সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যে বিশেষ ভূমিকা পালনের সুযোগ রয়েছে, এটি সর্বজনবিদিত। দেশের বিরাজমান সংকটাপন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনের পর এই প্রথম বিএনপির একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। এর আগেও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদল খালেদা জিয়ার বার্তা নিয়ে সেখানে গিয়েছিল। এটা স্বস্তির বিষয় যে দীর্ঘ বিরতির পরে বিএনপি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে সংলাপে গেছে। তারা তাদের দলীয় কার্যালয় খোলা ও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে।
আমরা আশা করব, ইসি এই দুটি দাবিসহ অন্যান্য দাবি যাচাই ও তা মূল্যায়নে যতটা সম্ভব উদারনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়ার বিষয়টি হয়তো ইসির এখতিয়ারে পড়ে না, এই যুক্তিতে তারা তা এড়িয়ে যেতে পারে। কিন্তু আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ধারণার সঙ্গে বিএনপির কার্যালয় তালাবদ্ধ করার সম্পর্ক বাস্তবে অস্বীকার করা চলে না। ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতিক্রমী পদক্ষেপ দাবি করে। প্রতিবেশী দেশের ইসি অনেক সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নের সুরাহা করেছে। অনেক জটিল রাজনৈতিক সমস্যার সমাধানে ইসি সিদ্ধান্ত দিয়েছে আর দেশটির সুপ্রিম কোর্টে তা সমর্থিত হয়েছে। সুতরাং, ইসিকে উঁচু পর্যায়ের নৈতিক মনোবল প্রদর্শন করতে হবে।
দলীয় কার্যালয়ের তালা খোলার অনুরোধ সরকারকে জানাতে বিএনপি যে অনুরোধ করেছে, তাতে ইসি সাড়া দিতে পারে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে ইসির অনুরোধ সরকার রাখেনি। কিন্তু জনগণ ইসির প্রতি সন্তুষ্ট থেকেছে এই বিবেচনায় যে তারা তাদের দায়িত্ব পালন করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ইসি তার নিকট অতীতের এ দৃষ্টান্ত মনে রাখতে পারে।
ইসি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তা সংকট প্রশমিত করতে পারে। মধ্যস্থতাকারীর নয়, তার পক্ষে কিছুটা হলেও সহায়তাকারীর ভূমিকা রাখা সম্ভব।