বিএনপিকে অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় আগামী সংসদ নির্বাচনের যে প্রস্তাব প্রধানমন্ত্রী দিয়েছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি অবশ্য শুরুতেই বলে দিয়েছে, তারা এই প্রস্তাব মানে না। তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সংসদ নির্বাচন চায়।প্রধানমন্ত্রীর নতুন প্রস্তাবে মনে হচ্ছে, সরকার নির্বাচনী সরকারকাঠামো পুনর্বিবেচনা করতে আগ্রহী। এটা শুভ লক্ষণ। বর্তমান সরকারব্যবস্থা ও সংসদকে বহাল রেখে ক্ষমতাসীনেরা যে নির্বাচনের পরিকল্পনা করেছিল, তা যে অসম্ভব চিন্তা, তা তারা এখন উপলব্ধি করতে পেরেছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। নিজের মতকে একমাত্র মত মনে করে একগুঁয়েমি করা গণতন্ত্রের লক্ষণ নয়। প্রধানমন্ত্রী লন্ডনে গিয়ে নতুন একটা প্রস্তাব দেওয়ায় ক্ষমতাসীন দলের গণতান্ত্রিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। নির্বাচনের আরও দেরি আছে। এই সময়ে ক্ষমতাসীন দল পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে নির্বাচনকালীন সরকার সম্পর্কে আরও বাস্তবধর্মী মতামত বা প্রস্তাব দিতে পারে। আমরা আশাবাদী।বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও রাজনৈতিক সংস্কৃতির পটভূমিতে কোনো রাজনৈতিক দলের সরকারের পক্ষে সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন পরিচালনা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়, তাদের সাড়ে তিন বছরের শাসনামলে কয়েক হাজার স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এমনকি সংসদীয় আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছেন। এগুলো সবই সত্য। এ জন্য সরকার প্রশংসার দাবিদার। কিন্তু স্থানীয় নির্বাচন ও সংসদ নির্বাচনকে (৩০০ আসন) সরকার এক মাত্রায় বিবেচনা করতে গিয়ে ভুল করে ফেলছে। অনেক গণতান্ত্রিক দেশে স্থানীয় সরকার নির্বাচনও সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয়, আমাদের দেশে তা নয়। আমাদের দেশে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও স্বার্থান্বেষিতার জন্য কখনো স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীও হয়নি, গুরুত্বও লাভ করেনি। বড় দুই দল এ দেশে গণতান্ত্রিক সরকারের পরিবর্তে ‘এমপি সরকার’ কায়েম করেছে। এ দেশে এখন গণতন্ত্রের ছদ্মাবরণে ‘এমপি রাজত্ব’ ও ‘কেন্দ্রীয় সরকারের আধিপত্য’ প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের নামে ‘প্রধানমন্ত্রীর একনায়কত্ব’ও কায়েম হয়েছে। সংসদীয় গণতন্ত্রের সঙ্গে এ ধরনের একনায়কত্বের কোনো মিল নেই। বাংলাদেশে কিছু টার্ম ব্যবহার করা হয়। কিন্তু এসব টার্ম বাস্তবে কার্যকর হয় না। এ রকম বহুলভাবে অপব্যবহূত টার্ম হচ্ছে: ‘গণতন্ত্র’ ও ‘সংসদীয় গণতন্ত্র’। এসব কারণে বর্তমান সরকারের পরিচালনায় সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন হয়েছে বলে সংসদ নির্বাচনও (৩০০ আসন) হবে, এমন দাবি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় থাকলেও তাদের পক্ষেও সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন করা সম্ভব হবে না। কারণ, বিএনপিও একই দূষিত রাজনৈতিক সংস্কৃতির অংশীদার। অপরাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন, দলীয়করণ ইত্যাদিতে দুই দলের কারও ট্র্যাক রেকর্ড পরিচ্ছন্ন নয়। কাজেই ক্ষমতাসীন দলকে প্রাধান্য দিয়ে কোনো বহুদলীয় সরকার গঠিত হলে সেই সরকারের পক্ষেও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আমরা মনে করি না। স্থানীয় নির্বাচন ও সংসদ নির্বাচন (৩০০ আসন) আকাশ-পাতাল তফাত। সরকার স্থানীয় নির্বাচনের সাফল্যের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। দুটো কোনোভাবেই এক নির্বাচন নয়।যত দিন পর্যন্ত এ দেশে সুষ্ঠু, গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, তত দিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সংসদ নির্বাচন করতে হবে। তবে বড় চার-পাঁচটি দল একমত হলেই দেশে সুষ্ঠু, গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তাদের শুধু কিছু শর্ত পালন করতে হবে, যা অন্য ১০টি দেশে পালিত হয়। দেশে সেই রকম সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা হলে অনায়াসে নির্বাচনের সময় ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাহীন করে তাদের পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে। বাংলাদেশে সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন করতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিকল্প নেই। বিএনপি ও অন্য দলগুলোও এ কথা বারবার বলেছে। তবে এসব কথার মধ্যে একটু ফাঁক থেকে যাচ্ছে। তা হলো, তারা এখনো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রস্তাব করতে পারেনি। আগের রূপরেখা এখন আর সংবিধানে নেই। প্রধান বিচারপতি খায়রুল হকের রায়ে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যুক্ত না রাখার কথা বলা হয়েছে। খবুই বাস্তবসম্মত মন্তব্য। বিচার বিভাগকে কোনোভাবেই বিতর্কিত করা ঠিক হবে না। বর্তমান সরকার বিচার বিভাগকে যথেষ্ট বিতর্কিত করেছে, আর নয়। ভবিষ্যতে যদি কোনো দিন বিএনপি ক্ষমতায় আসে এবং তারাও যদি বিচার বিভাগে আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে এ দেশের বিচারব্যবস্থার যে কী হাল হবে, তা ভাবতেও শিউরে উঠতে হয়। আশা করি, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ এর সমালোচনা করবে না।সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত না করে কীভাবে সর্বসম্মতভাবে ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান’ করা যায়, তা নিয়ে বিএনপি বা কোনো দল এখনো পর্যন্ত কোনো সুচিন্তিত মতামত দেয়নি। এ ব্যাপারে নাগরিক সমাজের বিভিন্ন ফোরামও কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি। কাজটি খুব সহজ নয়। তাই এখন থেকে এ ব্যাপারে আলাপ-আলোচনা শুরু করা দরকার। সমস্যা হবে ‘প্রধান উপদেষ্টা’ নিয়ে। কারণ, কোনো ক্রাইটেরিয়া ছাড়া ১৬ কোটি লোক থেকে একজনকে বেছে নিতে হবে। সেই লোকটির ওপর রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, মিডিয়া ও জনগণের আস্থা থাকতে হবে। কাজটি খুব কঠিন। যে দেশের একমাত্র নোবেল লরিয়েটকে প্রধানমন্ত্রী নিজে, সরকারের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের কয়েকজন নেতা (সবাই নয়) ‘দেশের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন, (সংবাদপত্রের প্রতিবেদন দ্রষ্টব্য) সেখানে সে রকম নির্দলীয় ব্যক্তিত্ব কে আছেন, যাঁর ওপর রাজনৈতিক দল ও অন্যরা ‘প্রধান উপদেষ্টা’ পদে আস্থা জ্ঞাপন করবেন? কাজটা খুবই কঠিন। তাই এই আলোচনা এখন থেকে শুরু না করলে ঠিক সময়ে ঠিক নামটি পাওয়া যাবে না। তখন এক বিরাট অচলাবস্থার সৃষ্টি হতে পারে, যা কারও কাম্য নয়।প্রধানমন্ত্রী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারে বিএনপিকে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছেন, তা একধরনের বাহানা। যে দলের সঙ্গে তাঁরা প্রথম দিন থেকে শত্রুর মতো আচরণ করছেন, সরকারি দলের যন্ত্রণায় যে দল জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারছে না, যে দলের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক হাজার হাজার মামলা রেখে দিয়েছেন (নিজেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন), অতিসম্প্রতি যে দলের প্রথম সারির কয়েকজন নেতার বিরুদ্ধে আজগুবি মামলা দিয়ে শাস্তির ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছেন সরকার আশা করছে, সেই দল আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে সরকারে যোগ দেবে!! মন্ত্রীরা দেশের লোকদের এত বোকা ভাবেন কেন, তা আমার বোধগম্য নয়। সরকার একবার বলেছিল, মহাজোট মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ বহাল রেখে আগামী সংসদ নির্বাচন করবে। এসব চিন্তাকে ‘মামার বাড়ির আবদার’ বললেও ঠিক সমালোচনা হয় না। গত সংসদ নির্বাচনে জিতে ও অনেক বেশি আসন পেয়ে সরকারের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে বলে মনে হয়। সরকারের ভাব দেখে মনে হচ্ছে, একদিন তারা হয়তো বলে ফেলবে, ‘বর্তমান সংসদকেই পুনর্নির্বাচিত ঘোষণা করা হোক।’ তাহলে সব ল্যাঠা চুকে যায়।সরকারের মন্ত্রীদের নানা কথাবার্তা, প্রস্তাব ও মন্তব্য শুনে মনে হয়, তাঁদের আশঙ্কা হচ্ছে, আগামী নির্বাচনে তাঁরা আর জয়ী হতে পারবেন না। এই আশঙ্কা অমূলক নয়। কারণ, বিভিন্ন ক্ষেত্রে তাঁদের ব্যর্থতা, পদ্মা সেতু নিয়ে এত বড় কেলেঙ্কারি, সরকারি প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা, রেন্টাল বিদ্যুৎ কেলেঙ্কারি, শেয়ারবাজারে ধস, শেয়ারবাজারে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর সর্বস্বান্ত হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্র ও যুব লীগের টেন্ডার-সন্ত্রাস, গ্রামীণ ব্যাংক ইস্যুতে ৮০ লাখ গরিব নারীর মালিকানা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী কর্তৃক অপমান ও হয়রানির অব্যাহত চেষ্টা, তিস্তার পানি বণ্টন ইস্যুতে কূটনৈতিক ব্যর্থতা, বিভিন্ন শক্তিশালী দেশ ও দাতা সংস্থার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করা—এ রকম আরও অসংখ্য কারণে বর্তমান সরকারের ওপর দেশের মানুষ বীতশ্রদ্ধ, ক্ষুব্ধ। জনগণের এই মনোভাব সরকারের অজানা থাকার কথা নয়। বিভিন্ন সংবাদপত্রের লেখালেখি, বিভিন্ন টিভির টক শো, ফেসবুক, সংবাদপত্রে অনলাইন মন্তব্য, বিভিন্ন ব্লগে মন্তব্য, বিবিসি বাংলার ফোন ইন অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য ইত্যাদি সবকিছু যদি সরকারি কোনো সংস্থা মনিটর করে, তাহলে দেখবে এর ৮০ ভাগই সরকারের বিপক্ষে গিয়েছে। আশা করি, সরকার তা জানে।এ রকম অবস্থায় সরকার ‘তত্ত্বাধায়ক সরকার’ নিয়ে টালবাহানা করবে, সেটাই স্বভাবিক। নানা কারণে মন্ত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। বিচারব্যবস্থা দলীয়করণ ও মামলা দেওয়ার মডেল আওয়ামী লীগ সরকার শিখিয়ে দিয়েছে। এই শিক্ষা কি বিজয়ী দল কাজে লাগাবে না? কাজেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মন্ত্রীদের ভয় পাওয়া স্বাভাবিক। কাজেই আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হওয়া ছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না।আওয়ামী লীগ সরকার দাবি করেছে, তাদের যত সাফল্য, তা অতীতের কোনো সরকারই দেখাতে পারেনি। প্রধানমন্ত্রী সম্প্রতি বিবিসিকে বলেছেন, তাঁর সরকারের আমলে ১০ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে—এগুলো তো সবই ইতিবাচক দিক। জনগণ তাহলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পাঠানোর জন্য মুখিয়ে থাকার কথা। তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ভয় কিসের? প্রধানমন্ত্রী ও সরকারের উচিত, নিজেদের সাফল্যের ওপর আত্মবিশ্বাস রাখা। যে কাঠামোর সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, জননন্দিত মহাজোট আবার জয়ী হবে, এই আত্মবিশ্বাস দৃঢ় হলে কোনো কিছুই বঙ্গবন্ধুকন্যাকে দমাতে পারবে না। কোন ধরনের সরকারকাঠামোর অধীনে নির্বাচন হবে, সেটা বড় কথা নয়। সরকারের বিরাট সাফল্য তাদের আবার জয়ী করবে—এই আত্মবিশ্বাস খুব জরুরি।মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।