নির্দিষ্ট কারণ ছাড়া কাউকে ওএসডি করা উচিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের জন্ম ১৯৫০ সালে কুমিল্লায়। স্কুল ও কলেজের পড়াশোনা সেখানেই। গণিতে মাস্টার্স ডিগ্রি নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিসিএস প্রশাসনে যোগ দেন ১৯৭৭ সালে। শুরুতে সাত বছর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে। বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন পাঁচ বছর। এরপর সংস্কৃতি, কৃষি, যোগাযোগ, সংস্থাপন ও তথ্য মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান ২০০৪ সালে। একই বছরের শেষ দিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। ২০০৬ সালের শেষ দিকে তিনি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পান। সে বছরেরই ৬ ডিসেম্বর যুগপৎ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। অবসরে যান ২০০৮ সালে। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া প্রথম আলো  সাধারণভাবে এটা অনেকেই বলেন, সচিবেরা খুবই নাজুক পরিস্থিতির মধ্যে থাকেন; যেকোনো কারণে ও যেকোনো সময়ে তাঁদের সরানো যায়। ফলে তাঁরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না। আপনার অভিজ্ঞতা কী বলে?আলী ইমাম মজুমদার  আমি মনে করি না যে সচিবেরা সব সময় নাজুক অবস্থার মধ্যে থাকেন। সরকার যদি যথোপযুক্ত ব্যক্তিকে যথাস্থানে নিয়োগ না দেয় এবং একটি নির্দিষ্ট সময় তাঁকে কাজ করতে না দেয়, তাতে ক্ষতি কিন্তু সরকারেরই। সরকার তথা রাজনৈতিক নেতৃত্বকেই জনগণের কাছে দায়ী থাকতে হয়। অনেক সময় ভুল নিয়োগ হয়, সে জন্য পরিবর্তন প্রয়োজন। সরকারের কাজে গতিশীলতা আনার জন্যও পরিবর্তন প্রয়োজন হয়। সচিবদের কাজের শর্তই হচ্ছে, সরকার তাঁকে যে কাজে প্রয়োজনীয় মনে করবে, সে কাজটি করা। তাঁদের কাজ হচ্ছে সাহসের সঙ্গে সরকারকে সৎ ও যৌক্তিক পরামর্শ দেওয়া।প্রথম আলো  সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি স্বাধীনতাবিরোধী হিসেবে বিবেচিত একটি দলের নাম উল্লেখ করে বলেছেন, প্রশাসনে তাদের সমর্থক যাঁরা রয়েছেন, তাঁদের পদোন্নতি দেওয়া হবে না। বাস্তবে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব কি? কীভাবে তাঁদের চিহ্নিত করা সম্ভব হবে?আলী ইমাম মজুমদার  তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। তাঁর পুরো বক্তব্য ও প্রসঙ্গ না জেনে খণ্ডিত একটি অংশের ওপর মন্তব্য করা ঠিক হবে না।প্রথম আলো  যে দলেরই হোক, প্রশাসনে দলীয় সমর্থকদের থাকার সুযোগ আছে কি?আলী ইমাম মজুমদার  একজন সরকারি কর্মকর্তার মনে কী আছে, সেটা প্রমাণ করা কঠিন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকলে আচরণবিধি অনুসারে তা অসদাচরণ। শৃঙ্খলা ও আপিল বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।প্রথম আলো সরকারি কর্মকর্তাদের মূল্যায়নে বর্তমানের যে পদ্ধতি অনুসরণ করা হয়, তাতে কী ধরনের ত্রুটি আছে বলে আপনি মনে করেন?আলী ইমাম মজুমদার  পদ্ধতির মধ্যে কোনো ত্রুটি আছে বলে মনে করি না। তবে বার্ষিক গোপনীয় অনুবেদন যাঁরা লেখেন, তাঁরা অনেক ক্ষেত্রে অতিমূল্যায়ন করেন। ভালো কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন হয় না। সমস্যাটা সেখানেই। অধিকাংশ ক্ষেত্রে আমার দেখি, ১০০ নম্বরের মধ্যে যে মূল্যায়ন করা হয়ে থাকে সেখানে কর্মকর্তারা সাধারণত নম্বর পান পুরো ১০০ থেকে ৯০ এর মধ্যে। সাধারণভাবে ৫০-৬০ নম্বর পাওয়াই যথেষ্ট। কারও দক্ষতা-যোগ্যতা অসাধারণ কিছু হলেই তিনি ৯০-এর ওপর নম্বর পেতে পারেন। এ ধরনের কর্মকর্তা বিরল। ফলে অতিমূল্যায়নের একটি ব্যাপার বর্তমানে লক্ষণীয়। যাঁরা মূল্যায়ন করেন, তাঁরা যদি তাঁদের বিচার-বিবেচনা ঠিক রাখেন তবে সমস্যা হওয়ার কথা নয়। কোনো পদ্ধতি বা ব্যবস্থা যাঁরা বাস্তবায়ন করেন, সেই পেছনের মানুষগুলোর ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ।প্রথম আলো  পদ্ধতিতে না হলেও মূল্যায়নের ক্ষেত্রে সমস্যা কিন্তু আছে। এটা দূর করার উপায় কী?আলী ইমাম মজুমদার  মূল্যায়ন যাঁরা করেন, তাঁদের পরও রয়েছেন অনুমোদনকারী কর্মকর্তা ও প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা। এর বাইরেও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, ফলে যিনি বার্ষিক গোপনীয় অনুবেদন লেখেন, সেখানে কোনো সমস্যা থাকলেও তা শোধরানোর সুযোগ আছে। বিশেষ করে, ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি তৎপর থাকেন, তবে কর্মকর্তাদের মূল্যায়নজনিত সমস্যা অনেটাই দূর করা সম্ভব।প্রথম আলো  পদোন্নতির ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হয়? রাজনৈতিক বা উচ্চপর্যায় থেকে যদি চাপ আসে, সেটা উপেক্ষা করা কি সম্ভব?আলী ইমাম মজুমদার  শুধু বার্ষিক গোপনীয় প্রতিবেদন নয়, শিক্ষাগত যোগ্যতার বিষয় আছে। যুগ্ম সচিব বা এর ওপরের পদে পদোন্নতির জন্য কর্মজীবনের সুনাম, সাফল্য ও ব্যর্থতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। পদোন্নতি কার্যকর করার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড বা এসএসবি। সরকারের উচিত তাদের ওপর আস্থা রাখা। আর তাদের কাছ থেকেও এটা প্রত্যাশিত যে তারা কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কিছু করবে না। নানামুখী চাপ নিশ্চয় থাকে, তবে তা পুরোপুরি না হলেও অনেকটাই সামাল দেওয়া সম্ভব বলে মনে করি। এসএসবি যদি জোরালো অবস্থান নেয়, অনেক চাপই উপেক্ষা করা সম্ভব। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করে। তবে সরকার বা রাজনৈতিক নেতৃত্ব যদি কার্যকরভাবে কিছু না চায়, সেটা বাস্তবায়ন করা কঠিন। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে রাজনৈতিক নেতৃত্বকে বোঝানো সম্ভব। কারণ, ব্যর্থতার দায় চূড়ান্ত বিচারে রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হয়। আমরা প্রশাসনে যে দলীয়করণের কথা বলি, তার পেছনে সরকারি কর্মকর্তাদের বড় দায় রয়েছে।প্রথম আলো  আমরা দেখে আসছি, অনেক আমলার রাজনৈতিক উচ্চাভিলাষ থাকে। অবসর গ্রহণের পরপরই রাজনৈতিক দলের টিকিটে নির্বাচনে অংশ নেন, বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। দেখা যায়, চাকরিতে থাকা অবস্থাতেই এর প্রস্তুতি নেওয়া শুরু হয়। এটা বন্ধ করার কোনো উপায় আছে কি?আলী ইমাম মজুমদার  প্রথম কথা হচ্ছে, এ ধরনের প্রবণতা অগ্রহণযোগ্য। তবে সাধারণত খুব কমসংখ্যক কর্মকর্তাই তা করে থাকেন। অধিকাংশ কর্মকর্তাই এর বাইরে থাকেন। তবে অবসর গ্রহণের পর একজন সরকারি কর্মকর্তা আর দশজন সাধারণ মানুষের মতোই একজন মুক্ত নাগরিক। বর্তমানে সংশোধিত যে গণপ্রতিনিধিত্ব আইন, সেখানে অবসর গ্রহণের তিন বছরে মধ্যে কোনো সরকারি কর্মকর্তার নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা আছে। এই বিধানটিকে আমি কার্যকর বলে মনে করি। এ ধরনের বিধান থাকার ফলে চাকরিতে থেকে রাজনৈতিক প্রস্তুতি গ্রহণের প্রবণতা কমে আসবে বলে মনে করি।প্রথম আলো  নিয়োগ-প্রক্রিয়া বা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার কারণে প্রশাসনে অসন্তোষ, শৃঙ্খলা ভেঙে পড়া এবং প্রশাসন মেধাশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। আপনি দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, আপনার অভিজ্ঞতা কী বলে?আলী ইমাম মজুমদার  প্রশাসনের নিয়োগ হয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ২০০৭ সালে পিএসসি পুনর্গঠনের পর নিয়োগ নিয়ে তেমন কোনো অভিযোগ ওঠেনি। আর পদোন্নতির ক্ষেত্রে বলব, শুধু রাজনৈতিক সরকার নয়, অরাজনৈতিক সরকারের সময়ও এ ধরনের সমস্যা আছে। হয়তো মাত্রা কম। সব সময়ই নেপথ্যে যাঁরা থাকেন, তাঁরা কলকাঠি নেড়ে থাকেন। যোগ্য লোকজনকে বাদ দিয়ে অযোগ্য লোককে পদোন্নতি দেওয়া হলে প্রশাসনে বিশৃঙ্খলা দেখা দেবে—এটাই স্বাভাবিক। পদোন্নতির প্রক্রিয়াকে প্রভাবিত করতে কিছু সরকারি কর্মকর্তাও ভূমিকা পালন করে থাকেন। সব সময় শুধু রাজনৈতিক নেতাদের দায়ী করে লাভ নেই। প্রশাসনে শৃঙ্খলার স্বার্থে অবশ্যই এ ধরনের পরিস্থিতির অবসান কাম্য। আমরা স্বস্তির সঙ্গে লক্ষ করছি যে সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতির সময় নিকট অতীতে বাদ পড়া কিছু যোগ্য কর্মকর্তাকে পুনর্বিবেচনায় পদোন্নতি দেওয়া হয়েছে। তবে প্রশাসন মেধাশূন্য হয়ে পড়ছে বলে যে অভিযোগ রয়েছে, তার মূল কারণ হচ্ছে সরকারি কর্মকর্তাদের কম বেতন-ভাতা। বর্তমানে করপোরেট প্রতিষ্ঠানগুলো যে বেতন দিচ্ছে তার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বেতনের কোনো সম্পর্ক নেই। ফলে মেধাবীরা সরকারি চাকরিতে আসছে না। এ জন্য বেতন-ভাতা বাড়াতে হবে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর সমান না হলেও সামঞ্জস্য বিধান করতে হবে।প্রথম আলো  প্রশাসনিক সংস্কার একটি বহু উচ্চারিত বিষয়। এ জন্য বিভিন্ন সময়ে নানা কমিটি হয়েছে। সেসব কমিটি বা কমিশন নানা ধরনের সুপারিশ করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই সুপারিশগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না।আলী ইমাম মজুমদার  আমরা জানি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন পেশ হয়েছে, সুপারিশ এসেছে। কিন্তু রাজনৈতিক ধারাবাহিকতা না থাকায় এর বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। আর সংস্কার যাদের স্বার্থে আঘাত করে, তারাও সংস্কার-প্রক্রিয়াকে বাধা দিতে চায়। অনেক সময় প্রতিবেদন এত দেরিতে পাওয়া যায় যে কিছু কিছু বিষয় প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে।প্রথম আলো  এর আগে ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী লীগ ২০০০ সালে প্রশাসনিক সংস্কার কমিশন করেছিল। সেই কমিশনের সুপারিশ কি বর্তমান আওয়ামী লীগ সরকার মেনে চলছে?আলী ইমাম মজুমদার  এই প্রতিবেদন পাওয়ার পরপরই ক্ষমতার পালাবদল ঘটে। ফলে ছন্দপতন ঘটে। বর্তমানে তারা আবার ক্ষমতাসীন হয়েছে, কিন্তু সেই সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারেনি। অনেক ভালো সুপারিশ রয়েছে। আমি মনে করি, বর্তমান সরকারের উচিত বিগত সময়ে তাদের আমলে গঠিত কমিটির প্রতিবেদন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। কিছু দিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে থাকতে পারে। ফলে প্রতিবেদনটি আবার পর্যালোচনা করে দেখা যেতে পারে।প্রথম আলো  প্রধানমন্ত্রীর সচিবালয় এবং সেখানে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এতে সরকারের প্রশাসনিক কাজকর্মে দীর্ঘসূত্রতা বা বিলম্ব হয় বলে অনেকে মনে করেন। অনেকে প্রধানমন্ত্রীর সচিবালয় উঠিয়ে দেওয়ার পক্ষে। আপনার মত কী?আলী ইমাম মজুমদার  আমি মনে করি, প্রধানমন্ত্রীর সচিবালয় থাকা উচিত। ভারতেও রয়েছে। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে নথি সেখানে পাঠানো হয়, তার সব কটির সেখানে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। কিছু কিছু বিষয়—যেমন আইন, বিধি-প্রবিধি পরিবর্তন, বড় ধরনের ক্রয়, কোনো কাঠামোগত পরিবর্তন—এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুনর্মূল্যায়ন করা যেতে পারে। এর বাইরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া অন্যান্য নথি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সরাসরি তাঁর কাছে পেশ করা যায়। এতে দীর্ঘসূত্রতার অভিযোগ কমে যাবে। কারণ, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে নথিগুলো আসে, তাতে সচিব ও মন্ত্রীর স্বাক্ষর থাকে, তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করেই স্বাক্ষর করেন। সেগুলো সব আবার পরিচালক পর্যায় থেকে পুনঃপরীক্ষার প্রয়োজন নেই।প্রথম আলো  আমরা দেখে আসছি, প্রতিটি সরকার ক্ষমতায় এসে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার নামে অনেক সরকারি কর্মকর্তাকে ওএসডি বানিয়ে কর্মহীন করে রাখে। তাঁদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয়। বিষয়টি কি আদৌ গ্রহণযোগ্য? প্রশাসনে ওএসডি সমস্যার সমাধান কী?আলী ইমাম মজুমদার  সরকারি কর্মকর্তাদের ওএসডি করার সুনির্দিষ্ট কারণ রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা যদি তিন মাসের বেশি সময় বিদেশে প্রশিক্ষণের জন্য মনোনীত হন, তখন তাঁদের ওএসডি করা হয় চাকরির ধারাবাহিকতা রক্ষা ও বেতন দেওয়ার সুবিধার্থে। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে পদোন্নতির পর দেখা যায়, শূন্যপদের চেয়ে বেশিসংখ্যক কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তখন পদায়ন না হওয়া পর্যন্ত অনেক কর্মকর্তাকে ওএসডি হিসেবে রাখা হয়। এর বাইরে ভিন্ন কোনো কারণে ওএসডি করা সমর্থনযোগ্য নয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ওএসডির সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়টিও কমে এসেছে।প্রথম আলো  তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রশাসন চালানোর অভিজ্ঞতা—তখনো অনেক বদলি করতে হয়েছে। তখন কী নীতি নিয়েছিলেন?আলী ইমাম মজুমদার  আমি কাজ করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর সহায়তা পেয়েছি। সামরিক বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও সহায়তা করেছেন। সহকর্মীদের কাছ থেকেও সহায়তা পেয়েছি। শুরুতেই দেখার চেষ্টা করেছি যে প্রশাসনে কারা সুবিধাভোগী আর কারা বঞ্চিত। সুবিধাভোগীদের সুবিধা প্রায় অক্ষুণ্ন রেখে বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের আমরা ক্রমান্বয়ে পদোন্নতি দেওয়ার চেষ্টা করেছি। এসব ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলেও আমরা প্রায় সব ক্ষেত্রে সরকারপ্রধানের সহায়তায় সে বাধা অগ্রাহ্য করতে পেরেছি। সচিব পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নিতেন। তিনি প্রায় সবাইকেই চিনতেন, তাঁদের কার্যক্ষমতা সম্পর্কেও ধারণা ছিল। সরকার পরিবর্তন ঘটলেও সে সময় জনপ্রশাসনে ব্যাপক রদবদল আমরা করিনি। এমনকি জেলা প্রশাসক পদেও যাঁরা আগে থেকে কর্মরত ছিলেন, তাঁরা তাঁদের কার্যকাল শেষ করে আসতে পেরেছেন।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।আলী ইমাম মজুমদার  ধন্যবাদ।