নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা শুধু ভোটার তালিকা হালনাগাদকরণ ও সীমানা পুনর্বিন্যাসের মধ্যে সীমিত থাকতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই দুটি কাজের বাইরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি আর কী ধরনের বিধি-ব্যবস্থার প্রবর্তন বা পরিবর্তনের কথা ভাবছে, তা স্পষ্ট নয়। সুশীল সমাজের সঙ্গে বৈঠকের পরও তা অস্পষ্ট থেকে গেছে।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর কয়েকটি মন্ত্রণালয় নির্বাচনকালে ইসির নিয়ন্ত্রণে রাখার একটি প্রস্তাব করা হয়। কিন্তু বর্তমান কমিশন বিকল্প ব্যবস্থার সুপারিশ ছাড়াই এ টি এম শামসুল হুদা কমিশনের ওই প্রস্তাব নাকচ করে দেয়। অথচ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায়ে অনুরূপ প্রস্তাবের পুনরাবৃত্তি লক্ষ করা যায়। বিচারপতি এ বি এম খায়রুল হক নির্বাচনকালে নির্বাচনসংশ্লিষ্ট জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখতে সুপারিশ করেছেন।বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে সাড়া দিতে ব্যর্থ হলেও আইন ও বিচারমন্ত্রী শফিক আহমেদ এ প্রস্তাব মেনে নিয়েছেন। সুতরাং নির্বাচন কমিশন নির্বাচনকালে ঠিক কী উপায়ে নির্বাচনসংশ্লিষ্ট জনপ্রশাসনকে নিয়ন্ত্রণে রাখবে কিংবা তারা আদৌ সংখ্যাগরিষ্ঠ বিচারকের সুপারিশ ও সরকারের মনোভাবকে কীভাবে দেখে, তা জানা আবশ্যক। তাদের নীরবতা ও নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ বহাল রেখে মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলে কমিশন তাতে সম্মত ছিল বলেই প্রতীয়মান হয়। এখন আবার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের সরকারি ঘোষণায়ও ইসি সমস্যা দেখছে না। বরং সরকার আগাম নির্বাচন দিলে বা না দিলে উভয় ক্ষেত্রে তাদের তা মেনে নিতে অসুবিধা হবে না বলেই ধারণা দেওয়া হচ্ছে। ফলে আমরা উদ্বেগ ও অস্বস্তির সঙ্গে লক্ষ করছি যে নিজের স্বতন্ত্র সত্তা প্রতিষ্ঠায় ইসি সক্ষমতার পরিচয় দিচ্ছে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংবিধানে পুনঃপ্রবর্তন ঘটায় সংস্থাটির ভূমিকা যেখানে অনেক বেশি উদ্যোগী ও বলিষ্ঠ হওয়ার কথা, সেখানে তারা অত্যন্ত শিথিল এবং শম্বুক গতিতে চলার মনোভাব দেখাচ্ছে।সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সরকারের নির্দিষ্ট করে দেওয়া নয়, আইনের নির্দিষ্ট করে দেওয়া সময়ে তাঁরা সাধারণ নির্বাচন করবেন। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে, সংবিধান আগাম নির্বাচনের সুযোগ রাখেনি। নির্দিষ্ট মেয়াদের আগে অনাস্থা প্রস্তাব ছাড়া সংসদ ভেঙে দেওয়ার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা সৃষ্টি হওয়ারও কারণ নেই। সুতরাং সরকারের সঙ্গে সুর মিলিয়ে চলার বর্তমান অবস্থান থেকে ইসিকে বেরিয়ে আসতে হবে। এ কাজে ব্যর্থ হলে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করতে সক্ষম, জনমনে তার বিপরীত ধারণই বদ্ধমূল হবে।