নির্বাচন কমিশনকে দৃঢ়তার পরিচয় দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু এমন ঘটনা সত্যিই ঘটেছে। গত মঙ্গলবার চট্টগ্রামের কাথারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটযুদ্ধ চলার সময়। আক্ষরিক অর্থেই যুদ্ধ বেধে গিয়েছিল দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে। আর আগ্নেয়াস্ত্রের ব্যবহারসহ সেই যুদ্ধ চেয়ে চেয়ে দেখেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাথারিয়ায় গুলিবিদ্ধ হয়েছে ১০ বছরের এক মেয়েশিশু। বাঁশখালীর আরও দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে আরও চারজন। ভোটকেন্দ্র দখলের প্রতিযোগিতায় এসব সহিংস তাণ্ডবে পুলিশের নিষ্ক্রিয়তার কারণ কি এই ছিল যে গোলাগুলিতে যাঁরা লিপ্ত হয়েছিলেন, তাঁদের উভয় পক্ষই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন? ক্ষমতাসীন হলেই কি কেউ আইনের ঊর্ধ্বে উঠে যায়? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব দেখেও না দেখার ভান করতে হয়?

নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ভোটারসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের ওপর। স্থানীয় প্রশাসন ও পুলিশ নির্বাচন কমিশনের অধীনেই কাজ করে। এই বিবেচনায় মঙ্গলবারের বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকালে এক শিশুসহ পাঁচ ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম বলেছেন, কাথারিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছে ভোটকেন্দ্র থেকে অনেক দূরে। তাঁর এই বক্তব্যের অর্থ কী? ভোটকেন্দ্র থেকে দূরে হলেই কি সে জায়গা দেশের আইন-কানুনের বাইরে চলে যায়? সেখানে যা ইচ্ছা তা-ই করা যায়?

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এই ব্যর্থতা নবগঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর এ ধরনের নির্বাচনী সহিংসতা হতাশাজনক। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশন দায়িত্বশীলতা ও দৃঢ়তার পরিচয় দেবে, এটাই প্রত্যাশিত।