কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের জন্য যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বড় চ্যালেঞ্জ ছিল, সে বিষয়ে সন্দেহ নেই। ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর এই কমিশন কয়েকটি ছোটখাটো নির্বাচন করলেও এটিই ছিল প্রকৃতপক্ষে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এ কারণে কেবল কুমিল্লাবাসীর নয়, সারা দেশের মানুষের আগ্রহ ও কৌতূহল ছিল এই নির্বাচনের প্রতি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির মধ্যে টান টান উত্তেজনা থাকলেও নির্বাচনের পর সেখানে স্বাভাবিক পরিবেশই বিরাজ করছে, এটি স্বস্তির কথা। জয়ী ও বিজিত উভয় পক্ষ নির্বাচনী ফলাফল মেনে নিয়েছে। আমাদের অস্থির ও বৈরী রাজনৈতিক পরিবেশে এটি ইতিবাচক ঘটনা বলে মনে করি।
বিগত নির্বাচন কমিশনের আমলে নিকট অতীতে অনুষ্ঠিত প্রায় সব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ (ব্যতিক্রম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন)। ভোট জালিয়াতির পাশাপাশি অনেক নির্বাচন শেষ হয়েছে সংঘাত-সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে। ফলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না, সে নিয়ে জনমনে সংশয় ছিল। কিন্তু নির্বাচন কমিশন কিছু বিচ্যুতি-অঘটন সত্ত্বেও নির্বাচনটি গ্রহণযোগ্য করতে পেরেছে। এটি সম্ভব হয়েছে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রয়াসে। এ জন্য তাঁরা ধন্যবাদ পেতেই পারেন।
তবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের এই ‘সাফল্যে’ কমিশনের আহ্লাদিত হওয়ার সুযোগ নেই। তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ হলো একটি জাতীয় নির্বাচন করা। তার আগেও বেশ কিছু নির্বাচন হবে। সে ক্ষেত্রে কুমিল্লায় যেসব বিচ্যুতি ঘটেছে, সেগুলো তাদের কাটিয়ে উঠতে হবে। যেসব কেন্দ্রে অনিয়মের তথ্য গণমাধ্যমে এসেছে, সেগুলোর তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে শুরু থেকেই আরও দৃঢ় হতে হবে। আগের কমিশনের মতো সমস্যা আড়াল করে নয়, সমস্যা চিহ্নিত করে দ্রুত তার সমাধান বের করতে হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। সেই সঙ্গে এ কথাও স্মরণ করিয়ে দিতে চাই, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, দায়িত্ব নেওয়ার পর তা ভুলে যাবেন না আশা করি।