২০১১ সালে যখন ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) উত্তর ও দক্ষিণে ভাগ করে দুজন প্রশাসক বসানো হয়েছিল, সরকার তখন সেটিকে সাময়িক বলে দাবি করলেও তিন বছরের বেশি সময় ধরে সেই ব্যবস্থাই বহাল আছে। গতকাল সোমবার প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সরকার শিগগিরই ডিসিসি নির্বাচনের কথা ভাবছে না। বরং ফের প্রশাসকদের মেয়াদ বাড়াতে যাচ্ছে।
আরও উদ্বেগের বিষয় হলো, এত দিন সরকারি কর্মকর্তাদের দিয়ে এই পদ পূরণ করা হলেও এখন দলীয় নেতাদের বসানোর চিন্তাভাবনা চলছে। সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার আগেই জেলা পরিষদগুলোয় দলীয় লোকদের বসিয়েছে। সরকারের এসব উদ্যোগ কেবল অগণতান্ত্রিকই নয়, সংবিধানের মৌল চেতনারও পরিপন্থী। সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সব স্থানীয় সরকার সংস্থা নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে।
অবিভক্ত ডিসিসিতে সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালে। ২০০৭ সালে মেয়াদ শেষ হলেও সাত বছর ধরে পূর্বাপর সরকার নানা কৌশলে ডিসিসির নির্বাচন ঝুলিয়ে রেখেছে। শুরুতে আদালতের দোহাই দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৩ সালের ১৩ মে আদালত জানিয়ে দিয়েছেন, ডিসিসি নির্বাচন করতে বাধা নেই।
জনমনে ধারণা আছে যে মেয়র পদে দলীয় প্রার্থীর বিজয়ের ব্যাপারে নিশ্চিত না হওয়ার কারণেই সরকার ডিসিসি নির্বাচন নিয়ে টালবাহানা করছে। চলতি অর্থবছরের বাজেটে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হলেও ডিসিসিতে কোনো বরাদ্দ না রাখা এই ধারণাকে আরও পোক্ত করেছে। সরকার আর কত দিন ডিসিসির নির্বাচন ঠেকিয়ে রাখতে চায়?
এ ব্যাপারে একজন নির্বাচন কমিশনার স্থানীয় সরকারের অনুরোধপত্র পাঠানোর আগে তাঁদের কিছু করার নেই বলে যে যুক্তি দেখিয়েছেন, তা পুরোপুরি অগ্রহণযোগ্য। ইসির দায়িত্ব নির্বাচন করা। নির্বাচন বন্ধে সরকারের কূটকৌশলে সহায়তা করা নয়। প্রশাসক নিয়োগের যে আইন সরকার অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে, সেটি গণতন্ত্র ও সংবিধানের মৌল ধারার পরিপন্থী। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন কেন এই আইনকে চ্যালেঞ্জ করছে না?