল চলছে। কিন্তু তাঁর ড্রাইভারের কথা কেন আমরা ভুলে যাব?অথচ পরিবহন শ্রমিকদের নেতা ধর্মঘট ডাকলেন না। সমাবেশ ডাকলেন না। শাহজান খান, এটা খুব অন্যায়। আপনি রাজপথে নামুন।শুধু কি তাই? এরপর আবারও ওই ড্রাইভারের ওপরই হামলা। ঢাকায় খিলগাঁও এলাকায় হরতালের আগের দিনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হলো। বাসের চালক জ্বলন্ত বাসে পুড়ে কয়লা হয়ে গেলেন। এর পরও চালকদের নেতা শাজাহান খান নীরব কেন? রাজপথে নামুন।এই শেষ নয়। সাভারে পিকেটারদের হামলায় দিশেহারা মাইক্রোবাস ধাক্কা খেল গাছের সঙ্গে । আবারও মারা গেলেন বাসের চালক। আর কতজন মারা গেলে শাজাহান খান তাঁর নেতৃত্বাধীন পেশাজীবী মানুষদের বাঁচাতে এগিয়ে যাবেন?কিন্তু হায়, মানুষ ভাবে এক, হয় আরেক।শাজাহান খানের গাড়িতে আঘাত করল আরেকটা বাস। দুর্ঘটনার শিকার হলেন তিনি। শাজাহান খানের আগের বক্তব্য ছিল, সড়ক দুর্ঘটনার জন্য চালক দায়ী নয়, দায়ী ব্যবস্থা। তাই যদি হবে, তবে কেন ওই বাসের চালককে গ্রেপ্তার করা হলো? এবার কেন শহীদ মিনারে ওই চালকের মুক্তির দাবিতে সমাবেশ হচ্ছে না?যে চালকেরা গরু-ছাগল চিনতে পারে, তারা তাদের নেতাকে চিনতে পারল না?এই পর্যন্ত লিখে মনে হলো, আপনাদের মুখে হাসি ফোটাতে পারিনি। হুমায়ূন আহমেদ স্যার নিউইয়র্ক থেকে আমাকে কৌতুকের বই পাঠিয়েছেন। বলেছেন, তোমার গদ্যকার্টুন পানসে হয়ে যাচ্ছে। ফরেন হেল্প নাও। তাহলে ফরেন হেল্পই নিই। একটা বিদেশি কৌতুক। বুশকে নিয়ে কৌতুক।বুশ একদিন এক স্কুল পরিদর্শনে গেলেন। ক্লাসে তিনি ছেলেদের উদ্দেশে ভাষণ দিলেন। তারপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। ববি হাত তুলল। সে দাঁড়িয়ে বলল, আমার তিনটা প্রশ্ন আছে: ১. নির্বাচনে কম ভোট পেয়েও কী করে আপনি প্রেসিডেন্ট হলেন? ২. ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র না থাকা সত্ত্বেও কেন ইরাকে হামলা করা হলো? ৩. হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা কি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা নয়?বিরতির ঘণ্টা বেজে উঠল। বিরতির পর আবার সবাই মিলিত হলো। এবার দাঁড়াল জন। জন বলল, মিস্টার প্রেসিডেন্ট, আমার পাঁচটি প্রশ্ন: ১. নির্বাচনে কম ভোট পেয়েও কী করে আপনি প্রেসিডেন্ট হলেন? ২. ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র না থাকা সত্ত্বেও কেন ইরাকে হামলা করা হলো? ৩. হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা কি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা নয়? ৪. বিরতির ঘণ্টা কেন ২০ মিনিট আগেই বেজে উঠল? ৫. ববি কোথায়?আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।